স্বাধীন ইসি গঠনে সংবিধান সংশোধন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন পুনর্গঠন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মূল দাবি নির্বাচন কমিশন গড়ার সঙ্গে সাংঘর্ষিক নয়। বিএনপি আসন্ন সংলাপে এমন একটি আইন প্রস্তাব করতে পারে, যাতে সংবিধান সংশোধনের দরকার পড়বে।আমরা স্পষ্ট নই যে, রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেখাতে চাচ্ছেন কি না যে, সিইসি ও ইসি নিয়োগে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন না। তবে বিএনপি সেটা লুফে নিতে পারে। তাকে মনে রাখতে হবে, নির্বাচন বয়কটের চাল দিতে তার ষোলোআনা মালিকানা নেই। প্রধান উপদেষ্টা কে হবেন, সেটা তারা আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিতে পারবেই, তা খুব জোর দিয়ে বলা যায় না। আর সেটা গণতান্ত্রিকও নয়। সুতরাং তাদের উচিত হবে সাংবিধানিক রাজনীতির মধ্যে সমাধানের সূত্র খুঁজে বের করা। কে প্রধান উপদেষ্টা হবেন, সেটা বিএনপি না বলেও তত্ত্বাবধায়কের কোরাস গাইছে। আমরা কিন্তু তার কাছে সে কৈফিয়ত না চেয়ে একটা সোনার হরিণের পেছনেও ছুটছি।ইসি গঠনে এখন আমরা একটি নতুন আইনে বাছাই কমিটি চাইছি। কিন্তু এ ধরনের কমিটি গঠনের অভিজ্ঞতা তেমন সুখকর নয়। মানবাধিকার কমিশন গঠনে অধ্যাদেশের মাধ্যমে গঠিত বাছাই কমিটির সভাপতি ছিলেন প্রধান বিচারপতি দ্বারা মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। এর সদস্য ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং আইন সচিব। বর্তমান আওয়ামী লীগ সরকার এই বাছাই কমিটিতে পরিবর্তন এনেছে। বর্তমানে স্পিকার বাছাই কমিটির সভাপতি। সদস্যদের মধ্যে আছেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিসভার সচিব আর দুজন সংসদ সদস্য। সরকারি ও বিরোধী দল থেকে দুই সংসদ সদস্যকে বেছে নেবেন স্পিকার। আমরা দেখেছি, এই প্রক্রিয়ায় একজন যোগ্যতাসম্পন্ন চেয়ারম্যান মিলেছে। কিন্তু এই প্রতিষ্ঠানের দাঁত জনগণ দেখতে পারেনি এবং সেভাবে পারবে বলেও মনে হয় না।দুদক ও মানবকাধিকার কমিশন যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার তেমন কোনো প্রভাব দেখা যাবে না। যারা ব্যগ্রভরে বলেন, তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, তারা সাংবিধানিক প্রতিষ্ঠানের হালহকিকত জেনে বলেন, নাকি না জানার ভান করেন, তা বোঝা যায় না।তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনেও বাছাই কমিটি রয়েছে। তথ্য কমিশনও গঠিত হয়েছে বাছাই কমিটি দিয়ে। উভয় কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক রয়েছেন। কিন্তু সবার কাছেই স্পষ্ট যে, দুদক ও তথ্য কমিশন প্রতিষ্ঠান হিসেবে একেবারেই দুর্বল। তাঁদের দাঁত দেখা যায় না।রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আওতায় একটি আইন করার কথা বলা হচ্ছে। কিন্তু এই আইন সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে খর্ব করা রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। এমন কোনোভাবেই আইন তৈরি করা যাবে না, যা ওই পরামর্শকে উপেক্ষা বা অগ্রাহ্য করতে পারে। রাষ্ট্রপতির ক্ষমতায় এবং তাঁর নিজের পছন্দে নির্বাচন কমিশনার নিয়োগ দিতে চাইলে সংবিধানে সংশোধনী আনতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ের কাছ থেকে ইসির বাঁচার জন্যও সংবিধানের সংশোধনী অপরিহার্য। কিন্তু সংলাপকারীরা শুধু নিয়োগরীতি নিয়ে মত্ত। অপসারণ-প্রশ্নে তাঁরা অন্ধ। বিএনপির উচিত হবে দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করা। তারা এমনভাবেও প্রস্তাব পেশ করতে পারে, যাতে নির্বাচন কমিশনই সাধারণ নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারে রূপ নিতে পারে। প্রধান নির্বাচন কমিশনারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সংসদ সদস্যদের দিয়েও নির্বাচন কমিশন গঠনের কথা ভাবা যায়। সংসদ সদস্য সাংবিধানিক পদ। মন্ত্রিত্ব সাংবিধানিক পদ। একই সঙ্গে সংসদ সদস্য ও মন্ত্রী যদি হওয়া যায়, তাহলে সংসদ সদস্য থেকে সিইসির মতো পদও গ্রহণ করা চলে।বড় আগ্রহের বিষয়, বাছাই কমিটি গঠন নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদেরা সাংবিধানিক পদের আড়ালের আমলাতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে পারবেন কি না। এ পর্যন্ত দুই বড় দলই কার্যত আমলাপ্রীতি দেখিয়ে চলেছে। দুটি দলই নাগরিক সমাজকে আস্থায় নিতে পারে না। কেউ কখনো যদি তাদের প্রভাব ও নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত না থাকে, তাহলে তারা তাদের উপর নির্ভর করতে পারে না। সে কারণেই যদি কখনো স্বাধীন নিরপেক্ষ কোনো কমিটি বা কমিশন গঠনের কথা আসে, তাহলে তারা সর্বাগ্রে সামরিক বা বেসামরিক প্রশাসনের অবসরপ্রাপ্তদের খুঁজে বের করার প্রবণতা দেখায়। যেকোনো সময় সাংবিধানিক সংস্থাগুলোর দিকে তাকালেই এর সত্যতা খুঁজে পাওয়া যাবে।সুতরাং বিএনপি এ ধরনের বাছাই-প্রক্রিয়ার কর্তৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের দখলে নিয়ে আসার কথা ভাবতে পারে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন পুনর্গঠনের যে বাছাই কমিটির রূপরেখা প্রকাশ করেছেন, তাতেও আমলাতান্ত্রিকতার ছাপ সুস্পষ্ট। মহাহিসাব নিরীক্ষক ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের তিনি বেছে নেন। তাঁরা কিন্তু কোনো বাছাই কমিটি দ্বারা নয়, বরং প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় নিয়োগ পেয়েছেন।এই বাস্তবতা প্রকৃতপক্ষে সব কটি সাংবিধানিক সংস্থার জন্য গণশুনানিসাপেক্ষ একটি অভিন্ন বাছাই কমিটির গঠনের প্রয়োজনীয়তা নির্দেশ করে। দুদক, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তাঁদের নিজ নিজ পদে প্রবেশ করছেন বিভিন্ন ধরনের বাছাই কমিটির আওতায়। অথচ, তাঁদের প্রত্যেকের অপসারণের রাস্তা রাখা হয়েছে অভিন্ন। শুধু জেনারেল জিয়াউর রহমান করেছেন বলে কত জিনিস ফেলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে ফেলা হয়েছে। শোনা যায়, চন্দ্রিমা উদ্যান থেকেও জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার চিন্তাও আছে। কিন্তু তাঁর আনা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বজায় রাখতে তাঁরা লজ্জা পাননি। কারণ, এটা প্রধানমন্ত্রীর ফিট করে গেছে।প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া এই কাউন্সিল নড়তে পর্যন্ত পারে না। এ কারণেও দলীয় প্রধানমন্ত্রীবিহীন সরকারের অধীনে নির্বাচনের দাবি গ্রহণযোগ্যতা পাচ্ছে। দুদক, তথ্য কমিশন ও মানবাধিকার কমিশনের সদস্যরা প্রত্যেকের চাকরি সুনিরাপদ মনে করেন। কারণ, এই তিনটি সংস্থার তিনটি আইনে তিন কিসিমের বাছাই কমিটির বিধান রাখা হয়েছে। কিন্তু তাঁরা প্রত্যেকে জানেন, সকল সাংবিধানিক পদধারীর মতো তাঁদের নিয়োগ ও অপসারণের সোনার কাঠি রুপার কাঠি প্রধানমন্ত্রীর হাতেই। সংবিধানে এমন বহু স্থান রয়েছে, যেখানে সংসদকে আইন করার কথা বলা হয়েছে। কিন্তু ৪০ বছরেও তাতে হাত দেওয়া হয়নি। ভারতে আন্না হাজারের লোকপাল বিল নিয়ে যখন বহু হইচই হচ্ছে, তখন বাংলাদেশের ন্যায়পাল আইন বহাল থেকেও অকার্যকর।সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আইনের দিকে এবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিপিবি প্রভৃতি রাজনৈতিক দলের নজর পড়েছে। তাঁরা কিন্তু ভালোই জানেন যে, এ রকমের আইন তৈরির কথা পিএসসি ও মহাহিসাব নিরীক্ষকের ক্ষেত্রে যথাক্রমে ১৩৭ ও ১২৭ অনুচ্ছেদে লেখা আছে। বিচারপতি নিয়োগের কথা যেমন আছে ৯৫ অনুচ্ছেদে। কিন্তু সবই অচল। অথচ এ নিয়ে তাঁরা কোনো কথাই বলেন না। আমরা এটাও মনে রাখব, আইন থাকলেও তা তেমন কাজে না-ও আসতে পারে। বাংলাদেশে আমরা আইন বলতে সংসদে পাস করা ‘আইন’ যত সহজে বুঝতে পারি, সুপ্রিম কোর্টের তৈরি করা আইনও যে ‘আইন’, সেটা তত সহজে বুঝতে পারি না। অথচ আইন প্রণয়নের উৎস ব্রিটেনের মতোই শুধু পার্লামেন্ট নয়, উচ্চ আদালতও। বাংলাদেশের সংবিধানই লিখে দিয়েছে, সুপ্রিম কোর্টও আইন তৈরি করতে পারবে। আর সেই আইন সংসদে পাস করা আইনের চেয়ে কোনোমতেই কমজোরি নয়। উভয় আইনেরই সমান গুরুত্ব।কয়েক দিন আগে বিলিয়া সুপ্রিম কোর্টের নিয়োগে একটি গুরুত্বপূর্ণ নাগরিক মতবিনিময় সভার আয়োজন করেছিল। এই সভায় বিশিষ্ট নাগরিকেরা যথার্থই একটি পূর্ণাঙ্গ আইন তৈরি করার ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু বিচারক নিয়োগে এই সুপ্রিম কোর্ট এই আমলেই আইন তৈরি করেছে। কিন্তু তার লঙ্ঘন ঘটছে। যাঁরা আইন তৈরি করছেন তাঁরাই ভাঙছেন। সে কারণেই বাংলাদেশে দলীয় প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন ঝুঁকিপূর্ণ। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন বিপজ্জনক মানেই বিএনপির শর্তে বা যেমনটা ছিল, সেই মডেলের তত্ত্বাবাধায়ক সরকার অপরিহার্য নয়।এখানেও আমরা মনে রাখব, ওয়ান-ইলেভেনের পর আমরা যখন সুপ্রিম জুডিশিয়াল কমিশন পেয়েছিলাম, তখন খুবই প্রীতি বোধ করেছিলাম। ওই অধ্যাদেশও বিচারক নিয়োগে একটি বাছাই কমিটি উপহার দিয়েছিল। কিন্তু দেখার বিষয় দুটো। ওই বাছাই কমিটি তখনো সবচেয়ে যোগ্যতাসম্পন্ন ও মেধাবীদের বিচারক নিয়োগ করতে পারেননি। স্বজনপ্রীতির বিষ সেখানেও ঢুকেছিল। প্রশ্ন হলো, এখন আমরা কোথায় যাব? আইন থাকলেও যা, না থাকলেও তা। বাছাই কমিটির মাধ্যমে কোনো সংস্থার নীতিনির্ধারকেরা নিয়োগ পেলেই তাঁরা স্বাধীন হয়ে যাবেন, সেটা বাস্তবতা নয়। কিন্তু এটা ছাড়া চলাও যাবে না।আমাদের অবশ্যই একটি উপযুক্ত পদ্ধতিগত অবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সে কারণে বিএনপির উচিত হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার মূল কারণের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করা। এতে সন্দেহই নেই যে, নির্বাচনকালে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীর সাংবিধানিক অবস্থান ও ক্ষমতা অটুট রেখে তাঁর প্রভাবমুক্ত কোনো নির্বাচন কমিশনের কার্যক্রম কল্পনা করতে কষ্ট হয়।মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]