সৌদি আরবে গৃহকর্মী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরাদরিতে সৌদি আরব রাজি না হওয়ায় অপেক্ষাকৃত কম বেতনেই বাংলাদেশ গৃহকর্মীদের চাকরিতে পাঠাতে রাজি হয়েছে। সৌদি নিয়োগকর্তারা থাকা-খাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা দেবেন, আর বেতন দেবেন ১৬ হাজার ৮০০ টাকা। আগে ধারণা দেওয়া হয়েছিল, বেতন ২৫ থেকে সাড়ে ৩১ হাজার টাকা হবে। এখন কম বেতন হলেও যদি তাঁদের সম্মানজনক পরিবেশে চাকরি নিশ্চিত করা হয়, তাহলে হয়তো আপাতত কিছু গৃহকর্মীর উপকার হবে।
সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তা একটি বড় বিষয়। সৌদি শ্রম উপমন্ত্রী গৃহকর্মীদের অধিকারসহ অন্যান্য অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ সরকারেরও দায়িত্ব নিতে হবে। গৃহকর্মীদের একটি করে মোবাইল ফোন ও সিমকার্ড দিলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সব সময় যোগাযোগের সুযোগ থাকবে। নারী কর্মীদের বিদেশে পাঠানোর সময় মোবাইল ফোন দেওয়ার একটি উদ্যোগের কথা প্রবাসীকল্যাণমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন। এখন সেটা কার্যকর করতে হবে। নারী কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাসে একটি আলাদা সেল খোলা হলে নারী কর্মীরা উপকৃত হবেন।
৮০০ রিয়ালে নারী গৃহকর্মীযেহেতু কম বেতনে চাকরিতে যেতে হচ্ছে, তাই নারী কর্মীদের সৌদি আরবে চাকরিতে যোগদানের জন্য বাড়তি ব্যয় যেন না করতে হয়, তা নিশ্চিত করা দরকার। বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রত্যেক কর্মী পাঠানোর জন্য সৌদি নিয়োগকর্তার কাছ থেকে এক হাজার মার্কিন ডলার করে পাবে। তাই কর্মীদের সৌদি আরবে কাজে যোগদানের জন্য আর কোনো ব্যয় হওয়ার কথা নয়। সরকারকে দেখতে হবে প্রবাসে চাকরিতে যাওয়ার জন্য কর্মীদের কাছ থেকে কেউ যেন নানা অজুহাতে বাড়তি টাকা আদায় না করে।
গৃহকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। ফ্রিজ, টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন, বৈদ্যুতিক চুলা, ভ্যাকুয়াম ক্লিনার প্রভৃতি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শেখানো এবং সর্বোপরি আরবি ভাষার প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মী পাঠানো দরকার। একজন দক্ষ কর্মী সহজে তাঁর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।