স্বাধীনতার পরের ৪৫ বছরে বাংলাদেশ বিভিন্ন দিকেই অগ্রগতি করেছে। এ সময়ে দেশের মানুষের গড় আয়ু ২৪ বছর বাড়তে পারাও এক বিরাট অগ্রগতি। মূলত শিশুমৃত্যু প্রতিরোধে সফলতাই গড় আয়ু বাড়ার অন্যতম কারণ হলেও, সাধারণভাবেই মানুষ আগের চেয়ে দীর্ঘায়ু হচ্ছে। এই সাফল্যের সঙ্গে কিছু রাষ্ট্রীয় ও সামাজিক দায়ও আপনাআপনিই যুক্ত হয়ে যায়। বিশেষ করে দেশের প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাবৃদ্ধি তাদের জন্য উপযুক্ত সেবা পরিকাঠামো সৃষ্টির চাহিদা সৃষ্টি করেছে। এই চাহিদা পূরণ করাই এ বিষয়ে আজকের চ্যালেঞ্জ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়নে দেখা যায়, ১৯৭১ সালে যেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর, সেখানে ২০১৬ সালে তা হয়েছে ৭১ বছর। এই মধ্যবর্তী সময়ে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এতে মানুষের পুষ্টি ও স্বাস্থ্যসেবা পাওয়ার মাত্রাও বেড়েছে। পাশাপাশি রাষ্ট্র স্বাস্থ্য খাতে গুরুত্বসহকারে যে বিনিয়োগ করেছে, এই সুফল তারও অবদান। এখনকার প্রশ্ন হলো, বেশি সময় বেঁচে থাকা প্রবীণ জনগোষ্ঠী তাদের প্রয়োজনীয় সেবাগুলো পাচ্ছে কি না এবং তা সুলভ করতে হলে রাষ্ট্রকে কী কী করতে হবে?
গড় আয়ুর হিসাবের সঙ্গে জড়িত স্বাস্থ্য, সামাজিক সেবা ও পেনশন বা অবসরকালীন ভাতার পরিকল্পনা প্রণয়নের কাজ। দেখা গেছে, যেসব দেশ শিক্ষা-কাজ-অবসর পরিকল্পনা সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত করেছে এবং স্বাস্থ্য ও সামাজিক খাতে ব্যয় বাড়িয়েছে, সেসব দেশের মানুষেরই গড় আয়ু বেড়েছে। এর অর্থ হলো, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও অবসর-পরবর্তী সুবিধাগুলোর আওতা আরও প্রসারিত করতে হবে। রাষ্ট্রীয় নীতি ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণের সময় প্রবীণ জনগোষ্ঠীর চাহিদার কথা মাথায় রাখতে হবে। নগর ও গ্রামে যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা কর্মসূচিগুলোকে প্রবীণবান্ধব করা দরকার। বলাবাহুল্য, এই ব্যাপারে বাংলাদেশ এখনো মধ্যম আয়ের দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।
যৌথ পরিবারহীন প্রবীণ নাগরিকদের জন্যও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সরকারের পাশাপাশি সমাজের সদস্যদেরও দরদি হওয়া প্রয়োজন।