স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশীদ আলম শুক্রবার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে টিকা কার্যক্রম গতিশীল করা, গ্রামপর্যায়ে টিকা কর্মসূচি সহজ করা এবং টিকা গ্রহণকারীর বয়সসীমা ১৮ করা নিয়ে সরকারের ভাবনা ও আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর এসব ভাবনা ও আশাবাদ ইতিবাচক ধরে নিয়েও কিছু প্রশ্ন করা জরুরি বলে মনে করি।
প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলে আসছিলেন, যাঁদের বয়স ১৮ বছর কিংবা তার বেশি, তাঁদের প্রত্যেককে টিকা কর্মসূচির আওতায় আনতে হবে। কিন্তু সরকার প্রথমে সিদ্ধান্ত নিল পঞ্চাশোর্ধ্ব নাগরিকেরাই টিকা নিতে পারবেন। এরপর বয়স কমিয়ে যথাক্রমে ৪০, ৩৫ ও ৩০ বছর করার কথা বলা হলো। এখন স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ১৮ বছর করা যায় কি না, তিনি সেটি পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন।
পৃথিবীর প্রায় সব দেশই পূর্ণবয়স্ক সব নাগরিক যাতে দ্রুত টিকা কর্মসূচির আওতায় আসে, সেই লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। করোনা সংক্রমণের প্রকোপ বাড়লে ভারত দিনে ৭০ থেকে ৮০ লাখ ডোজ পর্যন্ত টিকা দিয়েছে। এখনো সেই কর্মসূচি অব্যাহত আছে। আর আমরা হাঁটছি অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। কেবল টিকা নয়, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যসেবাকর্মীর যেমন অভাব আছে, কেমন আছে অবকাঠামোগত সমস্যা। শয্যা আছে তো আইসিইউ নেই। আইসিইউ আছে তো অক্সিজেন নেই। সব মিলিয়ে স্বাস্থ্য খাতেরই চিকিৎসা প্রয়োজন হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী যখন বলেন জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনতে হবে, তখন ধরে নেওয়া যায় ১৮ বছর এবং তদূর্ধ্ব সব নাগরিক টিকা পাবেন। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি হলে ১৩ কোটি ৩০ লাখ মানুষ টিকা পাওয়ার অধিকারী। প্রতিজন দুই ডোজ করে টিকা নিলে ২৬ কোটি ৬০ লাখ ডোজ টিকা দিতে হবে। আমরা সংগ্রহ করতে পেরেছি দুই কোটি ডোজ বা তার কিছু বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালের রোগীদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, যাঁদের শারীরিক অবস্থা গুরুতর, তাঁদের কেউ টিকা নেননি। এর জন্য দায়ী কে? টিকা গ্রহণে প্রথমে কারও কারও অনীহা থাকলেও এখন সবাই টিকা নিতে আগ্রহী। এ কারণে নিবন্ধনের জন্য ভিড় লক্ষ করা যায়। যদিও সরকার প্রয়োজনমাফিক টিকা সরবরাহ করতে পারছে না এখন পর্যন্ত।
মহাপরিচালক বলেছেন, অক্সিজেনের অভাব নেই। ভারত থেকেও অক্সিজেন আসছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও কেন আমরা অক্সিজেন উৎপাদন করতে পারলাম না, সেই প্রশ্নের উত্তর কি স্বাস্থ্য বিভাগের কর্তাব্যক্তিরা দিতে পারবেন? স্বাস্থ্যসেবার প্রায় সবকিছু আমদানি করে কোনো দেশ স্বনির্ভর স্বাস্থ্য খাত তৈরি করতে পারে না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কথা শুনে মনে হবে স্বাস্থ্য খাতের সবকিছুই ঠিকঠাকমতো চলে আসছিল। করোনা এসেই এলোমেলো করে দিয়েছে। প্রকৃত ঘটনা হলো স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এ খাতে কখনো আমরা মিঠু সিন্ডিকেটের দৌরাত্ম্য দেখি। কখনো সাহেদ-সাবরিনা চক্রের নিয়ন্ত্রণ। তঁাদের কেউ বিদেশে, কেউ জেলে থাকলেও স্বাস্থ্য খাতে যে তঁাদের অশরীরী উপস্থিতি নেই, এ কথা জোর দিয়ে বলা যাবে না।