সোমেশ্বরীর সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালুখেকোদের খপ্পরে গোটা দেশের অধিকাংশ নদী। বালু উত্তোলনের কারণে সেগুলোর কতটা সর্বনাশ হয়ে যাচ্ছে, নেত্রকোনার সোমেশ্বরী নদীই তার প্রমাণ। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসা অপরূপ সৌন্দর্যের সোমেশ্বরী এখন অস্তিত্বসংকটে। নদীটিতে পাঁচটি বালুমহালে নিয়ম ভঙ্গ করে তোলা হচ্ছে বালু। সোমেশ্বরী থেকে যেভাবে বালু খুবলে নেওয়া হচ্ছে, তাতে নদী, জীববৈচিত্র্য ও আশপাশের পরিবেশ-প্রকৃতিতে বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদেরা। প্রশাসনের সামনেই নদীটির এমন সর্বনাশ ডেকে এনেছেন বালুখেকোরা, যঁারা সবাই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি। দুর্বৃত্তায়ন রাজনীতি কীভাবে আমাদের পরিবেশ-প্রতিবেশকে ধ্বংস করে ফেলছে, সেটিই দেখা যাচ্ছে এখানে।

প্রথম আলোর প্রতিবেদন বলছে, সোমেশ্বরী নদীর বালু ঘিরে দুর্গাপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একটি চক্র তৈরি হয়েছে। এ চক্রের সদস্যরাই প্রতিবছর বালুমহালের ইজারা পান এবং তাঁরাই নিয়মনীতি লঙ্ঘন করে বেপরোয়াভাবে বালু তুলছেন। তবে উপজেলা ও জেলা প্রশাসন নিয়ম মেনে বালু তুলতে ইজারাদারদের সব সময় তাগিদ দিয়ে থাকলেও সেসবের কিছুই তোয়াক্কা করা হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান বা কারণ দর্শানোর নোটিশও কোনো কাজে আসছে না। মূলত প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাও এ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন।

ইজারার শর্তাবলিতে বলা হয়েছিল, আইন অনুসারে পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু উত্তোলন করা যাবে না। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে। নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজ প্রাণী বা উদ্ভিদ বিনষ্ট হলে বা হওয়ার আশঙ্কা থাকলে বালু উত্তোলন করা যাবে না। কিন্তু সোমেশ্বরীতে ঘটেছে উল্টো। সেখানে বালুখেকো চক্র যেভাবে চায়, আইন সেভাবেই কথা বলে। যার কারণে দিনরাত হাজারখানেক নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু তুলতে তুলতে সোমেশ্বরীর নদীকাঠামোই ধ্বংস করে ফেলছে তারা।

দুর্গাপুরের এক স্কুলশিক্ষকের কথায়, চোখের সামনে নদীটিকে খুন করা হচ্ছে। কিন্তু একে বাঁচানোর কোনো ভাবনা কারও মধ্যে নেই। বালুখেকোরা শুধু নদীর সর্বনাশই করছেন না, ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন কোটি কোটি টাকায় নির্মিত সড়ক, সেতু ও বন্যানিয়ন্ত্রণ বাঁধও। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সোমেশ্বরী নদী এখন একটি বালুমহাল হয়ে গেছে। যদি সোমেশ্বরীকে বাঁচাতে হয়, একে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে অন্তত পাঁচ বছর এখান থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করতে হবে।’ আমরা সরকারের উচ্চপর্যায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বালুখেকো চক্রকে থামান। প্রাণ থাকতে দ্রুত বাঁচান সোমেশ্বরীকে।