স্বরাষ্ট্রমন্ত্রীর দায়হীন বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সহিংসতার সময় রহস্যজনকভাবে নীরব থেকে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদে ৩০০ ধারায় যে বিবৃতি দিয়েছেন, তাতে দেশবাসীর আশ্বস্ত হওয়ার কিছু নেই। এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির যে তাণ্ডব চালিয়েছে, সেসব খবর গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। কিন্তু এই সংঘবদ্ধ ও পরিকল্পিত তাণ্ডব মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকার কী করেছে, সেই প্রশ্ন না উঠে পারে না। ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়ত বুলন্দ আওয়াজ তুললেও তাদের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বলে মনে হয় না।স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বিবৃতিতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থাপনার ওপর সন্ত্রাসী হামলা এবং হতাহতের যেসব বিবরণ দিয়েছেন, গণমাধ্যমের কল্যাণে মানুষ তা আগেভাগেই জেনে গেছে। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হিসেবে তিনি জানমালের রক্ষায় কী কী ব্যবস্থা নিয়েছেন, সেটাই জনগণ জানতে চায়। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, যেসব এলাকায় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সবল, সেসব এলাকাতেই হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে সরকার প্রতিরোধের আগাম ব্যবস্থা নিল না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায় তিনি এড়াবেন কীভাবে? বিভিন্ন স্থানে মানুষ ভয়ভীতিতে কাটালেও স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন। কিন্তু তিনি কোনো উপদ্রুত এলাকায় যাওয়ার প্রয়োজন বোধ করেননি।স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বিবৃতিতে সহিংসতার জন্য জামায়াতে ইসলামীর পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপির ওপরও দায় চাপিয়েছেন। এর পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ কি তাঁর হাতে আছে? গণমাধ্যমের খবর হলো, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরই এই তাণ্ডব চালিয়েছে। দেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সাময়িক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও স্থায়ী রূপ দিতে হলে দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে সে রকম আহ্বান ছিল না।গতকাল পুলিশি অভিযানে বিএনপির সমাবেশপণ্ড এবং কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় দলটি আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গত সাত দিনে চার দিন হরতালের পর পুনরায় এই হরতাল কেবল জনদুর্ভোগই বাড়াবে না, দেশকে ঠেলে দেবে আরও সংঘাতের দিকে। হামলার প্রতিবাদ বিএনপি নিশ্চয়ই করবে। কিন্তু সেই প্রতিবাদের নামে দেশবাসীর ওপর আরেকটি দুর্যোগ চাপিয়ে দেওয়ার কী যুক্তি থাকতে পারে? হরতাল ও ভাঙচুরের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি নিন। মানুষ একই সঙ্গে সরকারের আচরণেও ধৈর্য ও সহনশীলতা আশা করে।