স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া উপজেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে ১০টি ইউনিয়ন নিয়ে তারাকান্দা উপজেলার স্বাস্থ্য কার্যক্রম শুরু হয়। এখানে বাসিন্দার সংখ্যা তিন লাখেরও বেশি। অথচ চার বছরেও এখানে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলার কথা কারও মাথায় আসেনি! সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই উপজেলার কথা জানে না? কী অদ্ভুত কথা!

প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, উপজেলায় দুটি উপস্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেগুলোর পরিস্থিতি খুবই নাজুক। চিকিৎসক নেই আট মাস ধরে। এই দুই স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসা কর্মকর্তা উচ্চতর শিক্ষার জন্য গত ফেব্রুয়ারি মাস থেকে তিন বছরের জন্য ছুটি নিয়েছেন। এর একটিতে গত সপ্তাহে চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দিলেও তিনি প্রেষণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। চিকিৎসা কর্মকর্তা না থাকায় উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাদের দিয়ে চলছে উপস্বাস্থ্যকেন্দ্রগুলো। এ ছাড়া এ দুটি উপস্বাস্থ্যকেন্দ্রে ওষুধ অপ্রতুল। জ্বর, সর্দির ওষুধ ছাড়া আর কোনো ওষুধ পাওয়া যায় না। রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। বোঝাই যাচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে কী দুর্ভোগই না পোহাতে হচ্ছে এ উপজেলার বাসিন্দাদের।

আমাদের প্রশ্ন হচ্ছে, চার বছরেও একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে না ওঠার পেছনে কারণ কী? তারাকান্দার প্রতি এই অবহেলা আর কত দিন চলবে? আমরা অবিলম্বে এ ব্যাপারে উদ্যোগ দেখতে চাই এবং এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তবে শুধু স্বাস্থ্য কমপ্লেক্স নয়, সেখানে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের বিষয়টিও নিশ্চিত করতে হবে।