দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে স্বাস্থ্য খাতের জনবল সবচেয়ে কম থাকার তথ্যটি একই সঙ্গে হতাশা ও উদ্বেগের বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যেখানে ১০ হাজার মানুষের জন্য ২২ দশমিক ৮ জন স্বাস্থ্যকর্মী দরকার, সেখানে বাংলাদেশে আছেন মাত্র ৫ দশমিক ৮ জন।
গত রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তৈরি করা ‘বাংলাদেশ স্বাস্থ্য জনবল কৌশলপত্র ২০১৫’-তে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য খাতের জনবল হচ্ছে সাড়ে ৩ লাখ। প্রায় ১৬ কোটি জনগণের জন্য সংখ্যাটি দেশের স্বাস্থ্য খাতের করুণ দশাকেই তুলে ধরছে। এই জনবল দিয়ে দেশের মানুষের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা অসম্ভব। গ্রামাঞ্চলের এবং দরিদ্র জনগণই এই পরিস্থিতির মূল শিকার। বাংলাদেশের প্রায় সবকিছুই ঢাকা ও শহরকেন্দ্রিক। সব পেশার লোকজনের মতো চিকিৎসকসহ স্বাস্থ্য খাতের লোকজনও স্থানীয় পর্যায়ের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে অনাগ্রহী থাকেন।
দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এই খাতে জনবল বাড়ানোর বিকল্প নেই। এ জন্য একটি সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। দেশের সামগ্রিক জনগোষ্ঠী ও গ্রাম–শহর বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর চাহিদা নির্ধারণ ও সে অনুযায়ী নিয়োগ–প্রক্রিয়া শুরু করতে হবে। চিকিৎসকের পাশাপাশি নার্স, মিডওয়াইফসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে।
রাতারাতি এই পরিস্থিতি পাল্টানো যাবে না, কিন্তু চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনা করে উদ্যোগ নিলে পর্যায়ক্রমে এর সুফল পাওয়া যাবে। যেমন বর্তমানে সরকারি নার্সিং ইনস্টিটিউট আছে ৪৩টি এবং বেসরকারি পর্যায়ে আছে ৩৯টি। দেশের বর্তমান চাহিদা পূরণের জন্য এই প্রতিষ্ঠানগুলো যথেষ্ট নয়। ফলে সব পর্যায়েই নার্সিং ইনস্টিটিউটের সংখ্যা বাড়াতে হবে। নার্স ও মিডওয়াইফদের শিক্ষা যাতে মানসম্মত হয়, তার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক ও নার্স নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা। এসব দিকেও নজর দিতে হবে।