পটুয়াখালী জেলার প্রত্যন্ত রাঙ্গাবালী উপজেলায় সৌরবিদ্যুতের ওপর নির্ভর করে রূপালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের বাহেরচর শাখা যেভাবে গ্রাহকদের অনলাইনভিত্তিক ব্যাংকিং সেবা দিচ্ছে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রত্যন্ত এলাকা হওয়ায় রাঙ্গাবালীতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু তাই বলে তো আর সবকিছু থেমে থাকতে পারে না।
২০১৪ সালে রূপালী ব্যাংকের বাহেরচর শাখা সৌরবিদ্যুতের সাহায্যে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা শুরু করে। বর্তমানে প্রায় সাত হাজার গ্রাহককে সেবা দিচ্ছে এ শাখা। বেশ ভালো মুনাফাও করছে। একইভাবে কৃষি ব্যাংকের বাহেরচর শাখাও সৌরবিদ্যুতের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
শুধু এ দুটি ব্যাংক নয়, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সোনালী ব্যাংক,
বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের অনেক শাখা সৌরবিদ্যুতের সাহায্যে তাদের কার্যক্রম চালাচ্ছে।
আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের অন্যতম একটি উপকরণ হলো বিদ্যুৎ। বাংলাদেশের বর্তমান অর্থনীতি প্রধানত কৃষি, শিল্প আরও কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ের ওপর নির্ভরশীল, যেগুলোর সবই আবার বিদ্যুতের ওপর দারুণভাবে নির্ভরশীল। কিন্তু জাতীয় গ্রিডের মাধ্যমে দেশের অনেক এলাকায়, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। অথচ দেশে বিদ্যুতের চাহিদা প্রতিদিনই বাড়ছে। সে ক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প হলো সৌরবিদ্যুৎ।
প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের অভাবে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস চালু করা সম্ভব হচ্ছে না। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে এ সমস্যার সমাধান করা যেতে পারে। ডিজেলের ঘাটতি কিংবা বিদ্যুতের সংকটে প্রায় প্রতিবছরই বিঘ্নিত হয় সেচ কার্যক্রম। সেচের সময় ডিজেল পাম্পের জায়গায় সৌরবিদ্যুচ্চালিত পাম্প ব্যবহার করলে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি বিপুল পরিমাণ জ্বালানি তেল সাশ্রয় করা সম্ভব হবে।
সরকার ২০০৩ সালে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎব্যবস্থা স্থাপনের কার্যক্রম শুরু করে। এ কর্মসূচির অধীনে প্রায় ৪১ লাখ বাড়ি সৌরবিদ্যুতের আওতায় এসেছে। কিন্তু এখন বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির অগ্রগতি অনেকটাই থমকে গেছে। আর এর পেছনের কারণ হচ্ছে, জাতীয় গ্রিডের বিদ্যুৎ–সংযোগের সম্প্রসারণের জন্য সরকারের পরিকল্পনা। এটা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় গ্রিডের বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজেল, ফার্নেস তেলসহ বিভিন্ন জ্বালানি ব্যবহৃত হয়। এতে করে বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় অনেক বেশি। অন্যদিকে সৌরবিদ্যুৎ উৎপাদনে কোনো ধরনের জ্বালানির প্রয়োজন পড়ে না। তাই সৌরবিদ্যুতের প্রসারে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।