দুই পবিত্র মসজিদের অভিভাবক ও সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যু নিঃসন্দেহে মুসলিম বিশ্বে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি করেছে। রক্ষণশীল ওয়াহাবি মতবাদের কান্ডারি হয়েও তিনি অপেক্ষাকৃত আধুনিক ও উদারনৈতিক শাসনব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছিলেন। নাইন-ইলেভেন-পরবর্তী বদলে যাওয়া বিশ্বে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় যেখানে ইসলাম ও ইসলামি জগৎ নানা কারণে বহুমাত্রিক চাপের সম্মুখীন হয়েছিল, সেখানে তিনি একটি ভারসাম্যপূর্ণ নীতি পরিচালনায় সক্ষম হয়েছিলেন। মুসলিম উম্মাহর সংবেদনশীলতাকে বিবেচনায় রেখেও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে অধিকতর সহযোগিতা
ও বোঝাপড়ার নীতি অনুসরণ করেছিলেন। ওআইসিকে সক্রিয় রাখতেও তিনি সচেষ্ট ছিলেন।
সৌদি নাগরিকের জীবনমান উন্নয়ন, বিশেষ করে তাদের শিক্ষা ও জ্ঞানবিজ্ঞান চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে তিনি সাহসী পদক্ষেপ নেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মোট বাজেট ব্যয়ের ৩৮ শতাংশ বরাদ্দ, নয় বছরের ব্যবধানে বিজ্ঞান ও প্রযুক্তিগতসহ ১৯টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দুই লাখ সৌদি ছাত্রকে বৃত্তি দিয়ে বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠানো, ই-শাসন প্রবর্তন ইত্যাদির তাঁর বলিষ্ঠ নেতৃত্বেরই পরিচয়। সামাজিক ও রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর গৃহীত রাজনৈতিক সংস্কারও সর্বমহলে প্রশংসিত হয়েছে। গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণও তিনি কিছুটা শিথিল করেছিলেন। কেন্দ্রীয় শুরায় ৩০ জন নারীর মনোনয়নও ছিল সাহসী পদক্ষেপ। যদিও দেশটিতে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে নারীরা এখনো বহু মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
হজ পালনে সুযোগ–সুবিধা সম্প্রসারণে বাদশাহ আবদুল্লাহর ভূমিকা ছিল অনন্য। দুই পবিত্র মসজিদের ইতিহাসের সবচেয়ে ব্যাপকভিত্তিক সম্প্রসারণ তিনি সম্পন্ন করেছেন। সৌদি আরবের নতুন বাদশাহ আবদুল্লাহ প্রণীত এই সংস্কার কর্মসূচিকে আরও এগিয়ে নেবেন বলেই আমাদের প্রত্যাশা।
সৌদি নেতার মৃত্যুতে শোক প্রকাশে বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশও শামিল হয়েছে। আমরাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি। তাঁর বিদেহী আত্মা শান্তি পাক।