সোনার ডিম দেওয়া হাঁসটিকে মেরে ফেলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার ডিম দেওয়া হাঁসের গল্প আপনাদের সবারই জানা আছে। প্রতিদিন একটি করে সোনার ডিম দিত হাঁসটি। লোভী কৃষক ভাবল না জানি ওর পেটে আরও কত ডিম লুকানো আছে। হাঁসটি মেরে দেখে তাতে কোনো ডিমই নেই। ফলে সে সোনার ডিম তো হারালই, হাঁসটিকেও হারাল। তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির জন্য ওই সোনার ডিম দেওয়া হাঁসের মতো। বাংলাদেশ যে এখন প্রতিবছর ৫-৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে, এই বিশ্বজোড়া মন্দাবস্থার সময়েও যে আমরা বেশ হেসেখেলে সময় কাটাতে পারছি, তার বড় কারণ ওই পোশাকশিল্প। কিন্তু আমার ভয় হচ্ছে, সোনার ডিম পাওয়ার লোভে আমরা হয়তো পুরো পোশাকশিল্পের গলা টিপে মেরে ফেলার পাঁয়তারায় রয়েছি। দেশের ভেতর সরকার বা মালিকপক্ষ কেউই ব্যাপারটি তেমন গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলে মনে হয় না। আমাদের পোশাকশিল্পে অব্যবস্থা ও শ্রম অধিকারের অব্যাহত অবনমনের কারণে বিশ্বের অনেক দেশে বাংলাদেশের তৈরি পোশাকের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে। এটা কোনো বিদেশি ষড়যন্ত্র নয়, নিজেদের ঘর সামলাতে আমাদের ব্যর্থতার ফল। এই সোনার ডিম দেওয়া হাঁসটি শেষ পর্যন্ত মারা গেলে নিজের আঙুল চিবানো ছাড়া খুব বেশি কিছু করার থাকবে না আমাদের। সম্প্রতি তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে ১১১ জন শ্রমিকের মৃত্যুর খবর বিশ্বের পত্রপত্রিকায় ঘটা করে ছাপা হয়েছে। সবার অভিযোগ, এমন সব পোশাক বিক্রি হচ্ছে, যার সুতোয় লেগে আছে অভুক্ত শ্রমিকের ঘাম ও নিহত শ্রমিকের রক্ত। চাপ আসছে ওয়াল-মার্ট ও সিয়ার্সের মতো বড় কোম্পানিগুলোর ওপর। যাতে তারা বাংলাদেশের সঙ্গে লেনদেন কমিয়ে ফেলে, অথবা সরবরাহকারীদের ওপর আরও শক্ত শর্তারোপ করে। সেসব শর্ত মেনে না চললে বাংলাদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে, এ কথাও বলা হচ্ছে। মার্কিন আইনপ্রণেতাদের নজরেও পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। এ বছর জুলাই মাসে কংগ্রেসের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক শুনানি অনুষ্ঠিত হয়। তাতে আলোচনার একটা বড় বিষয়ই ছিল পোশাকশিল্প। শ্রমিকনেতা আমিনুল ইসলামের গুম-হত্যা নিয়ে যে তীব্র সমালোচনা সেখানে হয়, তার জবাব দেওয়ার মতো কিছুই বাংলাদেশের ছিল না। এর আগে মে মাসে ঢাকা সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও আমিনুলের হত্যা নিয়ে তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার সমালোচনা করেছিলেন। আমাদের শ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের স্বার্থ নিয়ে দেখভাল করার কথা আমাদেরই। শ্রমিকদের মানবেতর জীবনমান ও কর্মাবস্থা, তার বিপরীতে কারখানার মালিকদের বাদশাহি জীবনযাপন থেকে বোঝা যায়, মালিকপক্ষ যতটা সম্ভব লেবু চিবিয়ে তার রস নেওয়ার অভ্যাস সহজে বদলাবে না। সরকারের তরফ থেকে মাঝেমধ্যে নরম-গরম দু-চারটি কথা শোনা যায় বটে, এর বেশি নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী পোশাকশিল্পের মালিকদের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন শ্রমিকদের বেতনের ব্যাপারে অধিক উদার হন। কিন্তু শুধু কথায় সেসব বাদশাহজাদারা যে খুব একটা নরম হবেন না, তা বলাই বাহুল্য। যে বিষয়টি না-সরকার, না-মালিকপক্ষ বুঝতে পারছে না যে কর্মক্ষেত্রে শ্রমিকদের বেতন ও নিরাপত্তার নিশ্চয়তা বিধানে কার্যকর ব্যবস্থা না নিলে বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা কয়েক মাস আগে সাবধানবাণী উচ্চারণ করে বলেছিলেন, অবস্থার উন্নতি না হলে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ কালিমালিপ্ত হবে। অন্য কথায়, পরিস্থিতি না বদলালে ‘মেড ইন বাংলাদেশ’ এই স্টিকার লাগানো কাপড় কেনার আগে লোকজন দুবার ভাববে। সমালোচনা কেবল বাংলাদেশ নিয়ে নয়, চীনের মতো দেশের বিরুদ্ধেও। বেতন ও কর্মক্ষেত্রের অব্যবস্থাপনার কারণে চীনে উৎপাদিত অ্যাপলের টপ ও আই-ফোন নিয়ে সমালোচনা হয়েছে। সে চাপের কারণে সম্প্রতি অ্যাপল ঘোষণা করেছে তাদের পণ্য আমেরিকায় উৎপাদনের জন্য একাধিক কারখানা এ দেশেই নির্মাণ করা হবে। সে জন্য কয়েক শ মিলিয়ন ডলারের ব্যয় বরাদ্দ কর্মসূচি তারা ইতিমধ্যেই হাতে নিয়েছে। গত দুই মাসে নিউইয়র্ক টাইমস পত্রিকা বাংলাদেশ নিয়ে পর পর কয়েকটি দীর্ঘ প্রতিবেদন ছেপেছে। তার প্রতিটিতে কমবেশি একই কথা বলা হয়েছে: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে মানবাধিকার লঙ্ঘিত অব্যাহত রয়েছে। সরকার ও মালিকপক্ষের মধ্যে গোপন আঁতাতের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। একই রকম প্রতিবেদন ছাপা হয়েছে প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এ। বাংলাদেশের পোশাকশিল্পের কথা বলা হলেও এসব প্রতিবেদনের আসল লক্ষ্য আমেরিকার বিভিন্ন রিটেইল ব্যবসায়ী, যারা বাংলাদেশ থেকে নামমাত্র মূল্যে তৈরি পোশাক আমদানি করছে। যেমন, ওয়াল-মার্ট একাই বাংলাদেশ থেকে বছরে এক বিলিয়ন ডলারের তৈরি পোশাকসামগ্রী ক্রয় করে থাকে। সামান্য কয়েক পেনিতে যে জামা বাংলাদেশ থেকে তারা কিনে আনে, তা এখানে বিকোয় ১০-১৫ ডলারে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তুলনায় বাংলাদেশে তৈরি গেঞ্জি বা সোয়েটারের মূল্য ৫০ শতাংশ কম। ভিয়েতনাম, যে দেশ পোশাকশিল্পে আমাদের ১ নম্বর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, তাদের তুলনায় বাংলাদেশে উৎপাদিত পশমি কাপড়ের দাম ১৭ শতাংশ কম। কম দামে পাওয়া যায় বলেই বিদেশিরা বাংলাদেশে ভিড় জমায়। এই কম দামের অর্থ শ্রমিকদের নিম্ন বেতন। বাংলাদেশ পোশাকশিল্পের শ্রমিকদের গড়পড়তা বেতন মাত্র ৩৭ ডলার, যা বিশ্বে নিম্নতম বেতনের একটি। শুধু বেতন কম তা-ই নয়, কর্মক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের পোশাকশিল্প। অপরাধটা শুধু আমাদের রক্তচোষা কারখানার মালিকদের নয়। যেসব বিদেশি কোম্পানি আমাদের তৈরি পোশাক আমদানি করে থাকে, তারা কর্মক্ষেত্রকে স্বাস্থ্যকর, পরিবেশসম্মত ও নিরাপদ করার জন্য অতিরিক্ত এক পয়সাও খরচ করতে রাজি নয়। গত বছর ঢাকায় দেশি উৎপাদক ও বিদেশি আমদানিকারকদের মধ্যে এক সভায় এই নিয়ে আলোচনা হয়। তাতে বিশ্বের ১ নম্বর খুচরা ব্যবসায়ী ওয়াল-মার্ট স্পষ্ট জানিয়ে দেয়, উৎপাদন ক্ষেত্রে নিরাপত্তা সুরক্ষার জন্য যদি অতিরিক্ত ব্যয়ভার ধরা হয়, তাহলে খরচ বেড়ে যাবে; যা বহন করা তাদের পক্ষে অসম্ভব। (আমেরিকার ব্লুমবার্গ নিউজের প্রতিনিধি সে বৈঠকের বিবরণসংবলিত একটি নথির ভিত্তিতে যে খবর প্রস্তুত করেন, তা পড়তে দেখুন: http://www.bloomberg.com/ news/2012-12-05/wal-mart-nixed-paying-bangladesh-suppliers-to-fight-fire.html)যুক্তরাষ্ট্রের অনেক দোকানেই এখন বাংলাদেশের তৈরি পোশাক পাওয়া যায়। এর মানও বেশ ভালো। মোট অর্থমূল্যের হিসাবে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের তৈরি পোশাক এক যুক্তরাষ্ট্রেই আসছে। ফলে একদম হেলাফেলার ব্যাপার নয়। প্রধানত কম দামের কাপড়ই একসময় আসত বাংলাদেশ থেকে। সে কাপড় কোথায় তৈরি হয়, কারা তৈরি করে, এ নিয়ে খুব একটা মাথাব্যথার কারণ ছিল না। কিন্তু কয়েক বছর থেকে উন্নতমানের, উচ্চমূল্যের তৈরি পোশাক আসছে, সেসব এখন ম্যাডিসন বা ফিফথ অ্যাভিনিউর অনেক অভিজাত দোকানে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য ইউনিফর্মের চালানও আসছে বাংলাদেশ থেকে।বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা যত বেড়েছে, তা নিয়ে নজরদারিও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার নিয়ে কাজ করে, এমন ছোট-বড় গ্রুপের অভাব নেই। তারা বাংলাদেশে শ্রমব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। যেমন, ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম এই নামের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি সংস্থা বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা ও শ্রমিক আন্দোলনের সম্মতির ভিত্তিতে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত করেছে। মুখ্যত আগুন ও বহুতল ভবনে শ্রমিক-নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতিপয় সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে, তার সপক্ষে প্রচারণাও চলছে। (দেখুন: http://www.workersrights. org/linkeddocs/Bangladesh%20Fire%20and%20Building%20safety%20MOU-%20Nov%202012.pdf)বিদেশি শ্রমিক ইউনিয়নগুলোও বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। ক্লিন ক্লথ ক্যাম্পেইন, এই নামে নেদারল্যান্ডসভিত্তিক একটি শ্রমিক ইউনিয়ন যেসব বিদেশি কোম্পানি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে, তাদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সেসব দেশের শ্রমিক ইউনিয়নগুলোর মাধ্যমে লবিং শুরু করছে। বাংলাদেশে কর্মক্ষেত্রে শ্রমিক-নিরাপত্তা বৃদ্ধি ও তাঁদের বেতন বাড়ানোর জন্যও তারা দাবি তুলেছে। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর এই সংস্থার উদ্যোগে অস্ট্রিয়া, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসে মোমবাতি জ্বালিয়ে নীরব সংহতিমূলক জমায়েতের আয়োজন করা হয়।ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম, এই নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি শ্রমিক সংগঠন বাংলাদেশের পোশাকশিল্পের ওপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ‘ডেডলি সিক্রেটস’ এই নামের সে প্রতিবেদনে পোশাকশিল্পের মালিকদের পাশাপাশি আমদানিকারক বিদেশি কোম্পানিগুলোকেও শ্রমিক অধিকার ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছে (দেখুন: http://laborrights.org/ sites/ default/ files/publications-and-resources/ Deadly_Secrets.pdf)বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের পক্ষে বিদেশ থেকে সবচেয়ে জোর লড়াইটা আসছে যুক্তরাষ্ট্রের প্রধান শ্রমিক ইউনিয়ন, এএফএল-সিআইওর কাছ থেকে। ভাত-কাপড়ের দাবির পাশাপাশি শ্রমিকের ন্যূনতম অধিকার—তাঁদের নিরাপত্তা ও রাজনৈতিক সংগঠনের অধিকার—এর দাবি নিয়ে নিজের দেশে যেমন, দেশের বাইরেও তারা কাজ করে থাকে। এদের উদ্যোগে বিশ্বের বিভিন্ন স্থানে সংহতিকেন্দ্র গড়ে তোলা হয়েছে, বাংলাদেশেও সে রকম একটি কেন্দ্র আছে। আমরা সব সময় চক্রান্ত খুঁজতে ভালোবাসি, এমন লোকের অভাব নেই যাঁরা বাংলাদেশের শ্রমিক-স্বার্থ নিয়ে বিদেশি, বিশেষত মার্কিন শ্রমিক ইউনিয়নের মাথাব্যথায় সে রকম কোনো গোপন ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বের করবেন। বিদেশে শ্রমিকদের স্বার্থ নিয়ে লবিং করা অবশ্য এএফএল-সিআইওর জন্য নতুন ব্যাপার নয়। ৫০ বছর ধরে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় শ্রমিক অধিকারের প্রশ্নে আন্তর্জাতিক সংহতি অর্জনের চেষ্টা চালাচ্ছে। একসময় তাদের সঙ্গে মার্কিন সরকারের গোয়েন্দা বিভাগ, বিশেষত সিআইএর যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। প্রতিবছর স্টেট ডিপার্টমেন্ট থেকে তারা মোটা অঙ্কের অনুদানও পেত। এখনো পায়। এদের কাজ অনেকটা মার্কিন সরকারের ডেমোক্রেটিক রিপাবলিকান ইনস্টিটিউটের মতো। বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রসার এদের ঘোষিত উদ্দেশ্য। কেউ কেউ অবশ্য বলেন, মার্কিন স্বার্থ রক্ষা হয়, এমন রাজনৈতিক দল বা ব্যক্তিকে পেছনে থেকে ঠেকা দেওয়া এদের আসল উদ্দেশ্য।সে কথা অবশ্য এএফএল-সিআইওর ব্যাপারে বললে অন্যায় হবে। কোথাও তারা মালিকপক্ষের হয়ে কাজ করছে এ কথা বলা যাবে না। বাংলাদেশে তো নয়ই। আমিনুলের গুম-খুন নিয়ে যখন কারও মুখে টুঁ শব্দটি নেই, তখন ঢাকার সংহতিকেন্দ্র থেকে ক্রমাগত সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমাদের রপ্তানিকেন্দ্রিক ‘ইপিজেড’ অঞ্চলে শ্রমিক ইউনিয়ন করা নিষিদ্ধ ছিল। মার্কিন ট্রেড ইউনিয়ন ও তার বাংলাদেশি সহযোগীদের ক্রমাগত আন্দোলনের ফলে সীমিত আকারের হলেও সে অধিকার এখন স্বীকৃত হয়েছে। এসবের কোনোটিই ভালো বৈ মন্দ কাজ নয়।যে কাজ আমাদের করার কথা, বিদেশিরা তা করছে। এতে যদি অবস্থা বদলায়, তাতে আমাদের আনন্দিত হওয়ার কথা। শ্রমিক অধিকারের স্বীকৃতির দাবিতে বিশ্বজুড়ে যে সংহতি আন্দোলন গড়ে উঠছে, তার ভিত্তিতে বিদেশি ক্রেতাদের কাছে পণ্যমূল্য বৃদ্ধির দাবি তোলার এখনই সময়। সে দাবি তোলার পাশাপাশি আমাদের শ্রমিকদের অবস্থার উন্নতি নিশ্চিত করতে। বিদেশিদের ওপর নির্ভর না করে দেশের ভেতরে আমরা নিজেরাই পরিস্থিতি বদলাতে ব্যবস্থা নিই, তাহলে সোনার ডিম দেওয়া হাঁসটিকে বাঁচানো কঠিন হবে না।নিউইয়র্ক হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।