স্বাধীনতা সূর্যের আলোর মতো, বাতাসে অক্সিজেনের মতো, নদীর পানির মতো। তাদের কাছে সবাই সমান। যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু চায়, সে ততটুকু পায়। একটি জাতি যখন স্বাধীন হয়, তখন সেই স্বাধীনতা সবারই স্বাধীনতা: দলবিশেষের নয়, গোষ্ঠীবিশেষের নয়, বিশেষ মতাবলম্বীর নয়। অর্জিত হওয়ার পরে সেই স্বাধীনতা—যাঁরা তার জন্য সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাঁরাও ভোগ করেন; যাঁরা স্বাধীনতা পাওয়ার জন্য কিছুই করেননি, এমনকি স্বাধীনতার বিরোধিতা করেছেন, তাঁরাও দিব্যি স্বাধীনতার সুফল ভোগ করেন। সে জন্যই যেকোনো জাতির জীবনে স্বাধীনতার চেয়ে বড় ও মহৎ কিছু নেই। স্বাধীনতার বিকল্প শুধু স্বাধীনতাই।পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা প্রায় ২০০। বাংলাদেশ তার একটি। সব দেশের স্বাধীনতা অর্জনের পদ্ধতি এক রকম নয়। সশস্ত্র যুদ্ধ ছাড়া শুধু আন্দোলন ও আলোচনার মাধ্যমে অনেক দেশ স্বাধীন হয়েছে। কোনো কোনো দেশকে দিতে হয়েছে স্বাধীনতার জন্য চড়া দাম। সে রকম অল্পসংখ্যক দেশের অন্যতম বাংলাদেশ।পৃথিবীর বেশির ভাগ রাষ্ট্রের সঙ্গেই বাংলাদেশের তুলনা চলে না। কলম্বাসের আবিষ্কার করা দেশ হাইতি বা আইভরি কোস্টের সঙ্গে বাংলাদেশের তুলনা হয় না। ওগুলো ফরাসি উপনিবেশ ছিল, তা থেকে স্বাধীনতা পেয়েছে। সাবেক স্প্যানিশ উপনিবেশ জ্যামাইকার স্বাধীনতা অর্জনের ইতিহাসও আমাদের মতো রক্তাক্ত নয়। পর্তুগিজ কলোনি গিনি বিসাউ, ওলন্দাজ উপনিবেশ গায়ানা, ফরাসি কলোনি গিনি ও গ্যাবন কিংবা ব্রিটিশ কলোনি ঘানা বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেনি। ওসব রাষ্ট্রের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের মতো সমৃদ্ধ ও প্রাচীন নয়।৪১ বছর পরও যখন বেঁচে আছি, সুতরাং একাত্তরে শুধু বেঁচে ছিলাম না, বেঁচে গিয়েছিলাম। ৪২ বছরের বেশি বয়স্ক আজকের সব নাগরিকই সেদিন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। মানুষ বেঁচে থাকতে চায়। এ দেশের লাখ লাখ মানুষ একাত্তরে বেঁচে থাকতে চেয়েও বাঁচতে পারেনি। সেই নয় মাস পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা যা করেছে, তার সঙ্গে তুলনীয় শুধু নাৎসি বর্বরতা বা বসনিয়ার সারায়েভোর নারকীয়তা। কুড়ি শতকে পৃথিবীতে যতগুলো বীভৎস নরহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে, একাত্তরের বাংলাদেশ সেগুলোর একটি।একাত্তরে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, তা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, ভৌগোলিকভাবে বাংলাদেশ পাকিস্তানের বৃহত্তম অংশ থেকে বিচ্ছিন্ন হয়েই ছিল। স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবিতে দীর্ঘ আন্দোলনের সময় জনগণের মধ্যে একটি নতুন ধরনের রাষ্ট্র গঠনের চেতনার জন্ম হয়। সে রাষ্ট্র হবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না, যার অর্থনীতি হবে মোটামুটি সমাজতান্ত্রিক। সে রাষ্ট্রের সংস্কৃতি হবে তার নিজস্ব—যার ভিত্তি হবে হাজার বছরের সমন্বিত বাঙালি সংস্কৃতি। গণতন্ত্রের জন্য, অসাম্প্রদায়িক সমাজ ও সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে এ দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে এবং অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছে। একাত্তরে যে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন, তাঁদের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা আঙুলে গোনা যায়। ২৫ মার্চ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হলে যশোরে একজন এমএনএ পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন। সবাই আত্মগোপন করেন এবং নিজেদের নিরাপত্তার কথা ভেবে একা অথবা সপরিবারে সীমান্ত পার হয়ে চলে যান। এদিকে পাকিস্তানি বাহিনীর হাতে সাধারণ মানুষ মরতে থাকে কীটপতঙ্গের মতো নির্বিচারে। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী—সব শ্রেণীর মানুষকে ধরে ধরে হত্যা করা হয়। জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের কেউ কেউ পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতাও করেন। তাঁদের কয়েকজনকে আওয়ামী লীগ বহিষ্কার করে।যে বিষয়গুলো অর্জনের লক্ষ্যে মানুষ স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে জীবন দিল, তার লেশমাত্র আজ এই ভূখণ্ডে নেই। তা না থাকার কারণে স্বাধীনতার যে আনন্দ ও সুখ, তা-ও মানুষ উপভোগ করতে পারছে না। জনগণের রক্তে অর্জিত স্বাধীনতা, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের আনন্দ জনগণেরই উদ্যাপন করার কথা। শুধু শাসকশ্রেণীর নয়।একাত্তরের কর্মকাণ্ডে কৃত্রিমতার লেশমাত্র ছিল না। যে যা পেরেছে তা করেছে অন্তরের তাগিদে, কারও কোনো চাপে নয়। আজ আমরা গোষ্ঠীস্বার্থে সব ব্যাপারে একটি কৃত্রিম বাতাবরণ তৈরি করছি। সাফল্যের মাছকে আমরা ঢাকতে চাই ব্যর্থতার শাক দিয়ে। আধুনিক জীবনে সময় কম। কোনো উপলক্ষ উদ্যাপন একটি বিশেষ দিনে করলেই তা জমে ভালো। সবাই কাজকর্ম ফেলে তাতে যোগ দিতে পারে।যেকোনো উপলক্ষ উদ্যাপন হওয়ার কথা স্বতঃস্ফূর্ত। কোটি কোটি টাকা চাঁদা তুলে গলায় গামছা দিয়ে মানুষকে ধরে এনে উদ্যাপনে অংশগ্রহণ করায় আনন্দ নেই। তা ছাড়া কোনো উপলক্ষ মাসব্যাপী, দ্বিমাসিকভাবে বা ত্রৈমাসিকভাবে উদ্যাপনে জিনিসটির মাহাত্ম্য হারিয়ে যায়। শুধু একটা কৃত্রিম আনুষ্ঠানিকতা থাকে, অকৃত্রিম আনন্দটা থাকে না। মনে হয় আজ বাংলাদেশে মানুষ নেই, নেতারা আছেন। জনগণ নেই, শাসকশ্রেণী আছেন।সেই ডিসেম্বরের সঙ্গে এই ডিসেম্বরের কি আকাশ-পাতাল পার্থক্য! গণতন্ত্র ছিল আমাদের মন্ত্র। আজ গণতান্ত্রিক সংস্কৃতির লেশমাত্র নেই বাংলাদেশের রাজনীতিতে। বড় দলগুলো যা করছে, তা গণতান্ত্রিক দর্শনের একেবারেই বিপরীত জিনিস। ভিন্নমতকে সমর্থন না করেও মূল্য দেওয়াই গণতান্ত্রিক সংস্কৃতি। আমার মতকে বিরোধিতা করার পূর্ণ অধিকার দিতে হবে অন্যকে। গণতন্ত্রের বিপরীত জিনিসটি হলো স্বৈরতন্ত্র।সেই ডিসেম্বরে যা কল্পনাও করতে পারিনি, আজ তা-ই দেখছি রাস্তাঘাটে, অফিস-আদালতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও টিভি চ্যানেলের পর্দায়। আমরা যে যে ধর্মের অনুসারীই হই না কেন, তা আমাদের ব্যক্তিগত ও সম্প্রদায়ের ব্যাপার। ধর্ম রাষ্ট্রের বিষয় নয়। উগ্র ধর্মান্ধ রাজনীতি আজ প্রগতিশীল রাজনীতির সমান্তরাল শক্তিতে যেন দাঁড়িয়ে গেছে। ধর্মীয় উগ্রবাদীদের উল্লম্ফন দেখে বুকটা ভেঙে যায়। সমন্বিত সংস্কৃতির বাংলাদেশে এ কী মধ্যযুগীয় ধর্মান্ধ উন্মাদনা! সেই ডিসেম্বরে আমরা তো চেয়েছিলাম প্রগতি, ৫০০ বছর পেছনের সমাজে চলে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়নি।পাকিস্তানি আদর্শে যদি কারও বিশ্বাস থেকেই থাকে, তা থাকতে পারে। কারণ, মানুষের মনের ওপরে জোর চলে না। কিন্তু পাকিস্তানি হিংস্র সেনাবাহিনীর ভৃত্যের কাজ যারা করেছে, বাড়ি বাড়ি গিয়ে মানুষ ধরে হত্যা করেছে, যুবতী নারীকে তুলে দিয়েছে দখলদার বাহিনীর হাতে, জ্বালিয়ে দিয়েছে স্বাধীনতাকামী ও হিন্দুদের বাড়িঘর, ৪০ বছরে তারা বিপুলভাবে প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। তাদের প্রতিষ্ঠিত জনগণ করেনি, ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলোর নেতারাই করেছেন।জামায়াতে ইসলামীর মতো ভাগ্যবান দল পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। তারা পেল বাংলাদেশে শাসনক্ষমতার স্বাদ। যে মাওলানা মান্নানকে পত্রিকায় ছবিসহ বিজ্ঞাপন দিয়ে বাহাত্তরের জানুয়ারিতে আমরা খুঁজেছি, তাঁকে অভ্যর্থনা করে নিয়ে এসে জিয়াউর রহমান প্রতিমন্ত্রী বানালেন। সেটাও তাঁর উপযুক্ত পদ হলো না। জেনারেল এরশাদ তাঁকে বানালেন পূর্ণ মন্ত্রী। তাঁর পুত্র যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে চীন সফরে গেলেন, সেদিন শহীদ চক্ষুবিশেষজ্ঞ আলীম চৌধুরীর আত্মা রায়েরবাজার বধ্যভূমি থেকে আর্তনাদ করে উঠেছিল। বধ্যভূমি থেকে শহীদেরা আকাশে ওই বিমানের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন করেছিল। যেসব কর্মকর্তা প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকা তৈরি করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তাঁদের কিছুটা জানা উচিত।বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধের ইতিহাস আজ বিভ্রান্তি ও অসত্যের স্তূপের নিচে চাপা পড়ে গেছে। বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যার স্বাধীনতাসংগ্রামের অর্থাৎ জন্মবৃত্তান্তবিষয়ক অনেক সত্য সচেতনভাবে গোপন করা হয়েছে। বহু সত্য রয়েছে রহস্যাবৃত। কিছু সত্য এমন ভারী মিথ্যার পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, যা সরিয়ে কোনো দিনই সত্যের সন্ধান পাওয়া যাবে না। অথচ রাষ্ট্রের জন্মের ইতিহাসের সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার কোনো প্রয়োজনই ছিল না। ব্যক্তিস্বার্থে বা গোষ্ঠীস্বার্থে কিছু বিষয়ে দেওয়া হয়েছে গোঁজামিল। গোঁজামিল যাঁরা দেন, তারা তাৎক্ষণিক লাভবান হলেও শেষ পর্যন্ত উপকৃত হন না, বরং ক্ষতিগ্রস্তই হন।আমেরিকার সরকারের ৩০-৪০ বছর আগের কাগজপত্র অবমুক্ত করা হয়েছে। প্রথম আলোতে তার কিছু কিছু প্রকাশিত হচ্ছে। তাতে কিছু সত্য উদ্ঘাটিত হচ্ছে। তারা সুপারপাওয়ার। তারা কোনো সত্য বা কোনো মিথ্যাকেই ভয় পায় না। তাদের জাতির স্বার্থে গায়ের জোরে তারা যা খুশি তা-ই করতে পারে, কিন্তু গোঁজামিল জিনিসটি তারা পছন্দ করে না।নয় মাসের প্রবাসী সরকার কলকাতায় তাদের কার্যালয়ে অবশ্যই অনেক কাজ করেছে। ওই সরকারের কাগজপত্রগুলো সযত্নে রক্ষা করা ছিল তাদের অবশ্যকর্তব্য। তা থেকে বাংলাদেশের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার উপাদান পাওয়া যেত। কিন্তু সেই সব কাগজপত্র, রেকর্ডপত্র প্রভৃতি কোথায়? প্রবাসী সরকারের প্রশাসনে যাঁরা ছিলেন, ওই ডিসেম্বরেই তাঁদের অনেকের কাছে শুনেছি যে প্রবাসী সরকারের কাগজপত্র অনেকগুলো বড় লোহার ট্রাংকে নিয়ে আসার জন্য বাক্সবন্দী করা হয়েছিল। কিন্তু তা আসেনি। সেগুলো কোথায়? ভবিষ্যতে ইতিহাস লেখকেরা যখন জানতে চাইবেন প্রবাসী সরকারের দাপ্তরিক কাগজপত্র সম্পর্কে, তার জবাব দেওয়ার জন্য কাউকে পাওয়া যাবে না। সে জবাব শুধু সেই সরকারের লোকেরাই দিতে পারতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প থেকে হাসান হাফিজুর রহমান, মফিজুল্লাহ কবির প্রমুখ সেগুলোর অনুসন্ধান করেছিলেন। এদিক-ওদিক থেকে, বিশেষ করে ভারত সরকারের থেকে যেটুকু পেয়েছিলেন, তা তৃতীয় খণ্ডে সংকলিত হয়েছে। তা খুবই মামুলি। অত বড় কর্মযজ্ঞে থাকার কথা হাজার হাজার পৃষ্ঠার দলিলপত্র। কিছু দলিল ছিল নিশ্চয়ই অতি গোপনীয়, যা তাৎক্ষণিক প্রকাশের জিনিস নয়। ৩০-৪০ বছর পরে অবমুক্ত করলে ক্ষতি নেই। তাতে ক্ষতিগ্রস্ত হবে না কোনো নেতার ভাবমূর্তি।দূরদৃষ্টি নিয়ে জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে গুছিয়ে কাজ করার যোগ্যতা বা মানসিকতা ছিল না আমাদের নেতাদের। পাকিস্তানিদের প্রদর্শিত প্রথাগত পথের বাইরে নতুন কোনো পথ তাঁরা নির্মাণ করার প্রয়োজন মনে করেননি। যে জন্য স্বাধীনতা এসেছে, মানুষের মুক্তি আসেনি, জাতীয় চরিত্র গঠিত হয়নি।একটি দেশের স্বাধীনতা অর্জন তখনই সার্থক, যখন সেখানে সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন থাকে। স্বাধীনতা অর্থবহ হয় যখন ধনী-দরিদ্রের ভেতরকার অর্থনৈতিক বৈষম্য আকাশ-পাতাল থাকে না। চিরকালই স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দেন অল্প মানুষ। তাঁরা পরম শ্রদ্ধেয়। তাঁরা স্থান পান ইতিহাসে। তাঁদের পেছনে থাকে নানা দল, মত ও ধর্মের সব মানুষ। রাষ্ট্র যদি মানবিক হয়, তাহলে একদিন যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল বা স্বাধীনতাকে সন্দেহের চোখে দেখেছিল, তারাও স্বাধীনতার মূল্য বুঝতে পারে এবং তখন তারা সংহত জাতি গঠনে ভূমিকা রাখতে বাধ্য হয়। স্বাধীনতার সুবিধা যদি কোনো কোটারির মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন সাধারণ মানুষ স্বাধীনতা থেকে কিছু পায় না। তবু তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রস্তুত থাকে। কারণ, জনগণই জানে স্বাধীনতার বিকল্প শুধু স্বাধীনতাই—অর্থনৈতিক উন্নয়ন বা অন্য কিছু নয়।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।