বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে আমি সেদিন আমার কার্যালয়ে বসা। এক ছাত্রী দুয়ারে দাঁড়িয়ে অনুমতি চাইল প্রবেশের। ইশারা পেয়ে ঘরে ঢুকে বলল, ‘ম্যাডাম, আমার একটি ব্যক্তিগত যন্ত্রণা আপনার সঙ্গে শেয়ার করতে চাই।’ বলেই বলল, সে জানে যে বিসিএস পরীক্ষায় সাধারণত হিন্দুদের চাকরি হয় না। কিন্তু হলের সিট বরাদ্দের ব্যাপারে এ রকম কোনো অলিখিত নিয়ম আছে কি না।তখন চারদলীয় জোট সরকার ক্ষমতায়। আমি ছাত্রীটির জিজ্ঞাসার উত্তরে বললাম, হলের সিট মেধার ভিত্তিতে বণ্টন করা হয়।স্নিগ্ধা জানাল, সে হলের সিটের জন্য আবেদনপত্র জমা দিয়েছিল বিশেষ একটি কক্ষের নম্বর উল্লেখ করে। সেদিন সে গিয়েছিল উল্লিখিত কক্ষের ছাত্রীদের সম্মতি নিতে। দীর্ঘদিন তারা আশ্বাস দিয়ে এলেও সেদিন তারা অসম্মতি জানিয়েছে স্নিগ্ধাকে নিতে। কারণ, এত দিন তারা স্নিগ্ধার নাম শুনে বুঝতে পারেনি তার ধর্মীয় পরিচয়। পরে তারা জানতে পেরেছে যে স্নিগ্ধা মাধুরী নামধারী মেয়েটি জন্মসূত্রে হিন্দু। বলেই মেয়েটি কাঁদতে শুরু করল।আমি ওকে আশ্বস্ত করলাম, ওকে এমন একটি রুমে সিট বরাদ্দ দেওয়া হবে, যেখানে ওর এই অনুভূতি ওকে পীড়া দেবে না। পরামর্শ দিলাম ভালো করে পড়াশোনা করে বিদেশে চলে যেতে।দেশে পড়া শেষ করে স্নিগ্ধা পাড়ি জমিয়েছে কানাডায়। একটি বিশ্ববিদ্যালয়ে এমফিল করছে। কয়েক দিন আগে আমার একই অফিসে এসে প্রণাম করল। জানাল ওর বর্তমান অবস্থার কথা। আমি জিজ্ঞেস করলাম এখন সে কেমন আছে। বলল, বর্ণবৈষম্যের যন্ত্রণা এখনো ওর পিছু ছাড়েনি।সম্প্রতি ঘটে যাওয়া চট্টগ্রামের পাথরঘাটা ও হাটহাজারী, সাতক্ষীরা, দিনাজপুরের চিরিরবন্দর এবং অতি সম্প্রতি কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া ও পটিয়ায় যে ধ্বংসযজ্ঞের কথা আমরা জানলাম, তা আমাদের কোন অনুভূতিতে আচ্ছন্ন করে? গত ২৯-৩০ সেপ্টেম্বর ক্ষুদ্র নির্বিরোধী বৌদ্ধ সম্প্রদায়ের অনেকগুলো মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বৌদ্ধদের বসতবাড়িতে লুটপাট, কংক্রিট নিক্ষেপ ও আগুন লাগানো হয়েছে। রামুতে ৩০০-৪০০ বছরের পুরোনো যে বৌদ্ধমন্দির ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে, তার প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। এই ক্ষতি অপূরণীয়। শুধু অর্থ দিয়ে মন্দির পুনর্নির্মাণে এই ক্ষতি পূরণ হওয়ার নয়। আর বৌদ্ধ সম্প্রদায়ের মনে যে ক্ষত সৃষ্টি হলো, তাতে প্রলেপ পড়তে পারে, কিন্তু ওই দাগ মুছে ফেলতে কি আমরা পারব বা কত দিনে পারব?ইতিমধ্যে এটা পরিষ্কার যে, জনৈক উত্তম কুমার বড়ুয়ার ফেসবুকে একটি ইসলামবিরোধী ছবি ট্যাগ করে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ওই ধ্বংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু সন্ধ্যারাতে উত্তেজনা সৃষ্টির ঘটনাস্থলে সংসদ সদস্য, পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা এসেছিলেন। তাঁদের ভূমিকা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা বরং বলেছেন, তাঁরা কেউ কেউ উত্তেজনাকর বক্তৃতা দিয়েছেন, হামলার সহায়ক ভূমিকাই পালন করেছেন। তাঁদের দাবি, তাঁরা হামলা ঠেকাতে চেষ্টা করেছেন। তবে এটা সত্য যে সংগঠিত হামলা হয়েছে। বিশেষত প্রশাসন ও পুলিশ যে নিষ্ক্রিয় ছিল এবং ব্যর্থ হয়েছে, তা তো এখন প্রতিষ্ঠিত। প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্থানীয় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ব্যর্থতা ও দুর্বলতাকে অস্বীকার করার চেষ্টা করলে বা উপলব্ধি না করলে ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যাবে না।প্রশাসন প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে, স্বাধীনতার পরে প্রথম বছর একটি সাদামাটা ইন্টারভিউ নিয়ে মুক্তিযোদ্ধা তরুণদের অ্যাসিসটেন্ট কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৩ সালে একটি সুপিরিয়র পোস্ট এক্সামিনেশন গ্রহণ করা হয়। কিন্তু সুবিন্যস্ত ক্যাডার নিয়ে বাংলাদেশের কাঠামোগত জনপ্রশাসন বা সিভিল সার্ভিসের যাত্রা শুরু হয় পাকিস্তানি সিভিল সার্ভিসের আদলে একটি আদেশের ভিত্তিতে ১৯৭৮ সালে বিসিএস পরীক্ষা গ্রহণ করে। এরপর দীর্ঘ সময় দুই মেয়াদে আওয়ামী লীগের সরকার ছাড়া অধিকাংশ সময় কেটেছে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের রাষ্ট্রাদর্শের প্রতি বিরূপ এক বিশেষ মূল্যবোধ লালনকারীদের শাসনে। প্রশাসন, শিক্ষাসহ সর্বক্ষেত্রে এর প্রভাব পড়েছে। সেই সময়কালে চাকরি পাওয়া প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের মনমানসিকতার প্রতিফলন রামুর মতো ঘটনায় ঘটলে আশ্চর্য হওয়ার কিছু নেই। খুব সজাগ থাকা ও অবিরাম সচেতন চেষ্টা ছাড়া এ অবস্থার পরিবর্তন সহজসাধ্য নয়।শুধু প্রশাসন বলি কেন, সমাজে ও সব পেশাজীবীর মধ্যে অসুস্থ মানসিকতা গভীরে শিকড় গেড়েছে। আমার এক বন্ধু দু-এক বছর আগে থ্রম্বসিসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি নামকরা হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক রোগীর পুরোনা ব্যবস্থাপত্র দেখে ক্রোধে ফেটে পড়েন। একপর্যায়ে প্রেসক্রিপশন ছুড়ে ফেলে দেন। রোগীর অপরাধ, এর আগে যে ডাক্তারের চিকিৎসা নিয়েছিল, তিনি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী! আমার বন্ধুটি প্রাণ বাঁচাতে অন্য হাসপাতালে যায় এবং সে যাত্রা প্রাণে বাঁচে। হায়, এখন রোগীদেরও জানতে হবে কোন ডাক্তার কোন দলের সমর্থক!সমাজে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার দায়িত্ব কার? সন্তানদের স্কুল-কলেজে পাঠিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকি। অধিকাংশ স্কুলে শিক্ষকেরা কি গতানুগতিক পাঠদান ছাড়া অন্য কোনো বিষয়ে নজর দেন? ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’, ‘সদা সত্য কথা বলিব’ কিংবা ‘জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর’—এ-জাতীয় বাক্য কি শেখানো হচ্ছে শিশুদের? ন্যায়-নীতিবোধ শিক্ষা ও সঞ্চারের জন্য পরিবার, শিক্ষালয় ও সমাজকে সমভাবে এগিয়ে আসতে হবে। সংস্কৃতিকর্মী, রাজনৈতিক দল ও বিভিন্ন স্তরের সচেতন মানুষকে এখন অনেক বেশি দায়িত্ববান ও সক্রিয় হতে হবে সাম্প্রদায়িক প্রীতি অক্ষুণ্ন রাখতে, প্রশাসনকে জবাবদিহি হতে বাধ্য করতে এবং অন্ধকারের শক্তিকে প্রতিহত করতে। দেশের সব বিবেকবান মানুষের এখন উচিত ঐক্যবদ্ধভাবে রামু, উখিয়া, পটিয়ার আঘাতপ্রাপ্ত বৌদ্ধ ভাইবোনদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের মানসিক ক্ষত দূরীকরণে এগিয়ে যাওয়া।লোপা আহমেদ, সংস্কৃতিকর্মী।