স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথেষ্ট বিলম্ব হলেও শেষ পর্যন্ত ১৯৭৪ সালে স্বাক্ষরিত মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তির বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল পাস হওয়ায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধীসহ ভারতের রাজনীতিকদের অভিনন্দন জানাই। বিশেষভাবে ধন্যবাদ আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈসহ ছিটমহলসংশ্লিষ্ট রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের। ভারতের গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ প্রাপ্য। ভারতের গণতন্ত্রের জন্য এটি ছিল একটি বিরল মুহূর্ত। কারণ, মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে রাজ্যসভা ও লোকসভায় সর্বসম্মতিতে এই বিল পাস হলো।
সংবিধান সংশোধন অনেক জল্পনা-কল্পনা ও দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে এই বিল পাস করানোর ফলে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরটি ফলপ্রসূ হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মন্তব্যের ওপর ভরসা রাখতে চাই যে, যে ধরনের রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সীমান্ত চুক্তির অনুসমর্থন চূড়ান্ত হলো, সেই একই দৃষ্টিভঙ্গি থেকে এখন তিস্তা চুক্তির যৌক্তিক পরিণতি লাভ করা দরকার।
লোকসভায়ও সীমান্ত বিল পাস সর্বসম্মতভাবেভারতের নেতারা নিশ্চয় মনে রেখেছেন যে সীমান্ত চুক্তি অনুসমর্থনে বাংলাদেশ তার দায়িত্ব সম্পন্ন করার পরে চার দশকের বেশি সময় কেটে গেছে। কোনো একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করার পর তার বাস্তবায়ন ঘটাতে এত দীর্ঘ সময় লাগানোর বিষয়টি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে চুক্তি অনুসমর্থনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে বাস্তবে এর সুফল লাভ করার বিষয়টি ক্রমেই সবার মনোযোগের কেন্দ্রে আসবে। আমরা আশা করব যে ছিটমহল ও অপদখলীয় এলাকা অদল-বদলের ঘটনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনে যেন আর কোনোভাবেই আশাভঙ্গের কারণ না ঘটে। বিপুলসংখ্যক মানুষ, যারা ইতিহাসের উদ্বাস্তু হিসেবে দিন কাটাচ্ছিল, তাদের মৌলিক অধিকার ও সুযোগ–সুবিধা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ভারত তার অংশের ছিটমহলের অবকাঠামো উন্নয়ন ও উদ্বাস্তু পুনর্বাসনের পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকেও অনুরূপ ব্যবস্থা নিতে হবে।
দুই দেশের সীমান্তরক্ষীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে সাড়ে চার হাজার কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্তকে শান্তির সীমান্তে পরিণত করা।