গত তিন বছরে নানা অপরাধের দায়ে সৌদি আরব সরকার ২০ হাজার ৩১ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বলে শনিবার প্রথমআলোয় যে খবর প্রকাশিত হয়েছে, তা শুধু জনশক্তি রপ্তানির জন্যই ক্ষতিকারক নয়, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও ম্লান করেছে। সৌদি আরবের ভাষ্যমতে, প্রবাসীদের মধ্যে অপরাধ সংঘটনে বাংলাদেশিদের স্থান পঞ্চম। বাংলাদেশি শ্রমিকেরা সেখানে হুন্ডি, জুয়া, চুরি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ আছে।
এ বিষয়ে সৌদি সরকার বাংলাদেশকে চিঠি দিয়েছে এবং চিঠির নিয়মমাফিক জবাবও হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেবে। কিন্তু এই গুরুতর সমস্যাটির সমাধান কী? প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে যাতে অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি সেখানে যেতে না পারেন, সে বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। সে ক্ষেত্রে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। দেশে অপরাধ করে কেউ কেউ যে সৌদি আরবে পালিয়ে যান, সিলেটে রাজন হত্যার ঘটনা তার প্রমাণ। এই হত্যার এক আসামি পুলিশের সহায়তায় সৌদি আরব পালিয়ে গিয়েছিলেন। পরে তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হলেও সব ক্ষেত্রে সে রকম ঘটেনি বলেই ধারণা করা হয়।
আবার সৌদি আরবে শ্রমবাজার ও হুন্ডি ইত্যাদি নিয়ে যেভাবে অপরাধ চক্র গড়ে উঠেছে, তাতে দেশে কেউ অপরাধ না করেও সেখানে গিয়ে তাদের খপ্পরে পড়া অস্বাভাবিক নয়। প্রবাসে যাওয়ার আগে প্রত্যেক শ্রমিককে নীতিনৈতিকতা ও সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত। একই সঙ্গে সেখানে দূতাবাস কর্মকর্তারা নিয়মিত কাউন্সেলিং করবেন, শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, কেউ বিপদে পড়লে সহায়তা করবেন, এটাই প্রত্যাশিত।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন দূতাবাস ও বেসরকারি সংস্থার তথ্যমতে, ৪২টি দেশে প্রায় ১০ হাজার বাংলাদেশি আটক আছেন। তাঁদের সবাই হয়তো অপরাধের সঙ্গে জড়িত নয়। অন্যের অপরাধের অর্থাৎ রিক্রুটিং এজেন্সির অবৈধ কাজের শিকার হয়েও অনেকে বিদেশের কারাগারে দুঃসহ জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁদের মুক্তির ব্যবস্থা করতে হবে। কতিপয় প্রবাসী শ্রমিকের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হতে কিংবা ঝুঁকিপূর্ণ জনশক্তি রপ্তানি আরও ঝুঁকিতে পড়তে দেওয়া যাবে না।