সৌদি আরবে বাংলাদেশ থেকে সব ধরনের কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি নতুন নয়। গত বছর ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গৃহ খাতে নারী–পুরুষ মিলে লক্ষাধিক কর্মী সেখানে গিয়েছেন। এবার অন্যান্য খাতেও কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এই ঘোষণাকে আমাদের জন্য বড় খবর ও কূটনৈতিক সাফল্য বলে দাবি করেছেন। তবে বড় খবরটি কত দিন বড় থাকে, সেটিও বিবেচনার বিষয়। এর আগে মালয়েশিয়ায় লাখ লাখ লোক নেওয়া হবে বলে বড় খবর প্রচারিত হওয়ার পর দেখা গেল, তারা বিদেশি কর্মী নেওয়াই বন্ধ করে দিয়েছে।
সৌদি আরবে সেই আশঙ্কা না থাকলেও অন্য রকম সমস্যা আছে। প্রথমত, জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় দেশটি এখন অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। কাজের সুযোগ সংকুচিত হয়েছে এবং অনেকে ঠিকমতো বেতন পাচ্ছেন না—এমন অভিযোগও উঠছে। দ্বিতীয়ত, নারী কর্মীদের নিগ্রহের ঘটনা। শরিয়া আইন অনুযায়ী চলা একটি দেশে এ ধরনের নারী নিগ্রহের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যাঁরা যাবেন, সেখানে তাঁদের চাকরি ও মানবিক মর্যাদার নিশ্চয়তা তাঁরা পাবেন কি না—সেসবও ভেবে দেখা প্রয়োজন।
এ ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতা স্মারক সই করা যেতে পারে; যাতে কোন শ্রেণির কর্মী পাঠাতে কত টাকা লাগবে, কর্মীরা কত মজুরি পাবেন—সেটিও নির্দিষ্ট করা যেতে পারে। সৌদি আরবে শ্রমিকদের সংগঠন করার অধিকার নেই। কিন্তু তাঁরা তো সেখানে ন্যূনতম মানবিক মর্যাদা পেতে পারেন। একই সঙ্গে ঠগ-প্রতারক ও অসাধু আদম ব্যাপারীদের ব্যাপারেও সজাগ থাকতে হবে, যাতে সেখানে গিয়ে কোনো কর্মী প্রতারিত না হন।