স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত জনবল, বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, যথেষ্ট পরিমাণে রাজস্ব আদায় না হওয়া ইত্যাদি নিয়ে বরিশাল সিটি করপোরেশনে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
প্রথম আলোর খবর অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে সাত দিন ধরে কর্মবিরতি পালন করছেন। কর্মীরা বর্জ্য অপসারণ না করায় আবর্জনার দুর্গন্ধে নগরবাসীর জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। প্রধান সড়ক, অলিগলি—সবখানে ময়লা-আবর্জনার স্তূপ। বাসাবাড়ির আবর্জনা কেউ নিচ্ছে না। ওই আবর্জনা ফেলা হচ্ছে সড়কে। ফলে গোটা নগর পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে।
বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, করপোরেশনে প্রয়োজনের তুলনায় জনবল অনেক বেশি। অন্যদিকে রাজস্ব আদায় হয়েছে কম। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া পড়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, বেতন-ভাতা দিতে হবে রাজস্ব আয় থেকে। উন্নয়ন খাত থেকে বেতন বাবদ ব্যয় করা যাবে না। এখন অতিরিক্ত কর্মীর সংখ্যা প্রায় এক হাজার। যখন যে মেয়র আসেন, ইচ্ছামতো কর্মী নিয়োগ দেন। তাঁদের বেশির ভাগের নিয়োগ দেওয়া হয়েছে অস্থায়ী ভিত্তিতে। এর মধ্যে অনেকে আবার কোনো দিন সিটি করপোরেশনে আসেনওনি, তাঁরাও বেতন নিচ্ছেন।
প্রশ্ন হচ্ছে, কোন বিবেচনায় এত বিপুলসংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজন না থাকলে কেন এত কর্মী নিয়োগ। বোঝাই যাচ্ছে, মেয়ররা তাঁদের পছন্দের লোককে বা দলীয় পরিচয়ের ভিত্তিতে লোক নিয়োগ দিয়েছেন।
দেশের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশনের এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা সিটি করপোরেশন কর্তৃপক্ষের নেই। খোদ মেয়রই বলেছেন, চাইলেও এখন জনবল কমানোর উদ্যোগ নেওয়া যাবে না। কেননা, এ রকম করা হলে কর্মচারীরা আন্দোলন শুরু করে দেন। আবার আয় বাড়াতে হলে নগরবাসীর ওপর অতিরিক্ত করের বোঝা চাপাতে হবে। সেটাও কাম্য নয়।
এ সংকট সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে হবে। প্রয়োজনে সিটি করপোরেশনগুলোতে নিয়োগ বিধিমালা নতুন করে প্রণয়ন করতে হবে।