সোনার কোটপিনে বরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে দলবদল যে সব সময় সাধু উদ্দেশ্যে হয় না, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদানের ঘটনা তার একটি অনুপম উদাহরণ হতে পারে। প্রথম আলো অনলাইনের খবর অনুযায়ী সেখানকার বিএনপির এক হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন, যার নেতৃত্বে ছিলেন চার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও বিএনপির নেতা আবুল বাশার, বদরুদ্দোজা আহমেদ ও জহিরুল হক।
গত সোমবার আড়াইহাজারের গোপালদি বাজার মাঠে ফুলের তোড়া ও সোনার তৈরি নৌকাকৃতির কোটপিন সাংসদ নজরুল ইসলামের হাতে তুলে দিয়ে আবুল বাশার ও তাঁর সহযোগীরা আওয়ামী লীগে নাম লিখিয়েছেন। দলবদলের সঙ্গে তিন ভরি ওজনের সোনার কোটপিনের সম্পর্ক না থাকলেও খুনের মামলা থেকে আত্মরক্ষার যোগসূত্র আছে। আজ যিনি সদলবলে আওয়ামী লীগের সাংসদের হাত ধরে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার শপথ নিলেন, বিএনপির আমলে তিনি সেই দলের সাংসদ আতাউর রহমানের খাস মুরিদ ছিলেন। ২০০২ সালের ১২ মার্চ সংঘটিত আওয়ামী লীগের চার কর্মী হত্যার প্রধান আসামিও তিনি।
সাংসদকে সোনার কোটপিন, চার খুনের আসামি আ.লীগেসাংসদ নজরুল ইসলামের দাবি, তিনি নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের ভোট বাড়ানোর জন্য বিএনপির নেতাদের দলে নিয়েছেন। তাই বলে চার খুনের মামলার আসামিদের? ভোট বাড়ানোর প্রকল্প বাস্তবায়নের জন্য সাংসদ তো নিজ দলের কর্মী খুনের মামলার নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে পারতেন।
এত দিন বিরোধী দলের নেতা-কর্মী খুনের মামলাগুলো ক্ষমতাসীনেরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে যথেচ্ছ প্রত্যাহার করে নিয়েছেন। এখন খোদ আওয়ামী লীগের কর্মী খুনের মামলার আসামিদেরই সাদরে বরণ করে নিচ্ছেন দলের নেতা-সাংসদেরা। তাহলে বিচারের কী হবে? খুনের মামলার এজাহারভুক্ত আসামিরা আওয়ামী লীগে যোগদানেরও পর যে মামলাটি নিজস্ব গতিতে চলবে, সেই নিশ্চয়তা িক তাঁরা দিতে পারবেন? এ ব্যাপারে আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা দাবি করা নিশ্চয়ই অযৌক্তিক হবে না।