স্বাগত ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যকে আরেকবার প্রদক্ষিণ করল পৃথিবী; বিশ্ববাসী প্রবেশ করল নতুন বছরে। স্বাধীনতার ৪০টি বছর পূর্ণ করে বাংলাদেশও পা ফেলল ৪১তম বছরে। নতুন বছর মানে নবযাত্রা, নতুন আশা এবং নতুন করে পুরোনো সমস্যা মোকাবিলা করে এগিয়ে যাওয়া। সেই এগিয়ে যাওয়ার পথে সবাইকে স্বাগত। বছরের প্রথম প্রভাতে দেশবাসী, আমাদের অগণিত পাঠক, লেখক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে শুভ হয়ে দেখা দিক।পুরোনো খতিয়ান ছাড়া নতুনের আবাহন সার্থক হয় না। গত বছরের সাফল্য-ব্যর্থতার ভেতর থেকে শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করা তাই দরকার। মহাজোট সরকারের তৃতীয় বছর পূর্ণ হতে চলেছে ৬ জানুয়ারি। যুদ্ধাপরাধীদের বিচার এ বছর শুরু হলেও ধীরগতি এবং অপ্রস্তুতি অনেককে আশাহত করেছে। দ্রব্যের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জাঁতাকলে দরিদ্র-নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্ত পরিবারগুলোরও নাভিশ্বাস উঠছে। অব্যাহত সড়ক দুর্ঘটনা অসহনীয় মাত্রায় পৌঁছায় মিরসরাইয়ে ৪৪ জন স্কুলছাত্রের মৃত্যুতে। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় চলে যাওয়াও ছিল বড় ধাক্কা। পুলিশি হেফাজতে মৃত্যু, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার ঘটনা বছরজুড়ে আলোচনার বিষয় থাকলেও প্রতিকারের লক্ষণ ছিল না। বিরোধী দল এ বছরেও সংসদে প্রায় পুরো সময়ই অনুপস্থিত থেকেছে এবং সরকার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রাজনৈতিক সমস্যা সংকটে রূপ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে উচ্চ আদালতের সক্রিয়তা ছিল প্রভাববিস্তারী। পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল হলেও রাষ্ট্রধর্ম-সম্পর্কিত বিতর্কের সুরাহা হয়নি। সবচেয়ে আলোচিত ছিল উচ্চ আদালত কর্তৃক তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা। অন্যদিকে দুদক ও মানবাধিকার কমিশনের কাঙ্ক্ষিত বিকাশ এ বছরেও ঘটেনি। যোগাযোগব্যবস্থার বিপর্যয় এবং দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়া ছিল এ বছরের সবচেয়ে সমালোচিত বিষয়। মন্ত্রিসভায় ঈষৎ পরিবর্তন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে সরকারি দল ও বিরোধীদের রাজনৈতিক অনুশীলনের ক্ষেত্রে উন্নতি হয়নি। বিরোধ-সংঘাতের সেই পুরোনো আবর্তেই রাজনীতি ঘুরপাক খাচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফর ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু বহু কাঙ্ক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি। তবে প্রধানমন্ত্রীর মিয়ানমার সফরকে অনেকেই দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের শুভ সূচনা হিসেবে দেখছেন। বৈশ্বিকভাবে ২০১১ সালকে বলা যায় আরব জাগরণের বছর। পাশাপাশি ইউরোপ-আমেরিকাজুড়ে মন্দা অব্যাহত থাকা, ওয়াল স্ট্রিটে পুঁজিবাদবিরোধী বিক্ষোভ, বিশ্বব্যাপী সামাজিক আন্দোলনের বিকাশের মধ্যে বৈশ্বিক অসন্তোষের ঢেউ জেগেছে।এসব ভালো-মন্দ মেশানো বাস্তবতার মধ্যেই শুরু হচ্ছে নতুন বছর। তবু সুন্দর আগামীর স্বপ্ন দেখছে বাংলাদেশ। নতুন বছরে আমাদের প্রত্যাশা, একগুঁয়েমি ছেড়ে সমঝোতার সংস্কৃতি রচনা করায় সরকার আগুয়ান হবে, বিরোধী দলও দায়িত্বশীল আচরণ করবে। জীবনের নিরাপত্তা, সহনীয় দ্রব্যমূল্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সবাই মিলে কাজ করাই হোক ইংরেজি নববর্ষের প্রত্যয়।