স্থবির জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে সরকারের কতটা ক্ষতি কিংবা বিরোধী দলের কতটা লাভ হয়, তা নিয়ে বিতর্ক থাকলেও প্রতিটি হরতাল যে জনজীবনে মহাবিপর্যয় ডেকে আনে এবং দেশের অর্থনীতিকে যে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে সম্ভবত কারও সন্দেহ নেই। কিন্তু এই বিপর্যয়ের প্রধান দায়িত্ব যাঁদের, সেই রাজনৈতিক নেতৃত্বের এসব নিয়ে মাথাব্যথা আছে বলে মনে হয় না। এক পক্ষ উপর্যুপরি হরতাল দিয়ে দেশ ও জনগণের সর্বনাশ করছে, আরেক পক্ষ সেই হরতালের ক্ষেত্র প্রস্তুত করে চলেছে।আজ থেকে ১৮-দলীয় জোট দেশব্যাপী যে ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে, তার অন্যতম দাবি বিরোধী দলের নেতাদের মুক্তি। সরকার হয়তো বিষয়টি নিয়ে আইন-আদালতের দোহাই দেবে। কিন্তু তাদের স্মরণ থাকা দরকার, একসময় চারদলীয় জোট সরকারও কিন্তু বিরোধী দলের নেতাদের আটক রাখার ব্যাপারে একই যুক্তি দেখাত। হরতালের নামে রাস্তায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা বরাবরই কঠোর ভাষায় এ ধরনের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক, কোনো দলেরই শীর্ষ পর্যায়ের নেতারা রাস্তায় গিয়ে নিজেরা গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করেন না। কাজটি যাঁরা করেন, সরকার তাঁদের পাকড়াও করে সর্বোচ্চ শাস্তি দিক, কেউ আপত্তি করবে না। কিন্তু সরকার যদি রাস্তায় গাড়ি ভাঙচুরের জন্য বিরোধী দলের অধিকাংশ নেতাকে জেলখানায় আটক রাখার নীতি গ্রহণ করে, তবে সংকট ও সংঘাত কোনোটাই কমবে না।গতকাল প্রথম আলোতে পরিবহন খাতে হরতালের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকায় এক ট্রাক বা এক কাভার্ড ভ্যান (৬-১৮ টন ধারণক্ষম) পণ্য পরিবহনে আগে খরচ পড়ত ১৫ থেকে ১৬ হাজার টাকা। এখন ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো ঢাকা ও আশপাশের এলাকার জন্য ভাড়া নিচ্ছে ২৬ থেকে ২৮ হাজার টাকা। একই পথে কনটেইনার বহনকারী লরির ভাড়া ২২-২৪ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা।কেবল পরিবহন নয়, হরতালের কারণে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যয় ও অনিশ্চয়তা বেড়েছে। শিল্প, কৃষিসহ উৎপাদনের সব ক্ষেত্রেই স্থবিরতা দেখা দিয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন হয়রানির পর এখন এইচএসসি পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় আছে। পরীক্ষাগুলো যথাসময়ে হবে, সেই নিশ্চয়তা নেই।রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে, এভাবে দেশ চলতে পারে না। হরতাল-ভাঙচুর ও জ্বালাও-পোড়াও কিংবা বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন—কোনোটিই রাজনীতির হাতিয়ার হতে পারে না। তাঁরা উটপাখির মতো বালুতে মুখ গুঁজে থাকলে প্রলয় বন্ধ হবে না। যে রাজনীতি দেশ ও দেশের মানুষকে জিম্মি করে, সেই রাজনীতি কখনোই কাম্য নয়।