সেতুর সুরক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষক ও ভক্ষকে কী দারুণ সমঝোতা! ডেমরায় বুড়িগঙ্গার ওপর সুলতানা কামাল সেতুর নিচের নদীর পাড়ের অংশ অবৈধ বালু ব্যবসার ডেরা হয়ে উঠেছিল। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গত ১৬ আগস্ট বিআইডব্লিউটিএ অভিযান চালায়। প্রায় দুই একর জায়গা থেকে বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করে সেখানে শ খানেক গাছের চারা লাগিয়ে দেয়। কিন্তু এক মাস যেতে না-যেতেই অধিকাংশ চারা উধাও এবং ট্রাকের আনাগোনাসহ বালু ব্যবসা পুরোদমে হাজির। পরিণতিহীন এমন উচ্ছেদ অভিযানের উদ্দেশ্যই বা কী, এভাবে শ্রম ও অর্থের অপচয়ই বা কেন?
আবার দখল, এবার চারা গাছ কেটে রাস্তানদী দখল প্রতিরোধ ও নদীর তীর সংরক্ষণে মাঝেমধ্যেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উদ্যোগ নেয়। সেসব খবর গণমাধ্যমে আসে এবং ‘কাজ হচ্ছে’ ভেবে অনেকেই আশ্বস্ত হন। কিন্তু এসব কার্যক্রম অনেক ক্ষেত্রেই বজ্র আঁটুনি ফসকা গেরো হয়ে ওঠে। ডেমরায় সুলতানা কামাল সেতুর নিচে কেবল বালুর আড়তই বসানো হয়নি, সেতুর স্তম্ভের ক্ষতি করে এবং সেতুকে ঝুঁকিতে ফেলে বালু ব্যবসা চলে আসছে।
ঢাকার তুরাগ, শীতলক্ষ্যা, মেঘনা নদীর বিভিন্ন সেতুর তলা ও নদীর তীর মোটামুটি বালু ব্যবসার আড়তে পরিণত হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রচ্ছায়ায় এসব চলে বলে প্রশাসনও নির্বিকার। বেশির ভাগ ক্ষেত্রেই উচ্ছেদের নামে তাঁরা আসলে মানুষের চোখে ধুলা দেন। অভিযান চলে এবং কিছুদিন বিরতি দিয়ে দখলদারেরা ফিরে আসেন। এভাবেই আমিনবাজারের কাছে, টঙ্গী ও আশুলিয়ায় তুরাগ নদের অনেক জায়গা স্থায়ীভাবে দখল হয়ে গেছে। বুড়িগঙ্গার তীর সংরক্ষণের উদ্যোগও সম্পূর্ণ ফলপ্রসূ হয়নি।
দেশময়ই বালু ব্যবসার স্বার্থে নদী, নদীর বাঁধ, চর, সেতুর ক্ষতি করা হচ্ছে। জলমহাল ও বালুমহাল আইন রয়েছে, রয়েছে পরিবেশ সংরক্ষণের আইন। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো আন্তরিক ও সাহসী কাউকে পাওয়া যায় না। সরকারের উচ্চমহল থেকে বাধা না এলে এসব অভিযান নিষ্ফল হতে বাধ্য। আমরা তাই তাদের সুনজরই দাবি করছি।