আবার সৌদি আরবে যাবেন বাংলাদেশের কর্মীরা এবং তা হবে আগের থেকে কম খরচে। ছয় বছর আগে সৌদি সরকার বাংলাদেশিদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি সৌদি রাজকীয় সভায় ছয় বছর আগের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ভবিষ্যতেও যেন দেশটি বাংলাদেশের অভিবাসী কর্মী ও পেশাজীবীদের প্রধান কর্মস্থল হিসেবে থাকে, তা নিশ্চিত রাখার সব বন্দোবস্ত বাংলাদেশেরই করে যাওয়া উচিত।
২০০৮ সালে সৌদি সরকার বাংলাদেশিদের জন্য সে দেশের কর্মের বাজার বন্ধ করে দেয়। একশ্রেণির প্রবাসী বাংলাদেশির সেখানে গিয়ে অপরাধ করে বসা, কাজ পেতে নকল পাসপোর্ট ব্যবহার করাসহ বিভিন্ন কারণে সৌদি সরকার বাংলাদেশিদের ওপর রুষ্ট হয়। অনেক বাংলাদেশিও সৌদি সংস্কৃতি ও আইনি কাঠামোয় মানিয়ে নিতে ব্যর্থ হন। এসবেরই পরিণতি হলো সৌদি সরকারের ওই নিষেধাজ্ঞা।
সৌদি শ্রমবাজার খোলার সুখবর, এ মাসেই আসছে প্রতিনিধিদলএরপর অব্যাহতভাবে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে সৌদি দূতাবাসের মাধ্যমে সৌদি প্রশাসনের বিরূপতা কমানোর চেষ্টা হয়। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সৌদি আরব সফর করে বাংলাদেশিদের সাধারণ ক্ষমা এবং কর্মসংস্থানের সুযোগ পুনর্বহালের চেষ্টা চালান। এ ব্যাপারে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের ভূমিকাও উপেক্ষা করার নয়।
প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরবে সুযোগ হারিয়ে কেবল বায়রাই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। নতুন এ সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করায় প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কতগুলো ব্যবস্থা নিতে হবে। যোগ্য ও বাংলাদেশি কর্মীদের বাছাইয়ের মাধ্যমে প্রশিক্ষিত করে পাঠাতে হবে। ইকামা বা কর্মের অনুমোদনপত্র হস্তান্তরে সতর্কতা চাই। তা ছাড়া, সৌদি আরবে বাংলাদেশিদের জন্য পরামর্শ ও সহযোগিতার ব্যবস্থা বাড়াতে হবে। এ ব্যাপারে এনজিওগুলোকে কাজে লাগানো যেতে পারে। অবহেলার খেসারত যেন আরেক দফা দিতে না হয়।