স্বাস্থ্য খাতের গোড়ায় গলদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নতি ধরে রাখাই উন্নত থাকার প্রধান শর্ত। বাংলাদেশের চিকিৎসাসেবার ক্ষেত্র অতীতের তুলনায় উন্নত হলেও তা ধরে রাখার ব্যর্থতাই এখন মাথাব্যথার বিষয়। দেশের ৭৪ শতাংশ চিকিৎসাকেন্দ্রেই মৌলিক চিকিৎসা সরঞ্জাম নেই বলে জানিয়েছে সরকারেরই করা একটি জরিপ। যে গরজের বশে জরিপ পরিচালিত হয়েছে, সেই একই নিষ্ঠা থেকে সমস্যার সমাধান করা দরকার।
যখন দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির কথা বলা হয়, তখন তুলনা করা হয় ভারতের কিংবা আফ্রিকার কোনো দেশের। অথচ বাংলাদেশে স্বাস্থ্য খাতে ব্যয় যত, সেবার মান ততটা উন্নত নয়। সরকারি হাসপাতালগুলোর জন্য কোটি কোটি টাকা ব্যয়ে উন্নত সরঞ্জাম কেনা হলেও গ্রামাঞ্চলে দেখা যায় হাসপাতাল বা ক্লিনিকে বিদ্যুৎ-সুবিধাই ঠিকমতো নেই। প্রথম আলোয় মঙ্গলবারে প্রকাশিত প্রতিবেদনে যে মৌলিক সরঞ্জামের ঘাটতির কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে ওজন মাপার যন্ত্র, স্টেথোসকোপ ও থার্মোমিটারের মতো প্রাথমিক রোগনির্ণয় যন্ত্র। সরকারি জরিপই বলছে ৭৪ শতাংশ চিকিৎসাকেন্দ্রেই মৌলিক সরঞ্জামের অভাব, বলছে ৮৫ শতাংশ প্রতিষ্ঠানে চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেই; এটা চলতে দেওয়া যায় না।
সরকারের সন্তুষ্টি হলো স্বাস্থ্য অবকাঠামো তথা স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল নির্মাণের সাফল্য। কিন্তু সেগুলোতে ভালো চিকিৎসা পাওয়ার প্রথম শর্ত হলো মৌলিক সরঞ্জামগুলো থাকা। দ্বিতীয়ত আসবে সেবার মান। চিকিৎসক ও সেবাকর্মীদের অধিকাংশই দায়সারাভাবে রোগীদের সামলান। চিকিৎসাব্যয়ের দিকে তাকালেও দেখা যাবে, উন্নত সেবা এমনকি মধ্যবিত্তেরও অনেকের আওতার বাইরের বিষয়।
দুর্নীতির কারণেও ব্যবস্থা ও জোগান থাকা সত্ত্বেও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা-যোগ্যতা কমে যায়। এখানে হাত দিতে হবে। নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর ঘাটতি মেটাতেই হবে। অর্থের অপচয় রোধ এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে অচিরেই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব।
সরকারের করা জরিপ থেকে সরকারই শিক্ষা নেবে এবং প্রতিকার করবে—এটাই প্রত্যাশা।