পাটের সুদিন ফেরার সব লক্ষণই উপস্থিত। পাট উৎপাদন এবার ভালো হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্য পাট জাগ দেওয়ার মতো পর্যাপ্ত পানিও গ্রামদেশে মিলছে। স্থানীয় বাজারেও পাটের দাম গত বছরের চেয়ে বেশি পাচ্ছেন কৃষক। এখন দরকার বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে এই সুযোগ কাজে লাগিয়ে পাট খাতের অতীতের সুদিন ফিরিয়ে আনার আন্তরিক চেষ্টা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এ বছর লক্ষ্যমাত্রা ছাপিয়ে পাটের চাষ হয়েছে আট লাখ একরের বেশি জমিতে। ফলনও হয়েছে ভালো। কৃষক উপযুক্ত মূল্য না পাওয়ায় ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাটের উৎপাদন ক্রমাগত কমছিল। তা ছাড়া পাটকলগুলোর একটা অংশও ছিল বন্ধ। এদিকে বিজেএমসি বেশ কয়েকটি নতুন পাটকল চালু করেছে, বেসরকারি খাতেও চলছে অনেক পাটকল। আন্তর্জাতিক বাজারেও বেড়েছে পাটের চাহিদা। বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জিনের নকশা আবিষ্কারসহ নতুন প্রজাতির পাটের জাত কৃষকের হাতে তুলে দিয়েছেন। এবং সব থেকে বড় হলো বাংলাদেশের পাটচাষিদের অক্লান্ত শ্রম। গত বছরের চেয়ে এবার তাই ২০ শতাংশ বেশি পাট রপ্তানি হতে পেরেছে। শনিবারের প্রথম আলোর সংবাদ তাই যথার্থভাবেই সোনালি আঁশের সুদিনের লক্ষণগুলো তুলে ধরেছে।
এ বছরের গোড়াতেই পাস হয়েছে পাট আইন ২০১৬। এই আইন অনুযায়ী সরকার ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনিসংশ্লিষ্ট সব ক্ষেত্রে পাটজাত পণ্য ব্যবহার বাধ্যতামূলক করেছে। পাটজাত দ্রব্যের ব্যবহার আরও ছড়িয়ে দিতে বস্ত্র ও সুতা (স্পিনিং) খাতেও পাটের ব্যবহার নিশ্চিত করতে হবে। বস্ত্র ও সুতা খাতে পাটের মোড়কের পাশাপাশি পাটজাত উন্নত সুতা উদ্ভাবন ও উৎপাদনে মনোযোগ দিতে হবে।
পাটচাষি ও পাটকলশ্রমিক যেন এই সুদিনের প্রধান ভাগীদার হন তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাট খাতে সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানো না গেলে সকলই গরল ভেল হয়ে যেতে পারে।