সোনার ব্যবসায় অস্বচ্ছতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্রে শুল্ক গোয়েন্দাদের অভিযানকে কেন্দ্র করে দেশের সোনার অলংকারের ব্যবসা সম্পর্কেও কিছু খবরাখবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত বুধবার প্রথমআলোর প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল ‘সোনার ব্যবসাও খাদে ভরা’। দেখা যাচ্ছে, এই ব্যবসার পুরোটাই বেশ গোলমেলে।

ঋণপত্র খুলে সোনা আমদানি করার বিধান আছে, কিন্তু সোনার অলংকার ব্যবসায়ীরা সেই বিধান মেনে সোনা আমদানি করেন না। প্রশ্ন হচ্ছে, অলংকার তৈরিতে যে সোনা ব্যবহৃত হয়, তা তাঁরা কোথা থেকে পান? তাঁদের উত্তর, বিদ্যমান ব্যাগেজ রুলের মাধ্যমে আসা সোনা আর পুরোনো অলংকারের সোনা দিয়েই তাঁদের চাহিদা মেটে। তাঁদের এই দাবি কতটা সত্য? ব্যাগেজ রুলের মাধ্যমে আসা কিছু সোনা যদি অলংকার ব্যবসায়ীদের সোনার উৎস হয়েও থাকে, তাতে স্বচ্ছতার লেশমাত্র নেই। সোনা কেনাবেচার কোনো বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেন না।

দেশের সোনা ক্রয়-বিক্রয়ের বড় বাজার পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা। সেখানকার ‘পোদ্দার’ ব্যবসায়ীরাই এটি নিয়ন্ত্রণ করেন। জুয়েলার্সগুলো তাঁদের কাছ থেকে সোনা কেনে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই। এই বিরাট অস্বচ্ছতার সঙ্গে সোনা চোরাচালানের সম্পর্ক আছে। বাংলাদেশে কী পরিমাণ সোনার চোরাচালান হয়, তার আভাস পাওয়া যায় যখন বিমানবন্দরে বিরাট আকারে সোনার চালান ধরা পড়ে। চোরাচালানের সোনা সহজলভ্য আর উচ্চমাত্রায় লাভজনক হলে বৈধভাবে সোনা আমদানি নিরুৎসাহিত হবে, এটাই স্বাভাবিক। তাই সোনার অলংকারের ব্যবসার স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হলে প্রথম কর্তব্য হবে, সোনার চোরাচালান বন্ধ করা।

বাংলাদেশে সোনার অলংকারের যেহেতু চাহিদা রয়েছে এবং এর ব্যবসা যেহেতু বৈধ, তাই যথাযথ নিয়ম মেনেই যাতে তা হয়, তা নিশ্চিত করতে হবে। আমদানির ক্ষেত্রে কোনো জটিলতা বা শুল্কহার নিয়ে কোনো সমস্যা থাকলে তা দূর করার উদ্যোগ নিতে হবে। এখন যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না।