বাংলাদেশের সব অঞ্চল থেকে শ্রমিকেরা বিদেশে যান। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাঁদের ঢাকা আসা-যাওয়া করতে হয়। এখন থেকে চট্টগ্রামের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় থেকেই সেখানকার অভিবাসনে ইচ্ছুক শ্রমিকদের বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড দেওয়া হবে। পাশাপাশি বিদেশে অবস্থানকারী কোনো শ্রমিকের কাছে তাঁর স্ত্রী-সন্তান ও বাবা-মা যেতে চাইলে যে অনাপত্তিপত্রের প্রয়োজন হয়, তারও ব্যবস্থা হবে চট্টগ্রাম থেকেই। দুটি পদক্ষেপই হাজারো অভিবাসনমুখী ব্যক্তির অনেক ভোগান্তি ও খরচ কমিয়ে দেবে। এ জন্য চট্টগ্রামের লোকজনকে ঢাকায় বিএমইটি কার্যালয়ে দৌড়াতে হবে না। এ জন্য জনশক্তি ও কর্মসংস্থান দপ্তর ধন্যবাদ পাবেন। এই সুবিধা ক্রমেই দেশের অভিবাসনপ্রবণ অন্যান্য এলাকায়ও সম্প্রসারিত হওয়া দরকার।
অভিবাসনপ্রত্যাশী শ্রমিক, বায়রা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অ্যাডভোকেসি সংগঠনগুলো অনেক দিন থেকেই জেলা পর্যায়ে বহির্গমনের আনুষঙ্গিক দাপ্তরিক কাজ সম্পন্ন করার সুযোগ দাবি করে আসছিল। চট্টগ্রামে এই সুবিধা চালু করা তার প্রথম পদক্ষেপ। জানা গেছে, দেশের যেসব জেলা থেকে বেশি শ্রমিক বিদেশে যান, পর্যায়ক্রমে সেসব জেলায়ও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
বিদেশে যেতে হলে বহির্গমন অনুমতিপত্র, শ্রমিকের যাবতীয় তথ্য ও ছবিসংবলিত স্মার্ট কার্ডসহ আনুষঙ্গিক কাগজপত্র তৈরিতে জনশক্তি রপ্তানিকারক বা দালালদের দ্বারস্থ হতে হয়। বাড়তি খরচের পাশাপাশি এতে করে প্রতারণার শিকারও হতেন অনেক শ্রমিক। যে প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে আসছেন, তাঁদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করা সরকারের কর্তব্য। আমরা আশা করব, দ্রুততার সঙ্গে অভিবাসপ্রবণ জেলাগুলোতেও তাঁদের সার্বিক সেবা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।