স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ দমনে যতই শক্ত হচ্ছেন, ততই কোমল অস্ত্রের দিকে ঝুঁকছেন। ডিজিটালকরণের একটা অর্থ ‘সফট’ পদ্ধতি, মানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে কাজকারবার চালানো। তবে ডিজিটাল দিনবদল তো রাতারাতি করা যাবে না, ধীরে ধীরে করতে হবে। তাই তিনি ধীরে ধীরে লাঠিপেটা, টিয়ার গ্যাস—এসব হার্ডওয়্যার-নির্ভর দমনপদ্ধতির পাশাপাশি তরল পেপার সেপ্র, গরম পানি ইত্যাদি কোমল অস্ত্রকে ‘জনপ্রিয়’ করছেন। রাসায়নিক অস্ত্রবিষয়ক আন্তর্জাতিক আইনে পেপার সেপ্র ব্যবহার নিষিদ্ধ। সেই অস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার জায়েজ করা তো রীতিমতো ঐতিহাসিক কীর্তি! এর মাধ্যমে ‘পেপার সেপ্র’ বা মরিচের ছিটার দুর্নামও ঘুচিয়েছেন তিনি। অস্ত্রটি এত দিন ‘মেয়েলি’ বলে পরিচিত ছিল। পৃথিবীর অনেক দেশেই মেয়েরা আত্মরক্ষার্থে অস্ত্রটি ব্যবহার করে থাকে। ভারতের দ্য হিন্দু পত্রিকার খবর, দুই দিন আগে সেখানকার বেঙ্গালুরু শহরে পেপার সেপ্র ‘আউট অব মার্কেট’ হয়ে গেছে। ভারতে উত্তরোত্তর ধর্ষণের ঘটনার প্রতিক্রিয়ায় সেখানে নারীদের আত্মরক্ষার প্রয়োজন অনেক বেড়ে যাবারই কথা। কিন্তু পুলিশের আত্মরক্ষার প্রয়োজন এত বাড়বার কারণ কী? যা হোক, পেপার স্প্রে’র পুরুষালি ব্যবহারে অস্ত্রটির মেয়েলি বদনাম ঘুচবেই ঘুচবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ জন্যও ধন্যবাদ। তাঁকে ধন্যবাদ, অস্ত্রগুলো তিনি ছাত্রলীগের ‘খুনি, সন্ত্রাসী ও ধর্ষকদের’ বিরুদ্ধে ব্যবহার করেননি। এমনকি পুলিশের ওপর শিবিরকর্মীদের উপর্যুপরি হামলার মুখেও তিনি নির্বিকার ছিলেন। হল-মার্ক কেলেঙ্কারির মহানায়ক, পদ্মা সেতুর ‘দেশপ্রেমিক’ দুর্নীতিবাজ কিংবা তাজরীন ফ্যাশনসে শত শত শ্রমিক পুড়িয়ে কয়লা উৎপাদনকারী শিল্পপতির বিরুদ্ধে ব্যবহার করেননি। এটা তিনি করেছেন জীবন-জীবিকা ও মর্যাদার দাবি জানানো শিক্ষক-ছাত্র ও শ্রমিকদের বিরুদ্ধে। এত সব স্বদেশি ধন্যবাদের পাশাপাশি একটি বিদেশি ধন্যবাদও তাঁর পাওনা। অস্ত্রটি ইদানীং ইউরোপের অনেক দেশে নিষিদ্ধ হওয়ায় এগুলোর উৎপাদকেরা লোকসান গুনছিলেন। বাংলাদেশে ব্যবহার শুরু হওয়ায় এখন আবার তারা মুনাফা গোনা শুরু করবেন। যে অস্ত্র সন্ত্রাসী, ধর্ষক ও দুর্নীতিবাজ চেনে না, চেনে কেবল প্রতিবাদীদের শরীর, সেই অস্ত্র জনগণের অর্থে কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা কীভাবে বৈধ! আইনশৃঙ্খলা রক্ষাই যদি উদ্দেশ্য, তাহলে এ রকম যন্ত্রণাদায়ক বীভৎস অস্ত্র কেন? জাতিসংঘের এবিষয়ক বিধান হচ্ছে: কর্তব্যপালনের সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যত দূর সম্ভব ‘নন-ভায়োলেন্ট’ তথা হিংসাত্মক নয় এমন পদ্ধতি প্রয়োগ করবেন (http://www2.ohchr.org/english/law/firearms.htm)। ঢাকায় এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দমাতে বারবারই এই দুটি ‘কোমল পানীয়’ গোলাপজলের মতো ছিটানো হয়েছে। পুলিশ অবশ্য বলেছে, তারা ঠান্ডা পানি ছুড়েছে। তা বটে, জলকামান থেকে ছোড়া ঠান্ডা পানি ঢাকার শীতল বাতাসে গরম হয়ে উঠলে সেটা পানিরই দোষ, পুলিশের নয়। গত বুধবার ছিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম মোর্চা এবং সিপিবি ও বাসদের আধা বেলা হরতাল। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গত মাসেই একই শক্তির ডাকা একটি হরতালকে সহযোগিতা ও অভিনন্দন দুটোই দিয়েছিলেন। কিন্তু এবারে দিলেন ‘কোমল অস্ত্রের’ অভ্যর্থনা! এই অস্ত্রের কোমল স্পর্শে পটুয়াখালীর এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যুর খবর ইতিমধ্যে সংবাদমাধ্যমে এসেছে। ১০ জানুয়ারিতে তিনি রাজধানীতে পুলিশের তরল কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বাড়ি যান। চার দিন পর তাঁর হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তরল গ্যাসে মারা যাওয়ার ঘটনা বিশ্বে বিরল নয়। যুক্তরাষ্ট্রেই এই সেপ্রর স্পর্শে ১৯৯০-৯৫ পর্যন্ত ৬১ জনের মৃত্যু ঘটেছে বলে জান যাচ্ছে। গত বছরের মে মাসে ঢাকায় আরেকজন প্রাথমিক শিক্ষকও পুলিশের গরম পানির ‘সেবা’ পেয়ে মরে গিয়েছিলেন। দুটি ঘটনাতেই জীবিতরা ‘নিহত’ হতে সময় নিয়েছেন। বাড়ি গিয়েছেন, তারপর দুই দিন বা চার দিন পরে ‘বিদায়’ নিয়েছেন। অতএব, আইনত পুলিশি সেবাকে তাঁদের মৃত্যুর জন্য দোষারোপ করা যাবে না। পুলিশ আসলে কিছুই করে না, মানুষগুলো নিজের দোষেই মরে যায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত মল্লিকের পায়ে শটগানের দুটি গুলিতে আহত হন। এ ঘটনায় ৩ জানুয়ারির প্রথম আলোর সংবাদ শিরোনাম ছিল, ‘সৈকত বলছেন গুলি, পুলিশের ‘না’।’ গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল গণতান্ত্রিক বাম মোর্চা। সেদিনই মোর্চাভুক্ত সংগঠন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদকের পায়ে গুলি করার অভিযোগ করে সংগঠনটি। সৈকত মল্লিক দাবি করেছেন, তাঁকে মাটিতে ফেলে পায়ে গুলি করা হয়। তাঁর পা থেকে দুটি সিসার টুকরা বের করা হয়েছে। এমনকি ‘চিকিৎসার বিবরণপত্রে চিকিৎসকেরা দুবার গুলিবিদ্ধ হওয়ার’ কারণও উল্লেখ করেছিলেন; কিন্তু পরে ‘গুলিবিদ্ধ হওয়া’ শব্দ দুটি কালি দিয়ে ঢেকে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। পুলিশ এ অভিযোগও অস্বীকার করেছে। বিক্ষোভ-প্রতিবাদে বিনা উসকানিতে গুলি করা গুরুতর ব্যাপার। তার চেয়ে গুরুতর এই অস্বীকৃতি। এ রকম বেমালুম অস্বীকার তখনই করা সম্ভব, যখন ন্যায়-অন্যায়, আইনি-বেআইনির ভেদ আর থাকে না। এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি। কোন কাজটা আইনশৃঙ্খলা বাহিনীর আর কোনটা বেআইনি গোষ্ঠীর, তা অপরিষ্কার থাকা মানে, যে কেউই যেকোনো অপরাধ করে দোষ চাপাতে পারবে অন্যের ওপর, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা সাধারণত পুলিশের কোনো অন্যায় স্বীকার করেন না। এ রকম অস্বীকার বিষয়ে কবি শঙ্খ ঘোষের একটি কবিতা ‘শেয়ার’ করতে চাই। কবিতাটার নাম ‘ন্যায় অন্যায় জানিনে’।‘তিন রাউন্ড গুলি খেয়ে তেইশ জন মরে যায়, লোকে এত বজ্জাত হয়েছে!স্কুলের যে ছেলেগুলো চৌকাটেই ধসে গেলো, অবশ্যই তারা ছিল সমাজবিরোধী।ও দিকে তাকিয়ে দ্যাখো ধোয়া তুলসীপাতাউল্টেও পারে না খেতে ভাজা মাছটি আহা অসহায়আত্মরক্ষা ছাড়া আর কিছু জানে না বুলেটরা।দার্শনিক চোখ শুধু আকাশের তারা বটে দ্যাখে মাঝে মাঝে।পুলিশ কখনও কোনও অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ।’অবশ্যই, কোনো আমলেই কোনো যুগেই পুলিশ কখনো কোনো অন্যায় করে না, যতক্ষণ তারা ‘তেনাদের’ পুলিশ। কিন্তু আমরা যারা জনতার কাতারে, পুলিশ কখনো সেই ‘আমাদের’ হবে না? ফারুক ওয়াসিফ: সাংবাদিক। [email protected]