ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচিত দুই মেয়র দায়িত্ব গ্রহণের পর থেকে এই মহানগরের বাসিন্দাদের মনে আশা জেগেছিল যে এখানে মানুষের বসবাস মোটামুটি সহনীয় করার নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে। কিছু এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কিছু প্রয়াস দেখাও গেছে। কিন্তু তবু এখনো অনেক এলাকার রাস্তাঘাট ও ফুটপাতের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।
একটি দৃষ্টান্ত মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত সড়কটি। শুক্রবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে এই সড়ক নিয়ে। চার কলামজুড়ে বিশাল ছবিতে দেখা যাচ্ছে, সড়কের একটি অংশ ময়লা-আবর্জনা ও কাঁচাবাজারের উচ্ছিষ্টে সয়লাব হয়ে আছে; গরু চরে বেড়াচ্ছে সেখানে। প্রতিবেদনটি বলছে, শাহ আলী কলেজ মার্কেটের সামনের সড়কের বেশির ভাগ জায়গাজুড়ে সারা দিন কাঁচা শাকসবজির বাজার বসে। ফুটপাতও অবৈধ দোকানিদের দখলে। সড়কের ওপরে সিটি করপোরেশনের আবর্জনার কনটেইনার থেকে উপচে পড়া ময়লা–আবর্জনা, ছড়িয়ে পড়া দুর্গন্ধে অসহনীয় অবস্থা। সড়কের প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে রাখা হয়েছে আবর্জনার কনটেইনার, যা নিয়মিত পরিষ্কার করা হয় না। অসহনীয় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। এক বাসিন্দা পরিহাসের সঙ্গে মন্তব্য করেছেন, ‘মেয়র পরিষ্কার ঢাকা গড়তে চান। একবার এই রাস্তায় এলে বুঝবেন পরিচ্ছন্ন ঢাকা কাকে বলে!’
সিটি করপোরেশনের কাছে নগরবাসীর প্রত্যাশা এত বেশি নয়, যা করা করপোরেশনের পক্ষে অসম্ভব। সড়কের ওপর দিন-রাত কাঁচাবাজার বসা, ফুটপাতের অধিকাংশ জায়গা দখল করে ভাসমান দোকানপাট চালানো, দুর্গন্ধময় আবর্জনার কনটেইনার রাস্তার ওপর ফেলে রাখা ও তা নিয়মিত পরিষ্কার না করা—এসব থেকে মুক্তি পাওয়ার দাবি অবশ্যই ন্যায্য ও যুক্তিসংগত। সিটি করপোরেশন কর্তৃপক্ষ যদি এসব সমস্যা সমাধানের স্থায়ী ও কার্যকর উদ্যোগ না নেয়, তবে তা অবশ্যই নগরবাসীকে ক্ষুব্ধ করে।
মিরপুরের এই একটি সড়কের চিত্র একটা দৃষ্টান্তমাত্র। এ রকম দুরবস্থা আরও অনেক এলাকায় আছে। সিটি করপোরেশনের দায়িত্ব এসব সমস্যা সমাধানের স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেওয়া।