সড়ক ও সেতুমন্ত্রী কী করছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিয়ে ‘মৃত্যুর মিছিল থামছে না’ শিরোনামে প্রথম আলো নিয়মিত যে প্রতিবেদনটি প্রকাশ করছে, তার উদ্দেশ্য মৃত্যুর সংখ্যা দেখিয়ে জনমনে ভয় পাইয়ে দেওয়া নয়; বরং এর মাধ্যমে সরকারের নীতিনির্ধারক, সড়ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তি তথা চালক, পরিবহনকর্মী ও যাত্রীসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো।
প্রথম আলোর খবর অনুযায়ী, গেল শনিবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৪৪ দিনে ৪০০ মানুষের জীবন গেছে। এরপর রোববার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও ১৩ জন নিহত হওয়ার খবর এসেছে। সে ক্ষেত্রে ৪৫ দিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১৩।
সার্বিকভাবেই আমাদের সড়ক ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। সড়কগুলো আঁকাবাঁকা, অধিকাংশ যানবাহন ত্রুটিপূর্ণ, চালকেরা অদক্ষ ও অপ্রশিক্ষিত। তাঁদের মজুরি কম, ছুটিছাটা আরও কম। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের ওপর যে নিবিড় তদারকি প্রয়োজন, সেটারই মারাত্মক ঘাটতি রয়েছে। সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমিয়ে আনতে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রয়োজন।
আগে দেখা যেত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিভিন্ন সড়ক পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা নির্দেশ দিতেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে সড়কের শৃঙ্খলার চেয়ে তিনি দলের শৃঙ্খলা রক্ষায় বেশি ব্যস্ত বলে মনে হচ্ছে। তাহলে কি সড়কে মানুষের এই মৃত্যুর মিছিল চলতেই থাকবে?
কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশেই সেটি হতে পারে না। পৃথিবীর সব দেশেই কমবেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সেসব দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হয়। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করলেই সড়ক অচল করে দেওয়া হয়। আবার সেই সড়ক বন্ধ করার পেছনে সরকারের মন্ত্রীরাও তৎপর থাকেন। অদ্ভুত এই আমাদের দেশ।
এই যে যন্ত্রদানব অথবা চালকের বেপরোয়া গতি ৪৫ দিনে ৪১৩ জন মানুষের (প্রকৃত সংখ্যা আরও বেশি) জীবন কেড়ে নিল, তা কেবল ওই পরিবারগুলোর ক্ষতি নয়, এটি জাতীয় ক্ষতি ধরে নিয়েই দুর্ঘটনা রোধে সর্বাত্মক প্রয়াস নিতে হবে। আসুন, আমরা সবাই মিলে সড়কে এই মৃত্যুর মিছিল বন্ধ করি।