স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য মানতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে কীভাবে ভুল তথ্য আসে, সেটা একটি কোটি টাকা দামের প্রশ্ন। ঔষধ প্রশাসনের বরাতে গণমাধ্যমে স্টেন্টের সর্বোচ্চ ও সর্বনিম্ন খুচরা মূল্যের বিষয়ে ‘ভুল’ তথ্য ছাপা হয়েছিল, কিন্তু ওষুধ ব্যবসায়ীরা দুঃখজনকভাবে ভুলে গিয়েছিলেন যে তাঁরা আর দশজন ব্যবসায়ীর মতো নন। তাঁরা জীবনদায়ী ওষুধ সরবরাহ করে থাকেন। সরকারকে একটি মামুলি বিষয় বোঝাতে এক দিনের জন্য হলেও ধর্মঘট করার যে নজির জীবনদায়ী সামগ্রীর ব্যবসায়ীরা স্থাপন করলেন, তার যেন আর কখনো পুনরাবৃত্তি না ঘটে। সে জন্য আমরা মনে করি, একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে কীভাবে এটি বিশৃঙ্খলায় গড়াল, তা খতিয়ে দেখতে একটি বিভাগীয় তদন্ত হওয়া দরকার।

এ কথা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয় যে ৩৭টি ব্র্যান্ডের স্টেন্টের কোনোটিই যেহেতু দেশে উৎপাদিত নয়, তাই পাইকারি হারে এর কোনো সাধারণ দর থাকতে পারে না। বেশি মূল্যে আমদানি করে কম দামে বিক্রি করার মতো কথা কেউই বলবে না। কোনো শর্তই বাস্তবসম্মত নয়। তবে বাস্তবতা যেটা ছিল সেটা হলো, সাধারণ মানুষ যাঁরা স্টেন্টকে রিং হিসেবে বোঝেন, তাঁরা তা কিনতে গিয়ে ঠকছিলেন। তাঁদের সামনে প্রতিকারের কোনো রাস্তা ছিল না। কারণ, অনেক ক্ষেত্রেই খুচরা ব্যবসায়ীরা যখন যাঁর কাছ থেকে যা নিয়ে পারেন, তার ভিত্তিতে চলছিলেন। এর ফলে একই রিংয়ের দাম হাসপাতালভেদে বিভিন্ন রকম দেখা গেছে। কোনো সন্দেহ নেই, এই নৈরাজ্যমূলক অবস্থায় সব থেকে বেশি খেসারত দিয়ে চলছিলেন দরিদ্র মানুষেরা।

আমরা আশা করব, সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের উদ্যোগ কার্যকর হবে এবং দরিদ্র রোগীরা লাভবান হবেন। অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তদারকির অভাবে তা বাস্তবায়ন হয় না। এমআরপি, নিবন্ধন নম্বর ও মেয়াদ লেখা থাকল কি থাকল না, তার নজরদারির জন্য পর্যাপ্ত লোকবল ও তাদের জবাবদিহির একটা ব্যবস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরকেই নিশ্চিত করতে হবে।