যন্ত্রের স্থানে যন্ত্র আছে—অর্থাৎ বাক্সবন্দী হয়ে, কিন্তু বখরা ঠিকই ভাগাভাগি হয়ে চলে গেছে বিভিন্ন পকেটে। শুক্রবারের প্রথম আলোর সংবাদ থেকে জানা যাচ্ছে, দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮৫টি মূল্যবান যন্ত্র অবহেলায় পড়ে আছে। কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় এগুলো কিনে পাঠালেও আর খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি। এমনকি এগুলোর আদৌ প্রয়োজন আছে কি না, সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। তাহলে এগুলো কেনা হলো কার দরকারে?কোথাও বড় জেনারেটর, কোথাও অ্যানেসথেসিয়া মেশিন, কোথাও দাঁত চিকিৎসার চেয়ার, কোথাও এক্স-রে মেশিন অবহেলায় পড়ে আছে। অব্যবহূত থাকতে থাকতে এগুলোর বড় একটি অংশ নষ্টও হয়ে গেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে এগুলো পাঠানো হলেও, লোকবল ও অন্যান্য অবকাঠামো আছে কি না, তার খোঁজ নেওয়া হয়নি। এমনকি বেশির ভাগ ক্ষেত্রে হাসপাতালগুলোর পক্ষ থেকে এগুলোর চাহিদাও জানানো হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে অতি উৎসাহী হয়ে ইচ্ছামতো যন্ত্র ও সরঞ্জাম কিনেছে এবং সেগুলো চাপিয়ে দিয়েছে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে। এভাবে কেনা যন্ত্রপাতিগুলোর ৬৫ শতাংশই বর্তমান সরকারের মেয়াদে কেনা বিধায় এর দায়দায়িত্ব বর্তমান স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর ওপরই বর্তায়। অভিযোগ রয়েছে, একশ্রেণীর ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার যন্ত্র কেনার ব্যবস্থা করেন। বিনিময়ে ঠিকাদার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্তারা কমিশন পান। এভাবে জনগণের করের অর্থ জলাঞ্জলি যায়, কিন্তু জনগণের প্রাপ্য স্বাস্থ্যসেবার মান বাড়ে না। একদিকে সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থার ঘাটতি, অন্যদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলে রমরমা ব্যবসা। অথচ, সরকারিভাবেই প্রয়োজনীয় যন্ত্র কেনায় খরচ ঠিকই হয়ে যাচ্ছে। স্বাস্থ্য প্রশাসনে বিপুল পরিমাণ দুর্নীতির একটি চিত্র তুলে ধরে এই অকেজো ও অব্যবহূত যন্ত্রগুলো। এ বিষয়ে যথাযথ তদন্ত করলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ পাওয়া যেতে পারে। কিন্তু কে সেটা করবে?স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির সীমা-পরিসীমা নেই। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম কেনা—সর্বত্রই দুর্নীতিবাজদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। বর্তমান সরকারের শুরুতে স্বাস্থ্যসেবায় দুর্নীতি কিছুটা কম মালুম হলেও হালে সেটি ম্যালথাসের সূত্র অনুযায়ী গুণীতক হারে বেড়ে গেছে। এই মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর একজন স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা আছেন। আমাদের জিজ্ঞাসা—তাঁরা কী মন্ত্রণা ও উপদেশ দিচ্ছেন, যাতে মন্ত্রণালয়টির অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে?সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থা বেড়ে যাওয়ার কারণ—দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া। দেশবাসী দেখতে চায়, যাঁদের কারণে হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে জনগণের বিপুল অঙ্কের অর্থ অপচয় হলো, তাঁদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় বুঝতে হবে সর্ষের ভেতরেই ভূত আছে।