স্বপ্নের সীমানায় কৃত্রিম দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ১৪ মার্চ আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায়ে বাংলাদেশকে সীমান্ত নদী নাফের মোহনা থেকে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পর্যন্ত ৩২ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র, সেন্ট মার্টিন দ্বীপ থেকে ২১৫ ডিগ্রি বরাবর ৩৭০ কিলোমিটার পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এবং এ সীমানার বাইরে মহীসোপানে সার্বভৌম অধিকার দেন। অঙ্কের ভাষায় বলতে গেলে ১৯৭৪ থেকে ১৩ মার্চ ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের সার্বভৌম অধিকারে ছিল মাত্র ৪০ হাজার বর্গকিলোমিটার সমুদ্র অঞ্চল, যা ট্রাইব্যুনালের রায়ে বেড়ে এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণে প্রতিবেশীর প্রতি আমাদের সমাজের আচরণ ও মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক সমুদ্র আইন আদালত তথা ইটলস (ITLOS)-এর রায়ের আলোকে কতটুকু আইনসম্মত, তা পর্যালোচনার দাবি রাখে।আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বিরোধপূর্ণ সমুদ্রসীমা আন্তর্জাতিক চুক্তি অথবা কোর্ট/ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে নিষ্পন্ন করার বিধান রয়েছে। সমুদ্রে একই এলাকায় দুই প্রতিবেশীর দাবির যুগপৎ সংঘটন (overlap) থাকলে আন্তর্জাতিক আইন অনুসরণ করে সমুদ্রসীমা নির্ধারণের তাগিদ দেওয়া হয়েছে। আইনে বলা হয়েছে, একতরফাভাবে সমুদ্রসীমা নির্ধারণ অথবা জাতীয় আইনের মাধ্যমে সমুদ্রসীমার দাবি প্রতিবেশীর ওপর চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হবে। বঙ্গোপসাগরে মিয়ানমার ও বাংলাদেশের দাবিকৃত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল একে অপরকে আবৃত বা ওভারল্যাপ করে। দীর্ঘ ৩৮ বছরেও দ্বিপক্ষীয়ভাবে সমুদ্রসীমা নির্ধারণ করা সম্ভব হয়নি। ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার প্রথম অগভীর সমুদ্রে ছয়টি তেল-গ্যাস ব্লক অনুসন্ধানের জন্য বিদেশি তেল কোম্পানিকে অনুমতি দেয়। এ ব্লকগুলো ঘোষণা করার পরপরই মিয়ানমারের আপত্তির মুখে ১৮ নম্বর ব্লকের নিচের অংশ কেটে ব্লকটির আয়তন কমানো হয়েছিল। ওই ব্লকের নিচের লাইনটি বাঁকা করতে হয়েছিল। কারণ, মিয়ানমার বরাবরই সমদূরত্ব পদ্ধতিতে অর্থাৎ সেন্ট মার্টিন উপকূল থেকে ২৪৩ ডিগ্রি বরাবর সমুদ্রসীমা নির্ধারণের দাবি করেছে। ভারতও সমদূরত্ব পদ্ধতি প্রয়োগ করে পশ্চিম দিকের ব্লকটিতে অনুসন্ধানের প্রতিবাদ জানায় এবং শেষ পর্যন্ত আমেরিকান অ্যাশল্যান্ড কোম্পানি কোনো রকম অনুসন্ধান কার্যক্রম না চালিয়ে বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। বাংলাদেশ ১৯৭৯ সালে সমুদ্রসীমা নির্ধারণে কূটনৈতিক আলাপ-আলোচনার একপর্যায়ে সেন্ট মার্টিনের পশ্চিম পাশ থেকে দাবিকৃত ১৮০ ডিগ্রি উত্তর-দক্ষিণ লাইন থেকে সরে এসে মিয়ানমারকে ২২৫/১৯৫ ডিগ্রিতে সমুদ্রসীমা নির্ধারণের প্রস্তাব দেয় (মানচিত্র ১, গ ও চ লাইন)। এ প্রস্তাবিত সমুদ্রসীমাকে মিয়ানমার মৈত্রী রেখা বা ফ্রেন্ডশিপ লাইন বলে অভিহিত করে। মিয়ানমার বাংলাদেশ কর্তৃক ছেড়ে দেওয়া ওই মৈত্রী রেখার পূর্ব দিকে চারটি তেল-গ্যাস ব্লক (AD7, AD8, AD9 ও AD10) অনুসন্ধানের জন্য ঘোষণা করে। পেট্রোবাংলা কর্তৃক ১৯৭৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রকাশিত অগভীর তেল-গ্যাস ব্লক ম্যাপগুলো পর্যালোচনা করলে দেখা যাবে, মিয়ানমার ও ভারতের দাবি করা সমদূরত্ব লাইন বিবেচনায় এনে বাংলাদেশ ওই এলাকায় কোনো ব্লক ঘোষণা করা থেকে বিরত থাকে। হঠাৎ একতরফাভাবে তৃতীয় রাউন্ড বিডিংয়ের সময় বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র আইন বা রীতিনীতি অনুযায়ী সমুদ্রসীমা নির্ধারণ না করে এবং ১৯৭৯ সালে মিয়ানমারকে মৈত্রী রেখার পূর্বে ছেড়ে দেওয়া সমুদ্র এলাকার বিষয়টি বিবেচনা না করে, উত্তর-দক্ষিণ লাইন বরাবর ২০০ নটিক্যাল মাইল সমুদ্র এলাকা পর্যন্ত আটটি অগভীর এবং ২০টি গভীর তেল-গ্যাস ব্লক ঘোষণা করে। মিয়ানমার বাংলাদেশের ব্লক ঘোষণার জোরালো প্রতিবাদ করে এবং মোট ১৭টি ব্লকের (DS 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27) মালিকানা দাবি করে। শুধু তা-ই নয়, মিয়ানমার আশির দশকে ঘোষিত চারটি তেল-গ্যাস ব্লকের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের ব্লকগুলোর ওপর মোট আটটি ব্লক (AD 7, 8, 9, 10, 11, 12, 13, 14) ঘোষণা করে। সেই সঙ্গে ভারতও ১০টি ব্লকের ওপর মালিকানা দাবি করে এবং ঘোষিত ২৭টি ব্লক বিতর্কিত সীমানার মধ্যে পড়ে যায়। ফলে ব্লক ১০ ও ১১-এর অংশবিশেষও মিয়ানমার ও ভারতের দাবিকৃত এলাকায় পড়ে যায়। উল্লেখ্য, কনোকোফিলিপস আটটি ব্লকে উচ্চ দরপত্র দিলেও উভয় প্রতিবেশীর দাবির মুখে বিতর্কিত এলাকা বাদ দিয়ে শুধু Lw-Z ব্লক ১০ ও ১১-এর অংশবিশেষে অনুসন্ধানের চুক্তি করা সম্ভব হয়েছিল। গভীর সমুদ্রে একটিমাত্র ব্লকই বাংলাদেশের সার্বভৌম অধিকারে থাকে।যাঁরা আজ ‘অবিশ্বাস্য বিসর্জন’ বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাঁরা বলবেন কি, আন্তর্জাতিক সমুদ্র আইনের কোন ধারাবলে বাংলাদেশ ২৪২ নটিক্যাল মাইল সমুদ্র দাবি করেছিল আর প্রতিবেশীর জন্য রেখেছিল ৩০ থেকে ১২২ নটিক্যাল মাইল? বাংলাদেশ বরাবরই সমদূরত্বের পরিবর্তে ন্যায্যতাভিত্তিক সমাধান দাবি করে আসছিল। ইটলস কর্তৃক সমুদ্রসীমা নির্ধারিত হওয়ার ফলে বাংলাদেশ ১৭টির মধ্যে পাঁচটি এবং মিয়ানমার আটটির মধ্যে চারটি পূর্ণ ব্লক হারিয়েছে। বাংলাদেশের পাঁচটি পূর্ণ ব্লকের অধিকাংশ এলাকায়ই ১৯৭৯ সালে ছেড়ে দেওয়া মৈত্রী রেখার পূর্বে অবস্থিত এবং আশির দশকে মিয়ানমার-ঘোষিত তেল-গ্যাস ব্লকের জায়গাতেই ছিল। নতুনভাবে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় সমুদ্রে বাংলাদেশের ব্লকের সংখ্যা বেড়েছে। পেট্রোবাংলা এবারে তার ঘোষিত ব্লকে অবাধে তেল-গ্যাস অনুসন্ধান করবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনাও নিতে পারবে। তা ছাড়া গভীর সমুদ্রে মৎস্য ও অন্যান্য খনিজ সম্পদ আহরণের অফুরান সম্ভাবনা তো আছেই। জনসংখ্যার চাপ রোধের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা মহীসোপানসহ সমগ্র সমুদ্র অঞ্চলে কৃত্রিম দ্বীপসহ নানা ধরনের কাঠামোও বানাতে পারব। কৃত্রিম দ্বীপ যদিও নতুন ধারণা। বিশ্ব ইতিমধ্যে প্রায় হাজার কিলোমিটার আয়তনের বৃহত্তম কৃত্রিম দ্বীপ প্রত্যক্ষ করেছে। ইটলস রায়ের কারণে আমরা এখন এ নিয়ে অন্তত স্বপ্ন দেখতে পারি।মো. খুরশেদ আলম : অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল; সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র আইনবিষয়ক ইউনিটের প্রধান।