সৌভাগ্যের মেধাবৃত্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশের পর পাঠ থেকে ছিটকে পড়া হাজারও মেধাবীর মধ্যে আমার মেয়েও একজন। প্রতি বছর অসংখ্য বৃত্তিপ্রাপ্ত গাজীপুরের অন্যতম স্বনামধন্য ‘কঁচি-কাঁচা একাডেমি’র প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী এই ছাত্রী উপজেলা শিক্ষা অফিস কর্তৃক গৃহীত সমাপনী পরীক্ষার মডেল টেস্টগুলোতেও প্রতি বিষয়ে ৯৫-৯৯-এর মধ্যে নম্বর পেয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও সে খুবই ভালো দিয়েছিল। তার বিশ্বাস ছিল, সে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অন্তত গাজীপুর জেলায় প্রথম স্থান অধিকার করবে। কিন্তু প্রকাশিত ফলে মেধাতালিকায় তার নাম না থাকায় সে মানসিকভাবে খুবই আহত হয়েছে। আমরাও অবাক হয়েছি। যখন জেনেছি, যারা আমার মেয়ের অর্ধেক নম্বরও পেত না, সেও ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে। তাহলে বৃত্তিটা কীভাবে দেওয়া হয়েছে? সে কত নম্বর পেয়েছে, তা কি জানার অধিকার আমাদের নেই? ওই স্কুল থেকে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন এ-প্লাস পেয়েছে। প্রাথমিক ফলাফলে এ-প্লাস পায়নি এমন আটজনের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করায় আরও চারজন এ-প্লাস পেয়েছে। তাহলে কি খাতাগুলো দায়সারাভাবে দেখা হয়েছে? আমার মেয়ে ৮০ নম্বর পেয়ে, নাকি ১০০ নম্বর পেয়ে এ-প্লাস পেল, তা কি জানার অধিকার তার নেই? এ-প্লাসের নিচে পেলে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকে, কিন্তু এ-প্লাস পাওয়ার পর তো আর সেই সুযোগ থাকে না। আমার মেয়ে আজ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, সে আত্মবিশ্বাস হারিয়েছে। সে নিয়মিত খাওয়াদাওয়া করছে না, স্কুলে যেতে চায় না। তার ধারণা, ভালো লেখাপড়া করেও ভালো ফল পাওয়া যায় না, ফল পাওয়া যায় লটারিতে।মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি আমাদের অনুরোধ, কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বাণিজ্য বন্ধ করে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রাপ্ত নম্বর প্রকাশ করুন। খাতা পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ দিন এবং ২০১২ সালের সমাপনী খাতা পুনর্মূল্যায়ন করে মেধাবৃত্তি যাচাই করে পুনরায় ফল প্রকাশের মাধ্যমে এসব শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাঁচিয়ে রাখুন। ইকবাল সিদ্দিকী অভিভাবক, কচি-কাঁচা একাডেমি, ঢাকা।