রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির একটি অংশ ভরাট করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দখলের কবলে পড়ে সোনাদীঘি এখন মৃতপ্রায়।
প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রোপার্টিজের সঙ্গে ১৬ তলা সিটি সেন্টার নির্মাণের একটি চুক্তি করে রাজশাহী সিটি করপোরেশন। সেই অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সিটি সেন্টারসংলগ্ন সোনাদীঘির সংস্কার করে দেবে, এর পাড়ে একটি মসজিদ, হাঁটার পথ, অ্যাম্ফিথিয়েটার, তথ্যপ্রযুক্তি পাঠাগারও নির্মাণ করে দেবে। এ জন্য সোনাদীঘির পাড়ের দোকানঘরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হবে। ২০১৩ সালের ১৩ এপ্রিল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ভবনটি নির্মাণের অনুমোদন দেয়। শর্ত অনুযায়ী, অনুমোদন পাওয়ার তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। এক বছর আগেই সেই মেয়াদ শেষ হয়ে গেছে। এখনো সিটি সেন্টারের নির্মাণকাজ শেষ হয়নি। নতুন করে অনুমোদন নেওয়া ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে এনা প্রোপার্টিজ। এরই মধ্যে সোনাদীঘির একাংশ দখল করে অন্য একটি বিপণিকেন্দ্রের নির্মাণকাজ শুরু করা হয়েছে।
রাজশাহীর মানুষের সুপেয় পানির সংস্থানের জন্য প্রায় ১০০ বছর আগে সোনাদীঘি খনন করা হয়েছিল। এই সোনাদীঘি এত দিন রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আসছিল। এখন দখলের কবলে পড়ে বিপন্ন দশায়। এটা কোনোভাবেই কাম্য নয়। নিয়ম অনুযায়ী পৌরসভা বা সিটি করপোরেশন এলাকায় কোনো জলাধারের আকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। অথচ নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে সরকারি দিঘি ভরাট করে যেভাবে এনা প্রোপার্টিজ দখলে নিচ্ছে, এটা বিস্ময়ের ব্যাপার। এই দায় রাজশাহী সিটি করপোরেশনের ওপরও পড়ে।
এখন যে করেই হোক সোনাদীঘিকে দখলমুক্ত করে তার আগের চেহারা ফিরিয়ে দিতে হবে। রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিমধ্যে এ দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। এ জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।