স্থানীয় সরকার সংস্থার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দলীয়ভাবে স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে রাজনৈতিক মহলে যেসব সংশয় ও সন্দেহ দেখা দিয়েছিল, তা আরও বাড়িয়ে দেয় খসড়া আইনে প্রশাসক নিয়োগের বিধানটি। এতে পাকাপাকিভাবে স্থানীয় সরকার সংস্থাগুলো ক্ষমতাসীনদের ‘হাতের পুতুলে’ পরিণত হতো। কিন্তু আইন মন্ত্রণালয় সেই খসড়া থেকে প্রশাসক নিয়োগের বিধান বাদ দেওয়ায় বলতে হবে সংশ্লিষ্টদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে সেটি স্বেচ্ছায় হয়েছে বলে মনে হয় না। পৌরসভা সমিতি মামলা করার হুমকি দিয়ে রেখেছিল।
স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের সুযোগ থাকছে নাস্থানীয় সরকার সংস্থা অনির্বাচিত প্রশাসক দিয়ে চালানোর কী পরিণতি হয়, তার কিছুটা প্রমাণ পাওয়া গেছে জেলা পরিষদ ও ঢাকার দুই সিটি করপোরেশনে। নির্বাচনের আগ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুই অনির্বাচিত প্রশাসক যে পুকুরচুরি করে গেছেন, সেটি এখন সরকারি পরিবীক্ষণেই ধরা পড়ছে। দু-একটি ব্যতিক্রম বাদে জেলা পরিষদগুলো সম্পর্কেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। নির্বাচিত প্রতিনিধিরা ভোটারের ভয়ে কিংবা অন্য যেকোনো কারণে হোক কিছুটা সমঝে চলার চেষ্টা করেন। কিন্তু অনির্বাচিত প্রশাসকদের সেই বালাই নেই। তাঁরা আখের গোছাতেই ব্যস্ত থাকেন।
এই প্রেক্ষাপটে পৌরসভা আইনের খসড়া হতে প্রশাসক নিয়োগের বিধান বাদ দেওয়ার যে সিদ্ধান্ত আইন মন্ত্রণালয় নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। তবে আইনটি এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তী কোনো পর্যায়েই যাতে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থায় প্রশাসক নিয়োগ নয়। মৃত্যু বা অন্য কোনো কারণে কোনো পদ খালি হলে সরকার নির্বাচনের মাধ্যমে সেই পদ পূরণ করবে, এর অন্যথা গ্রহণযোগ্য নয়।
আইনটি চূড়ান্ত না হওয়ায় নির্বাচন কমিশন পৌরসভাগুলোর নির্বাচনের প্রস্তুতি নিতে পারছে না, যদিও জানুয়ারির মধ্যেই ২৪৫টি পৌরসভার নির্বাচন শেষ করতে হবে। সে ক্ষেত্রে সরকারের উচিত হবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা।