স্থানীয় বনাম জাতীয় সরকার: দুর্বলতার রেখাচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার ও স্থানীয় শাসনব্যবস্থা নিয়ে বাংলাদেশে উদ্বেগ ও উৎকণ্ঠার অন্ত নেই। বেশির ভাগ আলোচনায় ঘুরেফিরে আসে, ‘স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী’ করতে হবে। স্থানীয় সরকার কি শক্তিহীন? যদি হয় তাহলে শক্তির জোগান কীভাবে হবে? বহু বছর ধরে এ লক্ষ্যে প্রকল্প রচনায় কোনো বিরাম নেই। কিন্তু স্থানীয় সরকারের শক্তিবৃদ্ধি ঘটছে না। স্থানীয় সরকার একটি ব্যবস্থা, পদ্ধতি বা প্রতিষ্ঠান হিসেবে এবং নেতৃত্বের স্তর হিসেবে ব্যক্তি বা সমষ্টিগতভাবে মোটেও দুর্বল বা শক্তিহীন নয়। দুর্বলতার কথা বেশি বলা হয় ‘শক্তিশালীকরণ’ প্রকল্পগুলোর যৌক্তিকতা প্রমাণের জন্যই। এ জন্যই এর সত্যিকার শক্তির ক্ষেত্রগুলোকে আড়াল করে দুর্বলতার স্থানগুলোকে বেশি করে তুলে ধরা হয়। এতে করে তাদের শক্তির প্রকাশ ও বিকাশ আরও বেশি বাধা পায়।সারা দেশে কার্যকর স্থানীয় সরকারপ্রতিষ্ঠান যথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন মিলিয়ে প্রায় পাঁচ হাজার ৩০০ প্রতিষ্ঠান এবং প্রায় ৬৪ হাজার নির্বাচিত প্রতিনিধি বা নেতা রয়েছেন। এসব নেতা তাঁদের স্ব-স্ব প্রতিষ্ঠানের আইন-নির্দেশিত কার্যক্রমের বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কাজ ঐতিহ্যগতভাবে করে আসছেন, যার কোনোরকম জাতীয়ভিত্তিক পরিসংখ্যান নেই; নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। আমাদের সমাজব্যবস্থা, রাষ্ট্র, এলিট শ্রেণী ও ক্ষমতাবানদের দুর্বলতা হচ্ছে, তারা সে শক্তির ক্ষেত্রগুলোকে বুঝে ব্যবহার করতে পারছে না।স্থানীয় সরকারের স্বাভাবিক ক্ষেত্রগুলো বিকাশে সহায়তার বদলে পদে পদে বাধার সম্মুখীন করা হচ্ছে। জাতীয় সরকার জাতীয় ক্রিয়াকাণ্ড ভুলে ক্রমশ স্থানীয় সরকারের অধিক্ষেত্রের মধ্যে আগ্রাসন চালাচ্ছে। ‘জাতীয় সরকার’ বেশি মাত্রায় ও পরিমাণে ‘স্থানীয়’তে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাতে বাড়ছে দ্বন্দ্ব, বাড়ছে সংঘাত। দুই পক্ষেরই তাতে শক্তিক্ষয় হচ্ছে। তাই যারা স্থানীয় সরকার শক্তিশালীকরণের স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করছে, তাদের একটু ভাবতে বলব, ‘দুর্বলতা রোগ’ স্থানীয় সরকারের নয়, এটি জাতীয় সরকারেরই—স্থানীয় পর্যায়ে তার বিস্তার ঘটেছে মাত্র। জাতীয় সরকারের রোগ আগে সারিয়ে তুলুন; স্থানীয় সরকারের রোগ আপনাতেই সারবে।সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা এবং তার একটি অনুকরণীয় পথ রচনায় স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের ৬৪ হাজার নেতাকে কীভাবে সম্পৃক্ত করা যায় তার উপায় উদ্ভাবন আজ অনেক বেশি জরুরি। স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার অন্যতম সূত্রগুলো হচ্ছে চেয়ারম্যান-মেম্বারদের অধিক কর্তৃত্ব, অধিক অর্থ, জনবল ইত্যাদি প্রদান। কিন্তু ততোধিক জরুরি হচ্ছে অসুস্থ, অশিষ্ট, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত রাজনৈতিক কাঠামোর অন্তর্গত উপব্যবস্থা হিসেবে গড়ে ওঠা স্থানীয় নেতৃত্বের মধ্যে সততা, নিষ্ঠা, জনসম্পৃক্ততা এবং মৃত্তিকালগ্নতার দৃঢ় একটি ভিত্তি সৃষ্টি। দুর্নীতি ও নীতি-নৈতিকতাহীনতার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণের জন্য তাঁদের প্রস্তুত করা।আজকাল স্থানীয় সরকারের নেতা, জাতীয় নেতা ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা জিআর, টিআর, কাবিখা, কাবিটা, ৪০ দিনের কর্মসৃজন, ভিজিডি, ভিজিএফ কার্ড ইত্যাদি নিয়ে যে রকম বিবাদ-বিসম্বাদে জড়িয়ে পড়ছেন, তাতে স্থানীয় সরকারের ক্ষমতায়ন-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবারই শঙ্কিত হওয়ার কারণ আছে। নেতারা যেভাবে ওই একটি বিষয়ের সঙ্গে নিজেদের সব কামনা-বাসনা একাকার করে দেখছেন তা ভবিষ্যতে সৎ, সুষ্ঠু, সুস্থ ও গণমুখী নেতৃত্ব বিকাশে মোটেও সহায়ক হবে না। সুবিধাবাদী, ফায়দাবাদী, মেরুদণ্ডহীন ও নতজানু নেতৃত্বের অচলায়তন থেকে স্থানীয় সরকারব্যবস্থার নেতৃত্বকে বের করে এনে তাদের যত বেশি করে মেরুদণ্ড সোজা করে দাঁড় করানো যাবে, স্থানীয় সরকারের শক্তির বিকাশ হবে তত দ্রুত। আইন-কানুন পরিবর্তনের আন্দোলনের সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বকে তাদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের খোলস থেকে বের করে আনতে হবে। নেতৃত্ব তৈরির প্রাথমিক প্রতিষ্ঠান স্থানীয় সরকারব্যবস্থা জাতীয় রাজনৈতিক পদ্ধতিতে নেতৃত্ব সৃষ্টি ও বিকাশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। গত ৫০ বছরের ইতিহাস বিচার করলে দেখা যাবে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতিকে বহু বিখ্যাত রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব উপহার দিয়েছে। কিন্তু এ মুহূর্তে জাতিকে গভীরভাবে ভাবতে হবে, বর্তমানের ‘ধামা, কুড়াল ও কিরিচবাদী’ ছাত্ররাজনীতি থেকে জাতি কি ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব পেতে পারবে? এ অবস্থায় রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে স্থানীয় সরকার প্রশিক্ষণাগার হিসেবে আবির্ভূত হতে পারে। অতীতেও নেতাজি সুভাষ বসু, এ কে ফজলুল হক, এমনকি পণ্ডিত জওহরলাল নেহরু পৌরসভার দায়িত্ব পালন করেছেন। এটিই নেতৃত্ব সৃষ্টি, লালন ও পরিপক্বতার অন্যতম সরল ও স্বীকৃত পথ।আমাদের সামনে প্রয়োজন সঠিক উপলব্ধি ও নেতৃত্বের সঠিক পরিচর্যা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য পথ ও পন্থায় দেশে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। ৪৮১টি উপজেলা পরিষদে এক হাজার ৪৪৩ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই বিশেষ পর্যায়ে দীর্ঘ ১৯ বছর বৈধ ও আনুষ্ঠানিক নেতৃত্বের শূন্যতা ছিল। এ নির্বাচন সে শূন্যতা পূরণ করেছে। এই এক হাজার ৪৪৩ জন নেতার মধ্যে অনেক স্বপ্ন ও প্রত্যাশা। আইনগত ভিত্তি, প্রশাসনিক আয়োজন ও রাজনৈতিক অঙ্গীকার সবই বিদ্যমান। যদি তাঁরা আগামী চার-পাঁচ বছর পরিষদে বসে হাতে-কলমে কাজ করার সুযোগ লাভ করেন, তাহলে দেশের সার্বিক নেতৃত্বকাঠামো, নেতৃত্বের দৃষ্টিভঙ্গি, আচার-আচরণ প্রভৃতি ক্ষেত্রে একটি গুণগত পরিবর্তনের সূচনা হবে। আমরা যত দূর এই নতুন নেতৃত্বকে বোঝার চেষ্টা করেছি তাতে মনে হয়েছে, এখনো আপসকামিতা, ফায়দাবাদিতা, দুর্নীতি ও অনিয়মের পিচ্ছিল পথে এঁদের বেশির ভাগই যাত্রা করেনি। হাতে-কলমে কাজ করার মাধ্যমে এঁদের সঠিকভাবে বিকাশের সুযোগ দিলে জাতি একটি ঋদ্ধ রাজনৈতিক নেতৃত্বের পরম্পরা সৃষ্টি করতে পারবে।অনিশ্চিত নির্বাচন নিরুদ্বেগ নাগরিক সমাজঅবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ দেশে ৩০০ সদস্যের একটি জাতীয় সংসদ থাকলেই চলবে। এককেন্দ্রিক এ রাষ্ট্রে একটি সংসদ, একজন প্রধানমন্ত্রী ও একটি মন্ত্রিসভা থাকাই যথেষ্ট, অন্য কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনী রোডম্যাপে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চারটি সিটি করপোরেশন (সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহী) এবং নয়টি পৌরসভা নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। প্রধান রাজনৈতিক দলগুলো থেকে দাবি ছিল, জাতীয় নির্বাচন আগে হোক, তারপর স্থানীয় নির্বাচন করা যাবে। জাতীয় নির্বাচন হয়ে গেল। এখন সরকার স্থানীয় নির্বাচন নিয়ে রহস্যজনক ভূমিকায় অবতীর্ণ। দুই বছরের বেশি মেয়াদ-উত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশন, সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ ও ৩০০ পৌরসভা আধা কার্যকর। তারা কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। এসব প্রতিষ্ঠানে তাই অচলাবস্থা চলছে।সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সংস্থাগুলোর নিজস্ব সমিতি ও নাগরিক সমাজ—সর্বত্র একটা নির্বিকার অবস্থা। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্তে তা বন্ধ হয়ে যায়। দেশের প্রধান বিরোধী দলসহ সবাই মুখে কুলুপ এঁটে থাকল। নাগরিক সমাজ থেকেও কোনো উচ্চবাচ্য নেই। মেয়াদ-উত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সম্পর্কেও একই অবস্থা। কিন্তু পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নিয়ে নানা রকম প্রকল্প রচনা ও সম্পদ প্রবাহ সমানে চলছে। এ রকম একটি অন্তর্বর্তী সময়ে নির্বাচনকে অনিশ্চিত রেখে অর্থসম্পদ বরাদ্দ করলে সেখানে তার সঠিক ব্যবহার হয় না এবং সত্যিকার অর্থে হচ্ছেও না। এই সময়ের অপচয়-অনিয়মের দায়ভার কে গ্রহণ করবে?উপজেলা পরিষদের বরফ গলছে কি? উপজেলা পরিষদ ১৪-১৫ মাস ধরে একধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। প্রধানমন্ত্রী কর্তৃক চেয়ারম্যানদের চার দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে কিছু ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন। কারণ আইনে যতটুকু সুযোগ রয়েছে ততটুকু সুযোগ গ্রহণ করেও পরিষদ কাজ করতে পারেনি। যেমন, পরিষদের নিয়মিত সভা সঠিক পদ্ধতিতে হয়নি, ২০০৯-১০ অর্থবছর শেষ হতে চললেও উপজেলা পরিষদের কোনো বাজেট হয়নি, হয়নি উন্নয়ন পরিকল্পনা।গত বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৩২৫ কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া হলেও উপজেলা পরিষদ সে অর্থ নিজেরা ব্যবহার করতে পারেনি। ওই অর্থ পূর্ব নিয়মে ইউনিয়ন পরিষদে বণ্টন হয়ে গেছে। পরিষদে ন্যস্ত সংস্থাপনসহ ১০টি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা পরিষদ গঠনের আগে যেভাবে কাজ করতেন সেই একই নিয়মে এখনো কাজ করছেন। এখানে ক্ষমতা হারানোর ভয় ও শঙ্কা ভীষণ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই তিনটি ক্ষমতাকেন্দ্রে দারুণ উদ্বেগ, কে কখন কোন কর্তৃত্ব ও ক্ষমতা হারিয়ে বসেন! বর্তমান সময়টি উপজেলা পরিষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত অর্থবছরে পরিষদের কোনো বাজেট হয়নি—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নেওয়া উচিত। এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা ও উপজেলা এই তিন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া উচিত। আবার আগামী অর্থবছরে উপজেলা পরিষদের পরিকল্পনা ও বাজেট সম্পর্কে এখনো কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তা যদি না হয় তাহলে আরও একটি বছর অপচয়ের হিসাবে যুক্ত হবে।তিন খুঁটির ঘর উপজেলা পরিষদে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান—এ তিনজনই শুধু পরিষদের নিজের লোক। এই তিনটি নড়বড়ে খুঁটির ওপর উপজেলা পরিষদ নির্ভরশীল। কিন্তু এ পরিষদে আরও তিনটি প্রতিদ্বন্দ্বী পক্ষ রয়েছে। কর্মকর্তারা এখনো কেন্দ্রীয় সরকারের অংশ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা মনে মনে উপজেলাকে আপদ মনে করছেন। তার ওপর রয়েছে বেশির ভাগ এমপির বিরোধিতা। এ তিন শরিকের বিরোধ এড়িয়ে এটিকে টিকানোর উপায় কী? জেলা, উপজেলা ও ইউনিয়ন এ তিন স্তরে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকারপ্রতিষ্ঠান সাংবিধানিক। ভারসাম্যপূর্ণভাবে এ তিন স্তরে স্থানীয় সরকার ও শাসনব্যবস্থা কার্যকরের কোনো বিকল্প নেই। এগুলো ভারসাম্যপূর্ণভাবে চালু হলে কেউই ক্ষমতা হারাবে না। এখানে হার-জিতের প্রশ্ন বড় নয়। দেশের নাগরিক হিসেবে সবার জিত হবে। এখানে সাংসদ, সরকারি কর্মকর্তা ও পরিষদ সবারই ক্ষমতা বাড়বে। একজন কর্মকর্তা শুধু কর্মকর্তা হিসেবে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করেন। জনপ্রতিনিধির সঙ্গে মিলে কাজ করলে তিনি তাঁর সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবেন।একজন সাংসদ যদি নিজে স্থানীয় সরকারবান্ধব হন তাহলে তিনি চারদিকে তাঁর অনেক হাত, পা, চোখ, কান বিস্তৃত করতে পারবেন। স্থানীয় সরকার পাবে তাদের অভিভাবক। উপলব্ধির দৈন্য ও দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা এখানে বিপুল সম্ভাবনাকে অহেতুক কণ্টকাকীর্ণ করেছে। জাতি হিসেবে বিষয়টি আবার আমাদের নতুন করে ভাবতে হবে।ড. তোফায়েল আহমেদ: স্থানীয় সরকার বিশেষজ্ঞ। বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য।