সোহ্রাওয়ার্দী হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত উটের পিঠে চলেছে শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতাল। গতকাল প্রথম আলোর প্রতিবেদনে শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতালের যে চিত্র ফুটে উঠেছে, তাকে এক কথায় বলা যায় অবিশ্বাস্য। এ রকম রোগীহীন ভাগ্যবান চিকিৎসক ইউরোপ-আমেরিকায়ও খুঁজে পাওয়া যাবে না। হাসপাতালটিতে ৬৪৯টি শয্যা থাকলেও দৈনিক রোগী ভর্তি হচ্ছে গড়ে ৫৫০ জন। অর্থাৎ প্রায় ১০০ শয্যা নিয়মিত খালি পড়ে থাকে। কর্তৃপক্ষ ৮৫ শতাংশ শয্যা পূরণ করার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। কোনো কোনো বিভাগে ৪০ শতাংশ শয্যা খালি পড়ে থাকতে দেখা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটি ঠিক এর বিপরীত। সেখানে প্রতি ১০০ শয্যার বিপরীতে ১৪৫ জন রোগী ভর্তি থাকে। প্রত্যন্ত এলাকার কোনো হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে রোগী বা তাদের অভিভাবকদের অনীহা থাকতে পারে। কিন্তু রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত দেশের অন্যতম নামকরা হাসপাতালটিতে কেন রোগী ভর্তি হবে না? এর দুটি কারণ থাকতে পারে। প্রথমত, এই হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তারা এমন ভাবমূর্তি তৈরি করেছেন যে রোগীরা সেখানে যেতে ভয় পায়। আবার এ-ও হতে পারে, রোগী এলেই নানা কায়দায় বেসরকারি হাসাপাতাল ও ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়। এটি একদা বিশেষায়িত হাসপাতাল ছিল বলে এর চিকিৎসাসেবা সম্পর্কে রোগীদের ধারণা নেই বলে কর্তৃপক্ষ যে সাফাই গাইছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। যে হাসপাতালে দৈনিক সাড়ে পাঁচ শ রোগী ভর্তি হয়, সেই হাসপাতালে ৩৭৬ জন চিকিৎসক (শিক্ষানবিশ চিকিৎসক বাদে) থাকার যৌক্তিকতা কী? কোনো কোনো বিভাগে পদের চেয়ে বেশি চিকিৎসকের পদায়ন শুধু অনৈতিক নয়, বেআইনিও। সোহ্রাওয়ার্দী হাসপাতালে প্রয়োজনের চেয়ে বেশি চিকিৎসক থাকলে তাঁদের অন্যত্র বদলি করা হোক। গ্রামাঞ্চলের অনেক হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসক নেই। আর শয্যাসংখ্যার চেয়ে কম রোগী ভর্তি হওয়ার রহস্যও উদ্ঘাটন করা প্রয়োজন। জনগণের অর্থের এই অপচয় মেনে নেওয়া যায় না। চিকিৎসক নিয়োগ করা হয় রোগীর জন্য। কিন্তু হাসপাতালে যদি রোগীই না থাকে, তাহলে চিকিৎসক রাখার প্রয়োজনীয়তা দেখি না।