স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দিনের পর দিন কমছে কৃষিজমি। খননযন্ত্রের মাধ্যমে সেই জমির মাটি চলে যাচ্ছে ইটের ভাটায়। সেই ইট দিয়ে গড়ে উঠছে নতুন নতুন আবাসন ও দালানকোঠা। আবার সেই আবাসনের জন্যও দখল হচ্ছে কৃষিজমি। শুধু তাই নয়, নদী ও খালও বাদ যাচ্ছে না। যেমনটি আমরা দেখছি, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যবর্তী পাইন খালকে কেন্দ্র করে। খালের তীরভূমি ও পাশের খাসজমিতে বসানো হয়েছে আবাসন প্রকল্পের সাইনবোর্ড। খননযন্ত্র দিয়ে মাটি ফেলে দখল করা হয়েছে খালের তীর। এমন দখলবাজির ফলে পাইন খাল সরু হয়ে গেছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, অ্যাপোলো হাউজিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান পাইন খালের তীর ও পাশের খাসজমি দখল করে গড়ে তুলছে ‘অ্যাপোলো লেক সিটি’ নামের আবাসন প্রকল্প। খালের তীরে মাটি ফেলে কমপক্ষে পাঁচ-ছয় বিঘা জায়গা ভরাট করে ফেলেছে। শুধু অ্যাপোলো হাউজিং ছাড়াও সেখানে গড়ে উঠেছে আরও আবাসন কোম্পানি। যাদের কারণে ওই এলাকার কৃষিজমির প্রায় সবটুকু অংশ ভরাট হয়ে গেছে। এখানে এখন আগের মতো শস্য আবাদ করা যায় না।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একসময় পাইন খাল অনেক প্রশস্ত ছিল। কিন্তু আবাসন কোম্পানিগুলো কৃষিজমি ও তীরে মাটি ফেলায় খালটি এখন নামসর্বস্ব টিকে আছে। খালের দুই তীরে বেশ কয়েকটি আবাসন কোম্পানির দখলে থাকায় আশপাশের কৃষিজমিতে সেচ দেওয়া যায় না। এই এলাকায় আবাসন কোম্পানির আগ্রাসন বন্ধ না হলে কৃষিজমি ও পাইন খাল রক্ষা করা যাবে না। যদিও অ্যাপোলো হাউজিং কোম্পানির দাবি বৈধ কাগজপত্রের মাধ্যমে জমি কিনে ভরাট করে প্লট আকারে বিক্রি করছে তারা। খালের তীরভূমি ও কৃষিজমি দখলের অভিযোগ সঠিক নয়। নিয়ম মেনেই আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, খালপাড়ের আবাসন প্রকল্পের কর্মকর্তারা জমির মালিকানা দাবি করছেন। কিন্তু খালের তীরভূমির মাটি কাটা ও ভরাটের অধিকার তাঁদের নেই।

আবাসন ও শিল্পকারখানার জন্য অবশ্যই জমির প্রয়োজন আছে। কিন্তু সেটি কোনোভাবেই নদী-খাল বা কৃষিজমি দখল করে নয়। প্রধানমন্ত্রীরও স্পষ্ট নির্দেশনা আছে, কৃষিজমিতে বসতবাড়ি ও শিল্পকারখানা স্থাপন করা যাবে না। ঢাকার খালগুলো দখলের শিকার হওয়ার পর সেগুলো উদ্ধার করা রীতিমতো অসম্ভব কাজ এখন। ফলে দক্ষিণ কেরানীগঞ্জ ও সিরাজদিখানে যে দখল প্রক্রিয়া চলছে, তাকে এখনই থামাতে হবে। স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান, দখলবাজির বিরুদ্ধে শুরুতেই কার্যকর পদক্ষেপ নিন।