স্যানিটেশনে বাংলাদেশের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সালে বাংলাদেশের ৩৩ শতাংশ মানুষের অভ্যাস ছিল খোলা জায়গায় মল ত্যাগ করা। মাত্র ১৫ বছরের মধ্যে তাদের সংখ্যা কমে গিয়ে ১ শতাংশে নেমেছে। আগামী বছরের শুরুতেই ঘোষণা করা হবে, বাংলাদেশ সেই সব দেশের তালিকাভুক্ত হলো, যেখানে মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে না, ল্যাট্রিন ব্যবহার করে।
সন্দেহ নেই, স্যানিটেশনের ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের এমন সাফল্য অর্জন অত্যন্ত ইতিবাচক। সরকারি-বেসরকারি উদ্যোগে পরিচালিত ‘কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন’ (সিএলটিএস) কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তবে ‘টোটাল স্যানিটেশন’ বা মনুষ্যবর্জ্যের পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হলে আরও অনেক কাজ করতে হবে। সে জন্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজন হবে।
প্রথম বিবেচ্য বিষয় হলো, গ্রাম ও মফস্বল অঞ্চলগুলোতে এখন যেসব ল্যাট্রিনে মানুষ মল ত্যাগ করে, সেগুলো অনুন্নত, অস্বাস্থ্যকর এবং কোনো পয়োনিষ্কাশন-ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়। গ্রামাঞ্চলের ল্যাট্রিনগুলো অল্প দিনের মধ্যেই মনুষ্যবর্জ্যে ভরে যায়। স্বাস্থ্য ও পরিবেশসম্মত উপায়ে সেসব বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেগুলো খোলা জায়গায় কিংবা নদী-জলাশয়ে ফেলা হলে চূড়ান্ত অর্থে ল্যাট্রিন ব্যবহারের কোনো অর্থ থাকে না। কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলে তা-ই করা হচ্ছে। মনুষ্যবর্জ্য ব্যবস্থাপনার এই সমস্যাটি বেশ জটিল; আপাতত এর কোনো সহজ সমাধান নেই। ল্যাট্রিনের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা শুধু গ্রামাঞ্চলে নয়, মফস্বল শহর, এমনকি পৌর এলাকাগুলোতেও বেশ প্রকট। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ সমস্যা আরও প্রকট হয়ে উঠছে।
খোলা জায়গায় মলমূত্র ত্যাগ সম্পূর্ণভাবে বন্ধ করার মধ্য দিয়ে আমরা স্যানিটেশনের ক্ষেত্রে অগ্রগতির প্রাথমিক ধাপ অতিক্রম করতে যাচ্ছি। এর পরের ধাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মনুষ্যবর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা। এ জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। মনুষ্যবর্জ্য দিয়ে বায়োগ্যাস, সার ইত্যাদি উৎপাদনের উদ্যোগ নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জনসাধারণের সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক উদ্যোগও বিশেষভাবে প্রয়োজন।