স্বজনহারা মানুষের পাশে কয়েক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবারের সকালবেলাটা অন্য রকম। গত কয়েক দিনের অসহ্য গরম নেই। মেঘে ঢাকা পড়েছে সূর্য। মনে হলো, প্রকৃতিও উদ্ধারকাজে নেমেছে। হাজার হাজার মানুষের পায়ের ধুলায় ঢেকে গেছে এনাম হাসপাতাল ও অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠের আকাশ-বাতাস। মাঠে এই মুহূর্তে কত মানুষ প্রিয়জনের অপেক্ষা করছেন, সেটা অনুমান করা যাচ্ছে না। কিন্তু এটা প্রায় নিশ্চিত যে কেউ জীবিত মানুষের জন্য অপেক্ষা করছেন না। অপেক্ষা করছেন লাশের জন্য। তাঁরা যাঁদের দেখবেন, এঁরা সবাই লাশ। অপেক্ষা শুধু লাশের জন্য। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের লম্বা বারান্দা। সারি সারি লাশ রাখা হয়েছে এখানে। লাশগুলো পড়ে আছে শনাক্ত হওয়ার অপেক্ষায়। প্রিয়জনের জীবন নয়, লাশটি ফিরে পাওয়ার পর অনেকে চিৎকার করে কাঁদছেন। আমরা কেউ জানি না, এ কান্নার শেষ কোথায়। এনাম হাসপাতাল, অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও রানা প্লাজার আশপাশে রাত-দিন আহাজারি করছেন স্বজন হারানো মানুষ। সাভারের বিভিন্ন দেয়ালে, বিশেষ করে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠের দেয়ালজুড়েই আহত বা নিহত ব্যক্তিদের ছবি ও ঠিকানা। এই মানুষগুলো হয়তো আর কোনো দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারবেন না। ঠিকানাহীন বেওয়ারিশ লাশের ঘর অথবা কবরের নৈঃশব্দ্য ঘন অন্ধকারই হবে তাঁদের ঠিকানা। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের দেয়ালে রেশমা বেগম, লিমা আক্তার, রহিমা বেগম, আশরাফুল ইসলাম, সাইদুর রহমান, মমিনুল ইসলাম—কত মানুষের নাম, ঠিকানা, ছবি, কান্নাকাটি, আহাজারি—সবকিছু একাকার হয়ে মিশে আছে।এনাম মেডিকেল কলেজ সাভার ট্র্যাজেডির দুঃসহ ভার বহন করছে। ১১ তলা ভবনের আটতলা পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে রোগীদের শুশ্রূষা চলছে। এই হাসপাতালের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী—কারও সঙ্গে কথা বলার সুযোগ নেই। তাঁরা ওপর-নিচ ৩ থেকে ৫ আবার ৫ থেকে ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসার কাজে ছোটাছুটি করছেন। চতুর্থ তলার লেকচার হলে মানুষ দিয়ে যাচ্ছে পানি, বিস্কুট, পাউরুটি, কলা—যাবতীয় শুকনা খাবার। চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান জানান, সেবা-শুশ্রূষায় কোনো অসুবিধা হচ্ছে না। হাসপাতালের স্টাফ আইরিন ও নুরুননাহর জানান, এক হাজারের অধিক রোগী তাঁদের হাসপাতাল থেকে এ পর্যন্ত সেবা নিয়েছেন। অনেকে প্রিয়জনকে জীবিত পাওয়ার আশা করছেন। তাঁরা এনাম হাসপাতালে ভিড় করছেন। প্রিয়জনকে না পেয়ে তাঁদের ছবি, ঠিকানাসহ অপেক্ষা করছেন হাসপাতালের সামনের রাস্তায়। হাতে ছবি ও ঠিকানা নিয়ে শত শত মানুষ রাস্তায় অপেক্ষা করছেন। চলাচল নির্বিঘ্ন রাখার জন্য কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। এই মানুষগুলোর যেন ক্লান্তি নেই। কমলার স্বামী তাঁকে খুব কষ্ট দিতেন। বোনের ভালো কাপড় নেই। স্বর্ণ নয়, স্বর্ণের মতো চকচকে চুড়ি, গলার হার—কত কি তিনি কিনতে চান। বোনের কষ্ট সহ্য হয় না হাসানের। নিজের কাছে এনেছেন সবকিছু কিনে দেবেন বলে। এমনই বাজারে গেছেন, তিন দিনেও ফিরে আসেননি হাসান। ‘আমার ভাইকে এনে দাও, ভাইকে এনে দাও’—কমলার চিৎকারে আকাশ-বাতাস ভেঙে পড়ছে। একমাত্র ছেলের জন্য মা এ-ঘর থেকে ও-ঘরে, আমতলা, কুয়ার পাড়ে পাগলের মতো ছোটাছুটি করছেন। কান্নাকাটি করছেন। এক স্বামী স্ত্রী ছাড়া ঘরে ফিরতে পারছেন না। তাঁদের একমাত্র সন্তান ‘মা মা’ বলে কাঁদছে। রাতে সন্তানের ঘুম নেই। দিনে খাওয়া নেই। কেবল ‘মা মা’। মা বলেছিলেন, রাতে বাসায় আসবেন। রাত-দিন পার হয়ে গেলেও মা ফিরছেন না। বাবা ঘরে গেলেই ‘মা কই মা কই’ বলে সন্তান চিৎকার করছে। ছোট্ট সন্তান এখনো বুঝতে পারছে না, তার মা হয়তো আর কোনো দিন ফিরে আসবেন না। একটু বেঁচে থাকার আশায় এই মানুষগুলো কাজ নিয়েছিলেন পোশাক কারখানায়। পাবনা, নওগাঁ, ঝিনাইদহ, বরিশাল, যশোর, খুলনা—বিভিন্ন অঞ্চলের মানুষ আহাজারি করছেন। দেশের প্রায় সব জায়গার মানুষ এখানে কাজ করতেন। গোটা দেশটাকে শোকের চাদরে ঢেকে দিয়েছে রানা প্লাজা। আর কত কাঁদলে, কত চিৎকার করলে, কত অপেক্ষা করলে প্রিয়জন ফিরে আসবেন, তা তাঁরা জানেন না।ফিনিক্স, স্পেকট্রাম, তাজরীন, রানা প্লাজা—বাংলাদেশের এই পোশাক তৈরির কারখানা-ভবনগুলো কত না শ্রমিকের মৃত্যুর স্বাক্ষর বহন করছে। কিন্তু তাদের মৃত্যুর জন্য দায়ী কোনো ব্যক্তির শান্তি হয়েছে—এমন খবর আমরা পাইনি। এরপর আবার, রানা প্লাজার থেকে আরও বড় কোনো দুর্ঘটনায় আরও বেশিসংখ্যক মানুষের মৃত্যুতে আমরা আগের মৃতদের কথা ভুলে যাব। কিন্তু যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন? তাঁদের আহাজারি কি কোনো দিন থেমে যাবে? আমরা দেখেছি, প্রিয়জনের কেবল লাশ পাওয়ার জন্য কী উদ্বেগ-উৎকণ্ঠা। রানা প্লাজায় কান পাতলে এখনো হয়তো শোনা যায় মানুষের বাঁচার আকুতি। যাঁরা মৃত্যুকূপ থেকে ফিরে আসছেন, তাঁরা কথা বলছেন বিস্ময়ভরা চোখের অভিব্যক্তিতে। হয়তো পুনর্জন্মের কথা শুনেছেন। কখনো ভেবেছেন? তাঁদের নিজেদেরও একদিন নতুন জন্ম হবে। অচেনা মৃত্যুকূপ থেকে ফিরে এসেছেন চেনা পৃথিবীতে। অথচ এই পৃথিবীকে বিশ্বাস করতে পারছেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছেন। চেনা পৃথিবীকে মনে হচ্ছে অচেনা। জীবন কী, বেঁচে থাকা কী, তাঁদের থেকে আর কেউ ভালো জানেন না। রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে ছড়ানো-ছিটানো থালাবাসন জীবনের আয়োজনের কথা মনে করিয়ে দেয়। যে জীবনের জন্য এ আয়োজন, তাঁরা আর মাটির পৃথিবীতে ফিরে আসবেন না। ধ্বংসস্তূপের গভীর অন্ধকার থেকে হয়তো কেউ ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছেন। অমনি জীবনের ঝুঁকি নিয়ে কিছু মানুষ মানবতার সেবায় এগিয়ে যাচ্ছেন। এখানে রাত-দিনের পার্থক্য হারিয়ে গেছে। বিভিন্ন সংস্থা ২৪ ঘণ্টা কাজ করছে। বিপন্ন মানুষের পাশে প্রথম দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। বড় বড় বিপর্যয়ে সাধারণ মানুষই প্রথম মানুষের পাশে দাঁড়ায়। আইলা, সিডরসহ সব দুর্যোগে এই সাধারণ মানুষকে আমরা দেখেছি প্রথম সারিতে। রানা প্লাজা ধসে অনেক মানুষের মৃত্যু হয়েছে, আবার অনেক মানুষকে জীবিত উদ্ধার করাও সম্ভব হয়েছে। আশফাকুজ্জামান: প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের সদস্য।