পদ্মা ও মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে শুক্রবার মানববন্ধন করেছেন ভাঙনের শিকার চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দারা। এটাই তাঁদের প্রথম প্রতিবাদ নয় এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ঘটনাও এই দুই নদীতে সীমিত নয়। বালুখেকোরা যেখানে সুযোগ পান, নদী থেকে যথেচ্ছভাবে বালু তুলে নেন। ফলে নদীগুলো ভয়াবহ ভাঙনের কবলে পড়ে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়।
২ মার্চ প্রথম আলোয় ‘বালুখেকো চেয়ারম্যান তিনি’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, চাঁদপুর শহরের বড় স্টেশন থেকে মেঘনা নদী পেরিয়ে পদ্মার পেটে, রাজরাজেশ্বর এলাকায় ডুবোচর আছে। প্রায় আট বছর ধরে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে আইনকানুনের তোয়াক্কা না করে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান। দুই শতাধিক ড্রেজার দিয়ে ২৪ ঘণ্টা ধরে এ কাজ করে চলেছেন তাঁর লোকেরা। ছোট ও বড় প্রতিটি ড্রেজার দিয়ে দিনে ২০ থেকে ৪০ হাজার ঘনফুট বালু ও মাটি তোলা হচ্ছে। ড্রেজার ও বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি জানিয়েছেন, পদ্মা ও মেঘনা নদী থেকে তোলা বালু বর্তমানে প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন টাকা। আড়াই টাকা হিসাবে দুই নদী থেকে দিনে এক কোটি টাকার বালু বিক্রি হচ্ছে। এ হিসাবে মাসে বালু বিক্রি হচ্ছে ৩০ কোটি টাকার; বছরে যার পরিমাণ দাঁড়ায় ৩৬০ কোটি টাকা।
জেলা প্রশাসন জানিয়েছে, নদী থেকে বালু উত্তোলনের যে নিয়মরীতি আছে, তা-ও মানছেন না সেলিম খান। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ইউপি চেয়ারম্যান। পরিবেশ অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের ভাষ্য, স্বেচ্ছাচারীভাবে বালু তোলার কারণে চাঁদপুর শহর রক্ষা বাঁধের কয়েকটি স্থান দেবে গেছে। ভেঙে পড়ছে নদীর তীরও। ঝুঁকির মুখে পড়েছে ইলিশের প্রজনন।
পত্রিকায় খবর প্রকাশের পর চাঁদপুরের নদী রক্ষা, মেঘনার ভাঙন প্রতিরোধ, ইলিশ সম্পদ রক্ষা ও যত্রতত্র অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এ সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহমুক্ত হওয়া যাচ্ছে না। প্রথমত, সেলিম খান প্রশাসনের নিষেধ সত্ত্বেও আদালতে মামলা ঠুকে বালু উত্তোলন করে যাচ্ছেন। দ্বিতীয়ত, তঁার পেছনে একজন প্রভাবশালী মন্ত্রী আছেন। মন্ত্রীর দাবি, এর মাধ্যমে সরকার প্রচুর রাজস্ব পায়। কিন্তু বাস্তবতা হলো, ২০১৫ সালের পর সেলিম খান সরকারকে একটি পয়সাও দেননি।
একজন ব্যক্তি সরকারের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এভাবে নদী ও জনজীবন ধ্বংস করবেন, তা হতে পারে না। কেবল বালু উত্তোলন বন্ধ করলেই হবে না, গত আট বছরে তিনি নদী, পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের যে ক্ষতি করেছেন, তার জন্য তাঁকে বিচার ও শাস্তির মুখোমুখি করতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণ আদায় করতে হবে তাঁর কাছ থেকে।
সেই সঙ্গে অন্য যেসব নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তা-ও বন্ধ করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি নদী কমিশনকেও এগিয়ে আসতে হবে। সেলিম খানদের ও বালুখেকোদের হাত থেকে নদীকে রক্ষা করতেই হবে।