স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেচনাবোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার পুলিশ সপ্তাহ ২০১৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেছেন, ‘তাঁর সরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না।’ প্রধানমন্ত্রীর এই প্রত্যয় জনমনে যতটা আশা জাগিয়েছে, তার চেয়ে বেশি নিরাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য। পুলিশ সপ্তাহ উপলক্ষে এ বছর যে ৬৭ জন পুলিশ কর্মকর্তাকে পদক দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশীদও আছেন, যিনি ২০১১ সালের ৬ জুলাই হরতাল চলাকালে জাতীয় সংসদ ভবনের পাশে সংসদের বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মারধর করে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, হারুন অর রশীদকে পদক দেওয়ার সময় ২০১১ সালের ৬ জুলাইয়ের ঘটনাটিও বিবেচনায় ছিল, তখন তাঁর বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন না উঠে পারে না। ওই পুলিশ কর্মকর্তা নাকি বিরোধী দলের চিফ হুইপকে মারধর করে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। একজন পুলিশ কর্মকর্তাকে গালাগাল করা নিশ্চয়ই অন্যায়। কিন্তু সেই অন্যায়ের প্রতিকার কি তাঁকে মারধর করা এবং তাঁর গায়ের পোশাক খুলে নেওয়া? স্বরাষ্ট্রমন্ত্রী যদি হারুন অর রশীদের এসব অন্যায়কে ‘অর্পিত দায়িত্ব পালন’ মনে করেন, তাহলে বিএনপির আমলে কোহিনূরদের গর্হিত কাজও জায়েজ করা হয়।প্রধানমন্ত্রী পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে বলেছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী একজন পুলিশ কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন করলেন! যে পুলিশ কর্মকর্তা পুরস্কৃত হলেন, তিনি কী কী ভালো কাজ করেছেন, তা নিশ্চয়ই জনগণ জানতে চাইবে। গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে পুরান ঢাকায় ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎ নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। হারুন অর রশীদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও ‘অর্পিত দায়িত্ব’ পালন করতে এগিয়ে আসেনি। সে ক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তা তিরস্কৃতই হওয়ার কথা।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গোটা পুলিশ বাহিনীকে ভুল বার্তা দেবে। এখন যদি পুলিশ বাহিনীর সদস্যরা মনে করেন, বিরোধী দলের রাজনীতিকদের রাস্তায় পেটালে তাঁদের শাস্তি পেতে হবে না, বরং পুরস্কৃত করা হবে, তাহলে কি দোষ দেওয়া যাবে? দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্যই প্রত্যাশিত।