গাজীপুরের তপতীকে কেরোসিনে পুড়িয়ে হত্যা, টঙ্গীতে শিউলির দু্ই চোখ চাকু দিয়ে খুঁচিয়ে নষ্ট করা, রাজশাহীতে নুরেসার দুই চোখ ওপড়ানোর চেষ্টা—এগুলো সবই গত ১০ দিনের ঘটনা। গত জুলাইয়ে সাভারে সুখীর চোখ উপড়েই ফেলা হয়। চারটি ঘটনাই ঘটিয়েছেন তাঁদের স্বামী। চার স্ত্রীরই নৃশংস নির্যাতনের শিকার হওয়ার কারণ স্বামীর টাকার লোভ। টাকা দিতে না পারায় স্বামী হয়ে স্ত্রীর ওপর এমন পাশবিক নির্যাতন অকল্পনীয় হলেও এ রকম ঘটনা এখন বিরল নয়।
সমাজে বর্বর আচরণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে পারিবারিক সহিংসতা। দুর্বলের ওপর সবলের নির্যাতনের বিরাট ক্ষেত্র হলো নারীর ওপর পুরুষের নির্যাতন এবং বিশেষ করে স্ত্রীর ওপর স্বামীর নির্যাতন। প্রতিবেশীরা এগিয়ে না এলে তপতী হয়তো পুড়েই মারা যেতেন, নুরেসার দুই চোখই মাটিতে গড়াত এবং সুখীর এক চোখের মতো অপর চোখও কোটরছাড়া হতো। আর শিউলি তো অন্ধই হয়ে গেছেন। কোনো কোনো স্বামী স্ত্রীকে মানুষ হিসেবেই গণ্য করেন না, তুচ্ছ কারণে ভয়াবহ নির্যাতন করেন। ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থেকে পুরুষের এ রকম ভয়াবহ হিংসাত্মক হয়ে ওঠা সত্যিই বিস্ময়কর।
এসব ঘটনায় পুলিশ ও আদালতের কাজ তদন্ত ও সুষ্ঠু বিচার করা। তারপরও দায়িত্ব রয়েছে সরকারের, গণমাধ্যমের, শিক্ষাব্যবস্থার এবং সমাজ ও পরিবারের অভিভাবক নারী-পুরুষ সবার। মানুষ কেন এত নৃশংস হয়ে ওঠে, কীভাবে মানুষের মধ্য থেকে হিংসাত্মক মনোভাব প্রশমিত করা যায়, কীভাবে সচেতনতা ও শিক্ষার মাধ্যমে সহমর্মিতার সংস্কৃতি জারি রাখা যায়, তা ভাবা জরুরি।
বৃক্ষের গোড়ায় পচন লাগলে ডালপালাও শুকাতে থাকে। তেমনি সমাজের মূল্যবোধ ও সংস্কৃতি অবক্ষয়িত ও বিষাক্ত হলে এ রকম ঘটনা বারবারই ঘটে। সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ ছাড়া, শিক্ষার মাধ্যমে মানবিক বোধসম্পন্ন নাগরিক তৈরি ছাড়া এ সমস্যার আশু সমাধান নেই। তার আগে এ রকম প্রতিটি ক্ষেত্রে আপসহীন বিচার ও শাস্তির দৃষ্টান্ত স্থাপন করাই সবচেয়ে জরুরি কাজ।