সেনাবাহিনীর ‘দায়িত্ব’ ও ‘কর্তব্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোববার বগুড়ায় এক সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সেনাবাহিনীর দায়িত্ব প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, তা এককথায় দায়িত্বজ্ঞানহীন। গণতান্ত্রিক রাজনীতির সঙ্গেও এ বক্তব্য সংগতিপূর্ণ নয়।খালেদা জিয়া তাঁর বক্তব্যে সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন, ‘সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। মানুষ খুন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে? কাজেই সেনাবাহিনী সময়মতোই তাদের দায়িত্ব পালন করবে।’ দেশের প্রতি সেনাবাহিনীর কর্তব্য ও দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্ট। অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে ‘দায়িত্ব’ বা ‘কর্তব্য’ পালনের সুযোগ সেনাবাহিনীর নেই। অতীতে সেনাবাহিনী এ ধরনের ‘দায়িত্ব’ পালন করলেও সংবিধানের দৃষ্টিতে তা অবৈধ। এ ব্যাপারে সর্বোচ্চ আদালতের রায়ও আছে। খালেদা জিয়ার বক্তব্য সে কারণেই সংবিধানবিরোধী ও উসকানিমূলক। বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক সহিংসতার জন্য সরকারকে অভিযুক্ত করলেও যে রাজনৈতিক দলটি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে তার সম্পর্কে একটি কথাও বলেননি। এ কথা ঠিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার প্রয়োজনে সেনাবাহিনী তলব করতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। সেনাবাহিনীর স্বউদ্যোগে কিছু করার সুযোগ নেই। তাই, দেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে সেনাবাহিনীর প্রতি এ ধরনের সরাসরি ‘দায়িত্ব’ পালনের আহ্বান খুবই উদ্বেগজনক।জনসভায় দেওয়া খালেদা জিয়ার বক্তব্যকে যদি নিছক ‘রাজনৈতিক’ হিসেবে ধরে নেওয়া হয়, তাতেও জনগণের শক্তির প্রতি তাঁর অনাস্থাই প্রকাশ পেয়েছে। যেকোনো গণতান্ত্রিক দলের মূল শক্তি জনগণ। সরকারের যেকোনো অগ্রহণযোগ্য আচরণের জবাব একটি গণতান্ত্রিক দলকে জনশক্তির ওপর ভর করেই দিতে হবে। অন্যথায় জনগণই সকল ক্ষমতার উৎস—এটা শুধুই বাগাড়ম্বরে পরিণত হবে। বিরোধীদলীয় নেতা কি সেটাই চান? খালেদা জিয়া বগুড়ায় যে বক্তব্য দিয়েছেন, তা দেশের সেনাবাহিনীর জন্যও বিব্রতকর বলে মনে করি। কারণ, সরকার ও বিরোধী দলের রাজনৈতিক বিবাদে সেনাবাহিনীকে জড়ানোর চেষ্টা এই জাতীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করারই নামান্তর।বিরোধীদলীয় নেতা ভবিষ্যতে বক্তৃতা-বিবৃতির ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেবেন—সেটাই আমাদের প্রত্যাশা।