করোনা মহামারির ধাক্কায় আমাদের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার যে স্বরূপ বেরিয়ে পড়েছে, তৃণমূল পর্যায়ে তার একটি উৎকৃষ্ট নমুনা হতে পারে নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের নারায়ণপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র। পরিত্যক্তঘোষিত একটি ভুতুড়ে ভবনে বছরের পর বছর ধরে চলছে সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম। দেয়াল ভেঙে গেছে, উধাও দরজা-জানালা, এবড়োখেবড়ো মেঝে, জমে আছে পলেস্তারার স্তূপ, নেই পর্যাপ্ত আসবাব—এ হচ্ছে দেশের একটি স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা।
বড় বড় দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে আলোচিত স্বাস্থ্য খাত। এর মধ্যে রাজধানী থেকে এত দূরে ছোট একটি স্বাস্থ্যকেন্দ্র আমাদের মনোযোগ এড়ায় না। সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে যাবে কী, সেটি নিজেই একটি মরণফাঁদে পরিণত হয়েছে। ভবনের ছাদ থেকে শুরু করে দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা করছেন চিকিৎসক ও রোগীরা। ফলে করোনা মহামারির মধ্যে ব্যাহত হচ্ছে অন্যান্য স্বাস্থ্যসেবা।
প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রানীনগর উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আশির দশকে নারায়ণপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়। এরপর থেকে কেন্দ্রটিতে আর কোনো সংস্কার করা হয়নি। প্রায় পাঁচ বছর আগে এই কেন্দ্রের ভবন পরিত্যক্ত ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ। এলাকার মানুষ জরুরি চিকিৎসাসেবা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে পান। কিন্তু বর্তমানে এর যে করুণ দশা, তাতে কেন্দ্রে যেতেই ভয় কাজ করে তাঁদের। ছাদের পলেস্তারা খসে সেবাগ্রহীতার মাথায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া উপস্বাস্থ্যকেন্দ্র এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রাতেও। কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় রাতে সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। দিনের বেলায় স্থানীয় লোকজন গবাদিপশু চরান কেন্দ্রের আশপাশে।
কেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাতে হচ্ছে। কখন যে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই। তবু এ অঞ্চলের মানুষের মধ্যে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’ রানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এইচ এম ইফতেখারুল আলম বলেন, ‘কোনো উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। বেশ কয়েকবার কেন্দ্রের করুণ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হলেও ফল পাওয়া যায়নি।’
বোঝাই যাচ্ছে, যথাযথ পদক্ষেপ ও সদিচ্ছার অভাবে দীর্ঘদিন ধরে নারায়ণপাড়া উপস্বাস্থ্যকেন্দ্রের এ হাল। মহামারির মধ্যে সাধারণ মানুষের অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটির ‘স্বাস্থ্য’ ঠিক করা জরুরি। এতে সাধারণ কোনো স্বাস্থ্যসেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে। কোনো দুর্ঘটনা ঘটার আগে প্রয়োজন দ্রুত পদক্ষেপ গ্রহণ। আমরা এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।