স্টেডিয়াম নষ্ট করে ব্যক্তিগত সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি দখল, জলাশয় ভরাট, পাহাড়-বন ইত্যাদির পরে আমরা এখন স্টেডিয়ামের মাঝখান দিয়ে ব্যক্তিগত সড়ক বানানোর যুগে প্রবেশ করেছি। চাঁদপুর সদরের সাবেক ইউএনও শাহীনুর শাহীন খান তাঁর নবনির্মিত বাড়িতে যাওয়ার পথ সাবলীল করতে স্টেডিয়ামের মাঝখান দিয়ে পাকা সড়ক নির্মাণ করিয়েছেন। ছোট হোক, বড় হোক, ক্ষমতা ক্ষমতাই এবং না দেখানো গেলে তার সার্থকতা থাকে না। তাঁর ক্ষমতা রয়েছে, তিনি তা ভালোভাবেই দেখিয়েছেন। আইন ও জনস্বার্থের পক্ষের ক্ষমতাটা তাহলে কে দেখাবে, যেখানে স্বয়ং জেলা প্রশাসকই বলছেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’ প্রশাসনের বড় পদাধিকারীদের এই অজ্ঞানতার প্রতিকার কী?
জনাব শাহীন কেবল সাবেক ইউএনওই নন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনির একান্ত সচিব। তাঁর বাড়িতে যাওয়ার জন্য স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ভেঙে খেলার মাঠের ওপর দিয়ে বহুদিন কাজ করিয়ে পাকা সড়ক বানানো হলো, যে সড়ক তিনি আলবত ব্যবহারও করেন, কিন্তু কীভাবে এটি নির্মিত হলো, তা তিনি জানেন না? স্টেডিয়ামের দায়িত্ব যাদের, সেই জেলা ক্রীড়া কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এ বিষয়ে অবহিত ছিল না—এটা কি বিশ্বাস্য? বহু অবিশ্বাস্য অনিয়মের দেশে স্টেডিয়াম নষ্ট করে ব্যক্তিগত ব্যবহারের জন্য সড়ক বানানো নিশ্চয়ই এক নতুন রেকর্ড। এখন দেখার বিষয়, এহেন রেকর্ড সৃষ্টিকারীকে কীভাবে পুরস্কৃত করে সরকার!
বোঝা যায়, শাহীন খান কতটা শক্তিশালী ও ক্ষমতাবান। তবে প্রশ্ন হচ্ছে একজন সাবেক ইউএনও ও বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির প্রধানের একান্ত সচিবের এই ক্ষমতার উৎস কী? তঁার বর্তমান পদ? স্টেডিয়ামের মাঝখান দিয়ে রাস্তা নির্মােণর ঘটনায় জেলা প্রশাসন, সড়ক ও গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সবারই দায় আছে। আরও প্রশ্ন হলো দায়িত্বের বরখেলাপকারীদের বিচার কি অন্য ‘দায়িত্বশীল’রা করবেন? সবার চোখের সামনে এই ঘটনা কীভাবেই-বা ঘটতে পারল?