আমরা সভ্যতার এমন একটি পর্যায়ে চলে এসেছি, যেখানে বিদ্যুৎ ছাড়া উন্নয়ন কল্পনা করা অসম্ভব। বিদ্যুৎ উৎপাদনে প্রথাগতভাবে যে তিনটি উপাদান ব্যবহৃত হয়ে এসেছে, সেগুলো হলো গ্যাস, তেল ও কয়লা। এই তিনটিই জীবাশ্ম জ্বালানি। এর মজুত সীমিত। একটি পর্যায়ে এসে সে মজুত শেষ হয়ে যায়। বিশেষজ্ঞরা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, কয়েক দশকের মধ্যে দেশের জীবাশ্ম জ্বালানির মজুত শেষ হয়ে যাবে। তখন বিদ্যুৎ উৎপাদনে ভয়ানক সংকটের মুখে পড়বে দেশ। সেই সংকট থেকে মুক্তি পেতে হলে এখনই বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের ঝুঁকতে হবে। বিশেষ করে, সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের সম্ভাবনাও অনেক।
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ এখন এগুলোর ওপরই নির্ভর করছে। যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতের মতো দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাচ্ছে। ২০৫০ সালের মধ্যে জার্মানি শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করবে। চীন, জাপান, এমনকি ভারতে সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়ছে। অথচ আমরা এই খাতে আশানুরূপ এগোতে পারিনি। ২০২১ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে সরকারের নেওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র আড়াই শতাংশ আসছে এখান থেকে।
সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আশাবহ বেশ কিছু তথ্য দিয়েছে। সেখানে বিশেষজ্ঞদের দেওয়া তথ্য বলছে, তেল, গ্যাস, ইউরেনিয়াম, কয়লার মজুত ফুরিয়ে এলেও নবায়নযোগ্য জ্বালানির মজুতের কোনো শেষ নেই। এর সম্ভাবনা অপার।
ডেইলি স্টার-এর একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে রূপসাবাজার এলাকা এখন সৌরবিদ্যুতের কারণে প্রাণবন্ত হয়ে উঠেছে। সেখানে সরকারি মালিকানাধীন কোম্পানি ইডকলের সহায়তা নিয়ে একটি স্থানীয় কোম্পানি ৫ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সৌরবিদ্যুতের একটি মিনি গ্রিড স্থাপন করেছে। সূর্যের আলো থেকে সেখানে ১৩০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। সেখানে গ্রাহক আছেন ৪১৭ জন। এর মধ্যে ১৬৪টি সংযোগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং ৩১০টি বাসাবাড়িতে।
ব্যক্তিগত উদ্যোগে সৌর প্যানেল বসিয়ে যে বিদ্যুৎ পাওয়া যায়, তা দিয়ে দুটি বাল্ব ও একটি ফ্যানের বেশি কিছু চালানো যায় না। কিন্তু এই গ্রিডের সংযোগ নিয়ে ফ্রিজ-টেলিভিশনও চালানো যায়। এই সংযোগে খরচ পড়ে জাতীয় গ্রিডের বিদ্যুতের চেয়ে বেশি এবং ডিজেলচালিত জেনারেটরের বিদ্যুতের চেয়ে কম। রূপসাবাজার এলাকার মানুষ বলছে, এই গ্রিডে বিদ্যুৎ আসার পর সেখানে ব্যবসা-বাণিজ্য দ্বিগুণ সম্প্রসারিত হয়েছে।
২০২১ সালের মধ্যে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা করেছে, তা সৌরবিদ্যুতের মিনি গ্রিডের সংখ্যা না বাড়ালে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ইডকল বলছে, সারা দেশে তাদের এ রকম ১৭টি মিনি গ্রিড প্রজেক্ট আছে। ২০২৫ সাল নাগাদ এই সংখ্যা ২০০-তে উন্নীত করা হবে। এটি করা গেলে জীবাশ্ম জ্বালানির ওপর চাপ অনেক কমে যাবে বলেই আমরা মনে করি।