বড় খেলাপিদের আরও সুবিধা ও ঋণ দেওয়াই কি ব্যাংক প্রশাসনের কাজ? বারবার ঋণ খেলাপের সুযোগ করে দিয়ে জনগণের অর্থ লোপাটের এই বন্দোবস্ত অর্থনীতির জন্য মারাত্মক অশনিসংকেত। ঋণ খেলাপ করা একশ্রেণির ব্যবসায়িক অপরাধ আর ব্যাংকের জন্য এ এক দুরারোগ্য ব্যাধি। কিন্তু শাস্তির বদলে ঋণখেলাপিদের দেওয়া হচ্ছে পুরস্কার। ওদিকে বাংলাদেশ ব্যাংক চিকিৎসার বদলে রোগেরই সেবা করে যাচ্ছে।
রাজনৈতিক অস্থিরতার অজুহাত দেখিয়ে বড় ঋণখেলাপিরা বিশেষ সুযোগ দাবি করলে বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালে সেই সুযোগ মঞ্জুর করে এবং পুনরায় তাদের ঋণ দেওয়ার অনুমতি দেয়। যেখানে পরপর তিনবার কিস্তি পরিশোধ না করলে ঋণ খেলাপ হয়ে যাওয়ার কথা, সেখানে ঋণ পুনর্গঠনের নামে তাদের আবারও সুযোগ করে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক তখন বলেছিল, এটা ঋণ পরিশোধের পরিকল্পনা থেকেই করা হয়েছে। বৃহস্পতিবারের প্রথম আলোর সংবাদ জানাচ্ছে, সে সময় ১১ শিল্পগোষ্ঠীর ১৫ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠনের মাধ্যমে এই ছাড় দেওয়া হয়।
কিন্তু এক বছর পর তারা আবার সুযোগও চাইছে, নতুন ঋণও দাবি করছে এবং যথারীতি ঋণ পরিশোধে গড়িমসি করছে। যারা স্বভাবগতভাবেই ঋণখেলাপি বলে পরিচিত, সরকারঘনিষ্ঠ তেমন প্রতিষ্ঠান বারবার ছাড় পায় কিসের বলে? খেলাপিদের বারবার সুযোগ দেওয়া কি আইনসম্মত? দ্বিতীয়ত, কাউকে সুবিধা দেবেন, আর কাউকে দেবেন না, এটা কি ন্যায়পরায়ণতা? রাষ্ট্রীয় ব্যাংকগুলো এভাবে একশ্রেণির অর্থরাক্ষসের কাছে জিম্মি হচ্ছে, দুর্বল হয়ে পড়ছে।
খেলাপি ঋণ বাড়তে থাকছে আর দুর্বল হতে থাকছে ব্যাংকের স্বাস্থ্য। ২০১৬ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ২০১৫ সালের তুলনায় ১০ হাজার ৮০১ কোটি টাকা বেড়ে হয়েছে ৬২ হাজার ১৭২ কোটি টাকা! কিন্তু এর সঙ্গে অবলোপন বা মওকুফ করা ৪২ হাজার কোটি টাকার ঋণ যোগ করলে সত্যিকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ কোটি টাকার বেশি। ব্যাংক-ব্যবস্থার মাধ্যমে এই ৪২ হাজার কোটি টাকা বেহাত করা বা তা হতে দেওয়া কি মারাত্মক অন্যায় নয়?
এর প্রতিকার একমাত্র খেলাপিদের প্রতি কঠোর হওয়া। কিন্তু রাজনৈতিক পক্ষপাত ও দুর্নীতির কাছে পরাভূত প্রশাসন কি তা করতে সক্ষম? এ ব্যর্থতা ক্রমেই আর্থিক বিপর্যয় ঘনিয়ে তুলছে।