সৈকতে সচিবদের গাড়িবহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে অনেক মানুষের একসঙ্গে হাঁটতেও মানা, সেই পথ ধরে ৫০ গাড়ির বহর! সরকারের সচিব আর হর্তাকর্তাদের গাড়ি বলে কথা! তাঁদের পাজেরোর চাকা আর যাই হোক পরিবেশ বা জীববৈচিত্র্য—এসবের ক্ষতি করতেই পারে না! আর সবচেয়ে বড় কথা, তাঁরা তো গেছেন ‘উন্নয়ন’-এর কাজে, তাঁদের জন্য সবই মাফ।
৯ সচিবসহ ১৩ জনের এক সরকারি প্রতিনিধিদল কক্সবাজার, টেকনাফ, মহেশখালীসহ এসব অঞ্চলের উন্নয়ন ও পর্যটনের নানা দিক দেখতে সেখানে গেছে। প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রয়েছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারকে পর্যটনসহ পরিকল্পিতভাবে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। সরকারের উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের সফরের লক্ষ্য ও উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার। শুক্রবার বিকেলে এই ১৩ জনের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় প্রশাসনের লোকজন ও জনপ্রতিনিধিসহ আরও শ খানেক লোক। ৫০টি গাড়ির বহর নিয়ে তাঁরা টেকনাফ সমুদ্রসৈকতে যেন এক মহড়াই দিলেন। এই গাড়িবহর চলল এমন সৈকত ধরে, যেখান দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ।
১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রসৈকতের পাশের এলাকা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে বিবেচিত। প্রথম আলোর প্রতিবেদন বলছে, ইসিএ অঞ্চল হওয়ায় সরকার কক্সবাজার ও টেকনাফ সমুদ্রসৈকত ধরে ২০০৮ সালে পর্যটন করপোরেশনের একটি হাঁটা উৎসব বাতিল করে পরিবেশ অধিদপ্তরের আপত্তির কারণে। সেখান দিয়েই সচিবদের গাড়িবহর দাপিয়ে বেড়াল! পরিবেশ অধিদপ্তরের সাধ্য কি তাঁদের ঠেকায়।
অধিদপ্তরের মহাপরিচালক বরং সাফাই গাইলেন, ‘পরিবেশ রক্ষা করে কীভাবে পর্যটন ও উন্নয়ন হতে পারে’ সেটা দেখাই নাকি সমুদ্রসৈকত ধরে গাড়িবহর অভিযানের লক্ষ্য। কিন্তু যাঁরা নিজেরাই পরিবেশের বারোটা বাজালেন, পরিবেশ সম্পর্কে যাঁদের ধারণা মাত্র এই পর্যায়ে, তাঁরা কীভাবে ‘পরিবেশ রক্ষা’ করে ‘উন্নয়ন’ নিশ্চিত করবেন? অবাক করার বিষয়, এই সচিববহরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবও ছিলেন।