সোভিয়েতরা যুদ্ধ করেছে কাশ্মীরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের এই দিনে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বলেছিল তারা আশঙ্কা করছে যে পাকিস্তানের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন প্রত্যক্ষ যুদ্ধে জড়াতে পারে। আর লন্ডন থেকে মার্কিন মিশন পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল যে ব্রিটেন মনস্থির করে ফেলেছে যে ঢাকার পতন ঘটলে তারা অনানুষ্ঠানিকভাবে নতুন সরকারের সঙ্গে কাজ করবে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে লন্ডনের ‘বাংলাদেশ প্রতিনিধিদের’ যোগাযোগ ঘটেছে। ভারতের ব্রিটিশ হাইকমিশনার ভারত সরকারকে অনুরোধ করেছেন যে ঢাকার পতন ঘটিয়ে তাঁরা যেন বিদেশি নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে।বাংলাদেশ বনাম কাশ্মীর: এই দিনই অপর এক অতিগোপনীয় বার্তায় (নম্বর ১১২২৬) লন্ডনের মার্কিন মিশন বাংলাদেশের যুদ্ধপরিস্থিতির বিবরণ দেয়। এতে বলা হয়, ৮ ডিসেম্বরে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক দিল্লিতে মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশেকে বলেছেন, ‘তিনি পূর্ব পাকিস্তানে আরও কঠিন লড়াইয়ের আশঙ্কা করছেন। কারণ, কাশ্মীরের অংশবিশেষ দখল করার লক্ষ্য অর্জনযোগ্য মনে করা পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যুদ্ধের মনোবল অটুট থাকবে। কাশ্মীর পেতে তারা লড়াই করবে বাংলাদেশে। সুতরাং পূর্ব নির্ভরশীল হয়ে পড়েছে পশ্চিমের ওপর। এই বার্তা অনুযায়ী ভারতের সূত্রগুলো বলেছে, ‘করাচির ওপর ৭/৮ এবং ৮/৯ ডিসেম্বরে রাওয়ালপিন্ডির কাছে তেল-স্থাপনায় ভারত বিমান হামলা চালিয়েছে। ভারতের দাবি, তারা নিজেদের ২৮টি বিমান হারিয়ে পাকিস্তানের ৬০টি বিমান এ পর্যন্ত ধ্বংস করেছে। পাকিস্তানি সাবমেরিনের আনাগোনা লক্ষ করা যাচ্ছে বোম্বে এলাকায়।’মার্কিন পররাষ্ট্র দপ্তরের অপারেশন সেন্টারের দ্বারা আজ তৈরি ৩০ নম্বর সিচুয়েশন রিপোর্ট বলেছে, ‘একজন ভারতীয় এয়ার মার্শাল বলেছেন, তাদের বিমান পশ্চিম সেক্টরে প্রতিদিন আড়াই শ থেকে তিন শ বার চক্কর কাটে। তারা পাকিস্তানের তেলের মজুতের প্রায় ৪০ শতাংশ নষ্ট করেছে। একটি তেল কোম্পানি সূত্র বলেছে, পাকিস্তানের আর সর্বোচ্চ দুই সপ্তাহ চলার মতো তেল আছে।’এই প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সেনারা আজ ঢাকা ঘিরে ফেলতে পারে। ইন্দিরা গান্ধী কথিতমতে বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ামাত্রই তিনি যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মধ্যস্থতা মানবেন। তবে একাধিক প্রতিবেদন বলেছে, ‘ভারত এখানেই থামবে না। তারা চার থেকে পাঁচ ডিভিশন সেনা পশ্চিম সেক্টরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তারা পাকিস্তানের বিমান ও ট্যাংক বাহিনী ধ্বংস করে কাশ্মীরের সীমান্ত সমান্তরাল করবে।’ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা সাদারল্যান্ডও আজ মার্কিন কর্মকর্তাদের বলেন, ব্রিটিশ ও বিশ্ব পূর্ব পাকিস্তানের স্বাধীনতায় ভারতের ভূমিকা গলাধঃকরণ করলেও পশ্চিমে তাদের মনোভাব আঁচ করে উদ্বিগ্ন। এখানে ভূখণ্ড পরিবর্তনের কোনো চেষ্টাই ব্রিটেন মানবে না। এমনকি ভারত এটা করলে তারা সোভিয়েত সমর্থন হারাবে। সাদারল্যান্ড বলেন, কিছু শঙ্কা আছে যে বাংলাদেশের পরে তারা আজাদ কাশ্মীর নিতে পশ্চিমে যুদ্ধ চালাবে। ভারতকে আমরা এ নিয়ে চাপে রাখছি। বলছি, সারা বিশ্ব নিন্দায় সোচ্চার হবে।’ওই বার্তায় আরেকটি তথ্য হচ্ছে, হেনরি কিসিঞ্জার ওয়াশিংটনে এক অফ দ্য রেকর্ড প্রেস ব্রিফিংয়ে বলেন, পূর্ব পাকিস্তানে ভারতের সামরিক তৎপরতা তীব্র করার আগে পাকিস্তান সরকার একটি মার্কিন প্রস্তাবে সায় দিয়েছিল। প্রস্তাবটি ছিল, সীমান্ত এলাকা থেকে পাকিস্তান সেনা তুলে নেবে। কিন্তু ভারত তা অগ্রাহ্য করেছে। মোসাদ্দেক ও মুজিব: দেখা যাচ্ছে কাশ্মীরে ভারতের মনোভঙ্গি নিয়ে ভারতে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ভাহিদ-মজানদারানি মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিংয়ের সঙ্গে একাত্তরের এই দিনের আলোচনায়ও তুলেছেন। কিটিং লিখেছেন, (তারবার্তা নম্বর ১৯০১৩) ইরানের নতুন রাষ্ট্রদূত আমাকে বলেন, শাহ তাঁকে ব্যক্তিগতভাবে পাকিস্তান-ভারত পরিস্থিতি অবহিত করেছেন।শাহ প্রেসিডেন্ট ইয়াহিয়াকে মোসাদ্দেকের কথা স্মরণ করান। ইরানি নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ১৯৫২ সালে ক্যুতে ক্ষমতা হারান। সামরিক আদালতে তাঁর প্রাণদণ্ড হয়। কিন্তু শাহ তা রহিত করেন। আমৃত্যু তিনি গৃহবন্দী ছিলেন। এই দৃষ্টান্ত মনে করিয়ে দেওয়ার পর ইয়াহিয়া শাহকে বলেন, মুজিব বেঁচে আছেন। ভালো আছেন। শাহ তাঁকে আরও বলেন, ছয় সপ্তাহ আগে শাহের মনে হয়েছে ২৫ মার্চের মারাত্মক ভুল হামলার মধ্য দিয়ে পাকিস্তান দুই টুকরো হয়ে গেছে। তবে এখন ভারত যদি আজাদ কাশ্মীর দখল করে নেয়, তাহলে তা ইরানের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হবে। ইরানি রাষ্ট্রদূত অবশ্য মনে করেন, সোভিয়েতরা এটা হতে দেবে না। কিটিং লেখেন, ‘আমি বললাম ভারতকে সংযত করতে সোভিয়েতরা খুব বেশি কিছু করবে বলে মনে করি না।’ যুদ্ধে সোভিয়েতরা: আফতাব আহমেদ খান ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান। তিনি ইসলামাবাদের মার্কিন দূতাবাসের উপপ্রধানকে ডেকে পাঠান। রাষ্ট্রদূত ফারল্যান্ড এ বিষয়ে পাঠানো এক অতিগোপনীয় তারবার্তায় আজ (৭১এ) বলেন, ৯ ডিসেম্বরের সকালে করাচি বন্দরে তাঁদের একটি বাণিজ্য জাহাজের ওপর হামলা চলে। অথচ ওই সময় আকাশে কোনো বিমান দেখা যায়নি। তাই তাঁরা মনে করছেন যে এটা একটা ক্ষেপণাস্ত্র হামলা। তাঁদের অনুমান দুটি। প্রথমত, এই হামলা ভারত তার কোনো ক্ষেপণাস্ত্র-তরি বা সাবমেরিন থেকে করে থাকতে পারে। কিন্তু এই ধারণা তাঁরা অমূলক মনে করছে। কারণ, ওই হামলার পরপরই পাকিস্তানের একটি জঙ্গি বিমান খুব নিচু দিয়ে সমুদ্রের ৩০০ নটিক্যাল মাইল এলাকা চক্কর কেটেছে। কিন্তু তাঁদের নজরে এ রকম কিছু আসেনি। তা ছাড়া, পাকিস্তানের এটা জানা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণযোগ্য কোনো সাবমেরিন ভারতের নেই। সে কারণে তারা এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে যে ওই হামলা কোনো সোভিয়েত সাবমেরিন থেকে হয়ে থাকতে পারে।আফতাব বলেন, দ্বিতীয় যে সম্ভাব্য ঘটনায় তাঁরা বিচলিত সেটা হলো তাঁরা নিশ্চিত হয়েছেন যে অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন ও অত্যাধুনিক ইলেকট্রনিকস সরঞ্জামে সজ্জিত অবস্থায় ভারতের শ্রীনগর ও পাঞ্জাবের কোনো একটি স্থানে দুটি জঙ্গি বিমান মোতায়েন রয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে যে শ্রীনগরের বিমানটি থেকে অব্যাহতভাবে সংকেত পাঠানো হচ্ছে। প্রতীয়মান হয় যে পশ্চিম পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারতীয় বিমানবাহিনীর হামলার লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে দিচ্ছে এই সাংকেতিক বার্তা। অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন ও সূক্ষ্ম প্রযুক্তির এই ব্যবহার তাদের এই সিদ্ধান্তে উপনীত করছে যে এটা আসলে সোভিয়েতদেরই কাজ।ওয়াশিংটন ডিসি থেকেমিজানুর রহমান খান: সাংবাদিক।mৎ[email protected]